মোঃ শাওকাত ওয়াসিত
স্টুডেন্ট
বাংলাদেশের পোল্ট্রি শিল্প দেশের কৃষিভিত্তিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রে এই শিল্পের অবদান অনস্বীকার্য। বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষের কর্মসংস্থান এবং প্রায় ১০ লাখ উদ্যোক্তার জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। বছরে প্রায় ২,৩০০ কোটি ডিম এবং প্রায় ১৪ লাখ ৬০ হাজার টন মুরগির মাংস উৎপাদনের মাধ্যমে দেশের প্রাণিজ খাদ্যের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে পোল্ট্রি শিল্প। বাণিজ্যিক খামারের সংখ্যা ও উৎপাদন প্রতিবছর প্রায় ১৫ শতাংশ হারে বৃদ্ধি পেলেও এই প্রবৃদ্ধির ভিত এখনও নানামুখী ঝুঁকির মধ্যে রয়েছে। দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই শিল্প হিসেবে গড়ে তুলতে হলে কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।
বর্তমান সময়ে এই পোল্ট্রি শিল্পের অবস্থা, এই খাতের সঙ্কট এবং সংকট মোকাবেলায় কী কী করণীয় এসব বিষয়গুলো একটি বিশ্লেষণধর্মী আলোচনা তুলে ধরার চেষ্টা করছি।
আমদানি নির্ভর খাদ্য উপকরণ ও উৎপাদন ব্যয়ের চাপ
বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা হলো খাদ্য উপাদানের জন্য বিদেশের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা। বিশেষ করে ভুট্টা ও সয়াবিন মিলের বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এই সংকটকে আরও তীব্র করেছে। ফলে অনেক সময় উৎপাদন ব্যয় বাজারমূল্যের চেয়ে বেশি হয়ে যায়। এক পর্যায়ে ব্রয়লার মুরগির উৎপাদন ব্যয় প্রতি কেজি প্রায় ১৬০ টাকায় পৌঁছালেও খামারিদের বিক্রি করতে হয়েছে প্রায় ১৩০ টাকায়, যার ফলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।
এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশীয় পর্যায়ে ভুট্টা ও সয়াবিন উৎপাদন বৃদ্ধি, বিকল্প প্রোটিন উৎস যেমন ইনসেক্ট মিল ও এককোষী প্রোটিনের ব্যবহার এবং স্থানীয় উপযোগী স্বল্প ব্যয়ের খাদ্য প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা ও বিনিয়োগ বাড়ানো জরুরি।
জলবায়ু পরিবর্তন: পোল্ট্রি শিল্পের নতুন চ্যালেঞ্জ
বাংলাদেশের পোল্ট্রি শিল্প জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের অন্যতম শিকার। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপপ্রবাহে বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির মৃত্যুহার প্রায় ১০ শতাংশ এবং লেয়ার মুরগির মৃত্যুহার প্রায় ৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। একই সঙ্গে ডিম উৎপাদন ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ২০২৫ সালের এপ্রিল ও মে মাসের তাপপ্রবাহে খামারিদের প্রায় ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের ক্ষতির খবর পাওয়া যায়।
দেশের প্রায় ৮০ শতাংশ ডিম ও মাংস উৎপাদনকারী ক্ষুদ্র খামারিরা আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত অবকাঠামো কিংবা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা গ্রহণে সক্ষম নন। তাই ক্ষুদ্র খামারিদের জন্য ভর্তুকিভিত্তিক কুলিং ও ভেন্টিলেশন ব্যবস্থা, তাপসহনশীল জাত উদ্ভাবনে গবেষণা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জলবায়ু সহনশীল খামার নির্মাণে রাষ্ট্রীয় সহায়তা অপরিহার্য।
একই সঙ্গে আধুনিক কোল্ড চেইন, হিমায়িত পরিবহন ও মানসম্মত জবাইখানার অভাব উৎপাদিত পণ্যের গুণগত মান ও খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা প্রয়োজন।
রোগব্যাধি, জৈব নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের মতো সংক্রামক রোগ এখনও দেশের পোল্ট্রি শিল্পের জন্য বড় হুমকি। অপরিকল্পিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগজনক। অন্যদিকে অধিকাংশ ক্ষুদ্র খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় রোগ দ্রুত ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে সকল পর্যায়ের খামারে বাধ্যতামূলক জৈব নিরাপত্তা নীতিমালা বাস্তবায়ন, জাতীয় রোগ নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলা, অ্যান্টিবায়োটিক ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ এবং বাজারে খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।
