অ্যাডভোকেট মাহমুদুল্লাহ নিয়াজী
জেলা ও দায়রা জজ আদালত, বরিশাল
ষোলো সপ্তাহে দ্য অনিকেট বুলেটিনের আইন ও স্থানীয় সরকার বিভাগে প্রকাশিত হয়েছে ২৭টি প্রবন্ধ। সম্মিলিতভাবে এসব লেখা বাংলাদেশের আইন, বিচার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর একটি বিস্তৃত চিত্র তুলে ধরে। সংবিধানের মৌলিক ভিত্তি থেকে শুরু করে অধ্যাদেশ প্রণয়নের সূক্ষ্ম প্রক্রিয়া পর্যন্ত নানা বিষয় এতে স্থান পেয়েছে। বিচ্ছিন্ন কিছু লেখা হিসেবে নয়, বরং একটি সমন্বিত ধারাবাহিকতা হিসেবে পাঠ করলে বিভাগটির একটি সুস্পষ্ট সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি যেমন প্রতীয়মান হয়, তেমনি কিছু উল্লেখযোগ্য অসমতাও চোখে পড়ে, যেগুলো নিয়ে পর্যালোচনা প্রয়োজন।
বিষয়ভিত্তিক পরিসর
প্রকাশিত লেখাগুলোকে মোটামুটি আটটি প্রধান বিষয়ভাগে বিন্যস্ত করা যায়।
সবচেয়ে বড় অংশটি সংবিধান ও রাজনৈতিক শাসনব্যবস্থাকে ঘিরে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের জুলাই জাতীয় সনদ, সংসদীয় আচরণ ও সাংবিধানিক জবাবদিহি, জাতীয় সংসদে আইন প্রণয়নের ওপর নজরদারি দুর্বল হয়ে পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির পর্যবেক্ষণ এবং রাজনৈতিক সহিংসতা ও আইনের সম্পর্ক নিয়ে গত পাঁচ দশকের একটি পর্যালোচনা। পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদে সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন ক্রমশ সংকুচিত হওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
দ্বিতীয় বিষয়ভাগটি সম্ভবত সবচেয়ে বেশি নৈতিক ও সামাজিক প্রশ্নের মুখোমুখি করে। এখানে ফৌজদারি বিচারব্যবস্থা ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে আলোচনা করা হয়েছে। ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধে প্রস্তাবিত সংস্কার, যৌন নির্যাতনকে একটি কাঠামোগত সংকট হিসেবে বিশ্লেষণ, গণপিটুনির সামাজিক অভিঘাত, বাল্যবিবাহ নিরোধ আইনের বিতর্কিত ১৯ ধারা এবং দণ্ডবিধির ৪৯৭ ধারার অধীনে ব্যভিচার আইন সংস্কারের প্রশ্ন এই পরিসরের অন্তর্ভুক্ত।
তৃতীয় বিষয়ভাগটি মূলধারার বাংলাদেশি সংবাদমাধ্যমে তুলনামূলকভাবে বিরল। এখানে নৈতিকতা ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণকারী আইন সরাসরি আলোচনায় এসেছে। যৌনকর্মের ব্যবস্থাপনা নিয়ে দুটি প্রবন্ধ এবং মদ্যপান ও মদসংক্রান্ত আইন নিয়ে দুটি লেখা প্রকাশিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের আইন ও ব্যবস্থাপনার তুলনামূলক বিশ্লেষণও রয়েছে।
চতুর্থ বিষয়ভাগে রয়েছে ডিজিটাল ও সাইবার আইন। বিশেষভাবে উল্লেখযোগ্য সাইবার নিরাপত্তা আইন ২০২৬ নিয়ে দুই পর্বের সমালোচনামূলক বিশ্লেষণ। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের প্রেক্ষাপটে কপিরাইট আইন সংস্কারের সম্ভাবনা নিয়েও ভবিষ্যতমুখী আলোচনা করা হয়েছে।
পঞ্চম অংশে বিচার পাওয়ার সুযোগ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিচারব্যবস্থায় আদিবাসী জনগোষ্ঠীর প্রান্তিক অবস্থান, আইনগত সহায়তা অধ্যাদেশের সংশোধন এবং উচ্চ আদালতের ভার্চুয়াল কার্যক্রমে রূপান্তর এই পরিসরের উল্লেখযোগ্য বিষয়।
