সুমাইয়া হাসি
অনিকেত রিসার্চ গ্রুপ
বাংলাদেশের গ্রীষ্ম যেন প্রকৃতির আঁকা এক বিস্ময়কর জলরং। তপ্ত রোদ, ধুলোমাখা পথ, পাকা ফলের গন্ধ আর আগুনরাঙা কৃষ্ণচূড়ার ছায়ায় এই ঋতু একদিকে যেমন উষ্ণ, অন্যদিকে তেমনি প্রাণময়। বৈশাখ থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত সময়জুড়ে এ দেশের মানুষ ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা আয়োজনে মেতে ওঠে। গ্রীষ্ম তাই কেবল একটি ঋতুর নাম নয়; এটি বাংলাদেশের আত্মপরিচয়ের এক দীপ্ত উৎসব।
নববর্ষের ভোর: বাঙালিয়ানার উজ্জ্বল সূচনা
গ্রীষ্মের প্রথম প্রহরেই আসে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন প্রাণের উৎসব, যেখানে ধর্মীয় পরিচয় নয়, সাংস্কৃতিক ঐক্যই হয়ে ওঠে মূল পরিচয়। ভোরের প্রথম আলোয় গান, কবিতা আর শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু হয় নতুন বছরের যাত্রা। শহর থেকে গ্রাম, সর্বত্র লাল-সাদা পোশাক, মুখোশ, আলপনা ও লোকজ শিল্পের ছোঁয়ায় সৃষ্টি হয় এক অপরূপ দৃশ্য। কৃষ্ণচূড়ার রক্তিম ছায়া আর সোনালুর ঝলমলে রঙে প্রকৃতি যেন নিজেই নববর্ষকে বরণ করে।
ঈদের আনন্দ: উষ্ণতার ভেতর মমতার সুবাস
এই বছর গ্রীষ্মের দিনে ঈদ এসেছে হৃদয়ভরা প্রশান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে। সংযমের মাস শেষে ঈদুল ফিতর এবং ত্যাগের শিক্ষা নিয়ে ঈদুল আযহা, উভয় উৎসবই বাংলাদেশে পারিবারিক ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে, আর এই বছরে দুই ঈদ এসেছে বসন্তের শেষ প্রান্তে আর গ্রীষ্মের মাঝামাঝি।
সকালের নামাজ শেষে কোলাকুলি, শিশুদের উচ্ছ্বাস, ঘরে ঘরে সেমাই ও পোলাওয়ের সুবাস, সব মিলিয়ে ঈদ হয়ে ওঠে ভাগাভাগি করে নেওয়া আনন্দের মহোৎসব। ফুলের মালা, মেহেদির রঙ, নতুন পোশাক এবং আপনজনের উপস্থিতি গ্রীষ্মের রোদকেও স্নিগ্ধ করে তোলে।
রথের চাকা ঘুরে: বিশ্বাসের সঙ্গে সম্প্রীতির যাত্রা
গ্রীষ্মের আরেক উল্লেখযোগ্য ধর্মীয় উৎসব রথযাত্রা। বিশাল রথ ফুল, কাপড় ও আলোকসজ্জায় সজ্জিত হয়ে মানুষের ভক্তি আর আনন্দের মধ্য দিয়ে এগিয়ে চলে। এই উৎসবের বিশেষ সৌন্দর্য হলো এর সামাজিক অংশগ্রহণ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সমবেত হয়ে আনন্দ ভাগাভাগি করেন। রথের চাকা যেমন সামনে এগিয়ে যায়, তেমনি এগিয়ে যায় পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার বন্ধন।
ফুলে ফলে উৎসব: প্রকৃতির রঙিন ভাষা
বাংলাদেশের গ্রীষ্মে প্রকৃতি যেন নিজেই শিল্পীর ভূমিকা পালন করে। কৃষ্ণচূড়ার লাল, জারুলের বেগুনি, সোনালুর হলুদ, বেলির শুভ্রতা,সব মিলিয়ে উৎসবের আবহ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। এই ফুলগুলো শুধু সাজসজ্জা নয়; এগুলো আনন্দ, পবিত্রতা, ভালোবাসা ও আশার প্রতীক। ধর্মীয় অনুষ্ঠান থেকে সামাজিক আয়োজন, সবখানেই প্রকৃতির এই রঙিন উপহার মিশে থাকে নিঃশব্দ সৌন্দর্যের মতো। গ্রীষ্ম মানেই আম, কাঁঠাল, লিচু, জাম আর তরমুজের সমারোহ। ফলের মিষ্টি স্বাদ উৎসবের আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে। অতিথি আপ্যায়ন, পারিবারিক আড্ডা এবং ছুটির বিকেল সবখানেই গ্রীষ্মের ফল হয়ে ওঠে আনন্দের অনিবার্য অংশ।
বৈচিত্র্যের বন্ধন: বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচয়
বাংলাদেশের গ্রীষ্মকালীন উৎসবগুলোর আসল সৌন্দর্য লুকিয়ে আছে মানুষের আন্তরিকতায়। একে অপরের উৎসবে অংশ নেওয়া, শুভেচ্ছা বিনিময় করা এবং আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে গড়ে ওঠে এক অনন্য সামাজিক ঐক্য। এখানে ঈদের সেমাই যেমন প্রতিবেশীর ঘরে পৌঁছে যায়, তেমনি রথযাত্রার প্রসাদও ভাগ হয়ে যায় সবার মাঝে। এই সহজ সৌহার্দ্যই বাংলাদেশের প্রকৃত শক্তি।
গ্রীষ্মের উজ্জ্বল রোদে, ফুলের বর্ণচ্ছটায়, উৎসবের সুরে এবং মানুষের আন্তরিকতায় ফুটে ওঠে এক অসাধারণ বাংলাদেশ। এ এমন এক দেশ, যেখানে বৈচিত্র্য বিভেদ সৃষ্টি করে না; বরং সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করে।
এ সেই বাংলাদেশ…
রৌদ্রের উত্তাপে দীপ্ত,
ফুলের রঙে সজ্জিত,
উৎসবের আনন্দে মুখর,
আর মানুষের ভালোবাসায় অনন্ত উজ্জ্বল।