ক্ষুদ্র খামারিদের সুরক্ষা ও বাজারব্যবস্থার আধুনিকায়ন
বাংলাদেশের পোল্ট্রি শিল্পে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থায় বহুস্তরীয় মধ্যস্বত্বভোগী, পরিবহন ব্যয় এবং অস্বচ্ছ মূল্য নির্ধারণের কারণে খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। চুক্তিভিত্তিক খামার ব্যবস্থাপনা (কন্ট্রাক্ট ফার্মিং) ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনাময় মডেল হতে পারে। তবে এ ক্ষেত্রে ন্যায্য মূল্য নির্ধারণ এবং খামারিদের স্বার্থ রক্ষায় কার্যকর নীতিমালা প্রয়োজন।
এছাড়া সহজ শর্তে ঋণ, জলবায়ু ও রোগজনিত ক্ষতির জন্য বীমা, সংকটকালে বিশেষ প্রণোদনা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত না হলে অনেক ক্ষুদ্র খামারি এই খাত থেকে সরে যেতে বাধ্য হবেন। এতে দেশের প্রাণিজ আমিষের সরবরাহও হুমকির মুখে পড়বে।
পরিবেশগত টেকসই উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রয়োজন
পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নের জন্য শুধু উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়; পরিবেশগত ভারসাম্যও নিশ্চিত করতে হবে। খামারের বর্জ্য ব্যবস্থাপনা, মাটি ও পানিদূষণ নিয়ন্ত্রণ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস এবং বর্জ্য থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ গ্রহণ সময়োপযোগী পদক্ষেপ হতে পারে।
অন্যদিকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। রোগ শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল খামার ব্যবস্থাপনা, মোবাইলভিত্তিক ভেটেরিনারি সেবা, অনলাইন বাজারব্যবস্থা এবং উৎপাদন থেকে বাজার পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ব্যবস্থা চালু হলে উৎপাদনশীলতা ও ভোক্তার আস্থা উভয়ই বৃদ্ধি পাবে।
রপ্তানি সম্ভাবনা ও মূল্য সংযোজন
বিশ্ববাজারে হালাল পোল্ট্রি পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যান্য মুসলিমপ্রধান বাজারে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য রপ্তানি সম্ভাবনা রয়েছে। তবে আন্তর্জাতিক মানসম্পন্ন জবাই, প্রক্রিয়াজাতকরণ, হালাল সার্টিফিকেশন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে এই সুযোগ কাজে লাগানো সম্ভব নয়।
একই সঙ্গে সসেজ, নাগেটস, রেডি-টু-কুক এবং অন্যান্য মূল্য সংযোজিত পণ্য উৎপাদন বৃদ্ধি এবং ই-কমার্সভিত্তিক বাজার সম্প্রসারণ দেশীয় শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে।
গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়ন
দীর্ঘমেয়াদে পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনের ওপর অধিক গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ভেটেরিনারি বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের সমন্বয়ে জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন, দেশীয় খাদ্য প্রযুক্তি উন্নয়ন এবং আধুনিক উৎপাদন কৌশল নিয়ে গবেষণা জোরদার করা প্রয়োজন। পাশাপাশি খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষ জনবল তৈরি এবং কৃষি সম্প্রসারণ সেবার আধুনিকায়ন শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপসংহার
বাংলাদেশের পোল্ট্রি শিল্প আজ সম্ভাবনা ও সংকটের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে এটি দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি; অন্যদিকে আমদানিনির্ভর খাদ্য ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, রোগব্যাধি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং দুর্বল বাজারব্যবস্থার কারণে শিল্পটি ক্রমাগত ঝুঁকির মুখে পড়ছে।
অতএব, দেশীয় খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা, জলবায়ু সহনশীল অবকাঠামো, কার্যকর জৈব নিরাপত্তা, ক্ষুদ্র খামারিদের আর্থিক সুরক্ষা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন রপ্তানি সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে একটি সমন্বিত নীতি বাস্তবায়ন করা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। কারণ পোল্ট্রি শিল্পের ভবিষ্যৎ কেবল একটি অর্থনৈতিক খাতের সাফল্যের প্রশ্ন নয়; এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান এবং টেকসই উন্নয়নের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।