ষষ্ঠ বিষয়ভাগে সংরক্ষিত সংসদীয় আসনের মাধ্যমে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের মডেলের সঙ্গে বাংলাদেশের তুলনামূলক বিশ্লেষণও করা হয়েছে। সপ্তম অংশে শ্রম আইন এবং সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্বের প্রশ্ন উঠে এসেছে। অষ্টম এবং তুলনামূলকভাবে ছোট বিষয়ভাগে সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত সহিংসতার প্রসঙ্গ রয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবিকে ঘিরে প্রকাশিত লেখাটি এই আলোচনার প্রধান অংশ।
সম্পাদকীয় ভারসাম্যের মূল্যায়ন
তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ এবং দীর্ঘমেয়াদি নীতিগত চিন্তার মধ্যে বিভাগটি প্রশংসনীয় ভারসাম্য বজায় রেখেছে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে বিশ্লেষণ, স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন সংকুচিত হওয়ার প্রতিবেদন এবং সীমান্ত সহিংসতা নিয়ে প্রকাশিত লেখাগুলো সরাসরি চলমান ঘটনা ও আইন প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সাধারণ সংবাদমাধ্যম যেখানে এসব বিষয়ে অনেক সময় কেবল ঘটনাভিত্তিক প্রতিবেদনেই সীমাবদ্ধ থাকে, সেখানে এই লেখাগুলো পাঠককে চলমান আইনগত পরিবর্তন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও প্রেক্ষাপট দিয়েছে।
এর পাশাপাশি রয়েছে কাঠামোগত ও দীর্ঘমেয়াদি ভাবনার কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ। যৌনকর্ম ব্যবস্থাপনা ও নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে তুলনামূলক বিশ্লেষণ, কপিরাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা এবং রাজনৈতিক সহিংসতা ও আইনের সম্পর্ক নিয়ে গত পাঁচ দশকের পর্যালোচনা কোনো একটি নির্দিষ্ট সংবাদঘটনার মধ্যে আটকে নেই। বরং এসব লেখা পাঠককে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে ভাবতে উৎসাহিত করে।
তাৎক্ষণিক আইন প্রণয়ন ও পরিবর্তনের ওপর নজরদারির সঙ্গে তুলনামূলক ও ঐতিহাসিক বিশ্লেষণকে পাশাপাশি রাখার এই পদ্ধতিই দায়িত্বশীল নীতিনির্ভর সাংবাদিকতাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়াধর্মী মন্তব্য থেকে আলাদা করে। আইন ও স্থানীয় সরকার বিভাগ সেই দায়িত্বের বড় অংশই সফলভাবে পালন করেছে।
তবে ভারসাম্যের একটি জায়গায় কিছুটা ঝুঁকে পড়ার প্রবণতা রয়েছে। ফৌজদারি বিচার ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে প্রকাশিত লেখা মোট প্রকাশনার প্রায় এক-পঞ্চমাংশ। বিষয়গুলোর গুরুত্ব বিবেচনায় এমন সম্পাদকীয় অগ্রাধিকার অবশ্যই যুক্তিসঙ্গত। বিশেষ করে মাত্র ১৩ মাসে গণপিটুনিতে অন্তত ২২০ জনের মৃত্যু এবং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার এক শতাংশের নিচে থাকার মতো তথ্য পরিস্থিতির ভয়াবহতাকে স্পষ্ট করে।
তবে এর ফলে প্রশাসনিক ও প্রক্রিয়াগত আইন, কর ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং স্থানীয় সরকারের অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলনামূলকভাবে কম আলোচিত হয়েছে। স্থানীয় সরকারকে বিভাগটির অন্যতম প্রধান বিষয় হিসেবে বিবেচনা করলে এই ঘাটতি বিশেষভাবে লক্ষণীয়।
তথ্য ও প্রমাণের ব্যবহার
বেশ কয়েকটি প্রবন্ধের বিশেষত্ব হলো, সেগুলো সাধারণ মন্তব্য বা অনুমানের পর্যায়ে না থেকে সরাসরি আইনের ধারা এবং আইনগত প্রক্রিয়ার বিস্তারিত বিশ্লেষণে প্রবেশ করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওপর ভিত্তি করে প্রকাশিত প্রবন্ধে দেখানো হয়েছে, কীভাবে বিল সংসদীয় পর্যবেক্ষণ এড়িয়ে যেতে পারে। পরিপূরক কার্যসূচির অংশ হিসেবে বিল উত্থাপন এবং ভোটের আগে একই দিনে তা বিতরণের নির্দিষ্ট প্রক্রিয়াটিও সেখানে চিহ্নিত করা হয়েছে।
সাইবার নিরাপত্তা আইন নিয়ে ধারাবাহিক বিশ্লেষণে অপরাধ হিসেবে বিবেচিত কর্মকাণ্ডগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করা হয়েছে। আইনগত সহায়তা অধ্যাদেশ নিয়ে প্রকাশিত লেখাটি প্রাতিষ্ঠানিক সংস্কারের ইতিহাসকে ২০০০ সালের মূল আইন পর্যন্ত অনুসরণ করেছে।
আইনের নির্দিষ্ট ধারা, অধ্যাদেশের তারিখ, সংসদে আইন পাসের সময়কাল এবং নির্ভুল পরিসংখ্যান ব্যবহারের এই প্রবণতা বাংলাদেশের সংক্ষিপ্ত পরিসরের নীতিনির্ভর লেখালেখিতে এখনো বিরল। সাধারণত এমন লেখায় বিস্তৃত দাবি ও মতামতই বেশি দেখা যায়, আইনের মূল পাঠ ও প্রক্রিয়াগত বিশ্লেষণে এতটা গভীরে যাওয়া হয় না।
আইনজীবী, বিচারক, গবেষক ও নীতিনির্ধারকদের মতো পেশাজীবী পাঠকদের জন্য এই নির্ভুলতা বিভাগটির ব্যবহারিক গুরুত্বও বাড়িয়েছে। ফলে সাধারণ সচেতনতা তৈরির বাইরেও লেখাগুলো নীতিগত আলোচনার কার্যকর উপকরণ হয়ে উঠেছে।
সামনের দিনের ভাবনা
ভবিষ্যতে এই বিভাগে চলমান সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া নিয়ে ধারাবাহিক ও গভীরতর আলোচনা প্রয়োজন। জুলাই জাতীয় সনদ নিয়ে প্রকাশিত লেখার পর সংবিধান সংস্কার কমিশনের সুনির্দিষ্ট সুপারিশগুলো কীভাবে বাস্তবায়নের দিকে এগোচ্ছে, সে বিষয়ে নিয়মিত অনুসরণমূলক প্রতিবেদন প্রকাশ করা যেতে পারে।
স্থানীয় সরকারের অর্থায়ন ও রাজস্ব আদায়ের স্বায়ত্তশাসন নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি পরিবেশ ও ভূমি আইন, বিশেষ করে চরাঞ্চল এবং নদীভাঙনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ, যা দেশের বিপুলসংখ্যক মানুষকে প্রভাবিত করে, তা নিয়েও বিস্তৃত আইনগত বিশ্লেষন জরুরি। আদালত অবমাননা, বিচারিক জবাবদিহির কাঠামো এবং সম্প্রতি সংশোধিত শ্রম আইনের বাস্তব প্রয়োগ ও কার্যকারিতা নিয়েও ধারাবাহিক অনুসন্ধান বিভাগটিকে আরও সমৃদ্ধ করতে পারে।
উচ্চ আদালতের ভার্চুয়াল কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েও একটি অনুসরণমূলক বিশ্লেষণ প্রয়োজন। এই ব্যবস্থার ফলে মামলার জট কতটা কমেছে, বিচারপ্রক্রিয়ার গতি কতটা বেড়েছে এবং বাস্তবে এর প্রভাব কী, তা পরিমাপ করা গেলে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পরীক্ষার ফলাফলও স্পষ্ট হবে।
সব মিলিয়ে, দ্য অনিকেট বুলেটিনের আইন ও স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশের আইন, বিচার ও প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে একটি বিস্তৃত এবং চিন্তাশীল আলোচনা গড়ে তুলেছে। তাৎক্ষণিক আইনগত পরিবর্তনের অনুসরণ, ঐতিহাসিক পর্যালোচনা এবং তুলনামূলক নীতিবিশ্লেষণকে একসঙ্গে ধরে রাখার কারণে বিভাগটি শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং দেশের আইন ও শাসনব্যবস্থা নিয়ে আরও গভীর জনআলোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে।
