সুমাইয়া হাসি
অনিকেত রিসার্চ গ্রুপ
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে ২৪ নভেম্বর ২০২৯ নির্ধারণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সংবাদমাধ্যমের বড় একটি অংশ খবরটি প্রকাশ করেছে বাংলাদেশ তিন বছরের স্থগিতাদেশ পেয়েছে কিংবা এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ’ শিরোনামে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন এই অতিরিক্ত সময় চাইল? নির্ধারিত সময়ে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি কেন? এটি কি নিছক কৌশলগত সিদ্ধান্ত, নাকি অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ঘাটতির স্বীকৃতি?
সংবাদ পরিবেশনের ভাষা এখানে গুরুত্বপূর্ণ। কারণ, তিন বছরের স্থগিতাদেশ অর্জন এবং প্রস্তুতির ঘাটতির কারণে সময় বাড়ানোর আবেদন দুটি বাক্য একই ঘটনাকে নির্দেশ করলেও পাঠকের কাছে ভিন্ন বাস্তবতা তুলে ধরে। প্রথমটি অর্জনের ধারণা তৈরি করে, দ্বিতীয়টি জবাবদিহির প্রশ্ন সামনে আনে।
যোগ্যতা অর্জন, নাকি প্রস্তুতির ঘাটতি?
প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন: বাংলাদেশ এলডিসি উত্তরণের মৌলিক যোগ্যতা হারায়নি। বরং জাতিসংঘের নির্ধারিত তিনটি সূচকেই বাংলাদেশ প্রয়োজনীয় মান অতিক্রম করেছে। সূচকগুলো হলো মাথাপিছু মোট জাতীয় আয় (GNI per capita), মানবসম্পদ সূচক (Human Assets Index HAI) এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচক (Economic and Environmental Vulnerability Index EVI)।
জাতিসংঘের ২০২৪ সালের পর্যালোচনা অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু GNI ছিল ২,৬৮৪ মার্কিন ডলার, HAI স্কোর ৭৭.৫ এবং EVI স্কোর ২১.৯। তিনটি সূচকেই বাংলাদেশ উত্তরণের নির্ধারিত মান পূরণ করেছিল। ২০১৮ সালে প্রথমবার এবং ২০২১ সালের পর্যালোচনায় পুনরায় প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের পর ২০২১ সালে বাংলাদেশকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করা হয়। তখন উত্তরণের তারিখ নির্ধারিত হয়েছিল ২০২৪ সাল। কোভিড-১৯ মহামারির কারণে তা পিছিয়ে ২৪ নভেম্বর ২০২৬ করা হয়। অর্থাৎ, বাংলাদেশের সমস্যা উত্তরণের যোগ্যতা অর্জন না বরং উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক বাস্তবতা মোকাবিলার সক্ষমতা নিয়ে।
তিন বছর সময় চাওয়ার কারণ কী?
একটি দেশ উন্নয়ন সূচকে উত্তরণের যোগ্যতা অর্জন করতে পারে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিযোগিতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান এবং বৈদেশিক বাজারে টিকে থাকার সক্ষমতা নিশ্চিত না হলে সেই উত্তরণ ঝুঁকিপূর্ণ হতে পারে।
২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার জাতিসংঘের উন্নয়ননীতি কমিটির (CDP) কাছে উত্তরণের প্রস্তুতিমূলক সময় ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করে। সরকারের যুক্তিতে উঠে আসে বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ও সরবরাহব্যবস্থার চাপ এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট। আর্থিক খাতের স্থিতিশীলতা, রাজস্ব আহরণ, উৎপাদন সক্ষমতা ও রপ্তানি বহুমুখীকরণেও আরও অগ্রগতির প্রয়োজন রয়েছে।
২ জুন ২০২৬ জাতিসংঘের উন্নয়ননীতি কমিটি আবেদনটি ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করে। তবে শর্ত ছিল, অতিরিক্ত সময়ে বাংলাদেশকে বিদ্যমান কাঠামোগত দুর্বলতা মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। পরবর্তী সময়ে ২১ জুলাই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) বিষয়টি সাধারণ পরিষদে বিবেচনার সুপারিশ করে। ২৯ অক্টোবর ২০২৬ সাধারণ পরিষদ সময় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতিসংঘ বাংলাদেশকে উত্তরণের অযোগ্য ঘোষণা করেনি। বরং প্রস্তুতির সময় বাড়ানোর সুযোগ দিয়েছে এবং সংস্কারের অগ্রগতির ওপর গুরুত্ব দিয়েছে।
অর্থনীতির কোন জায়গায় ঝুঁকি?
এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক সুবিধা হারানোর ঝুঁকিতে পড়বে। বিশেষ করে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা এবং স্বল্পোন্নত দেশগুলোর জন্য নির্ধারিত বিশেষ সুবিধা ধীরে ধীরে প্রত্যাহার হতে পারে।
বাংলাদেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৭৩ শতাংশ এলডিসি-সংশ্লিষ্ট বিশেষ বাজারসুবিধার আওতায় উপকৃত হয়। ৩৮টি দেশ ও বাণিজ্যিক জোটে বাংলাদেশ এসব সুবিধা পেয়ে থাকে। ফলে উত্তরণের পর অতিরিক্ত শুল্কের চাপ তৈরি হলে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
দ্য ডেইলি স্টারের ৩০ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলেও সেগুলো কার্যকর হয়নি। অন্যদিকে, রপ্তানি বহুমুখীকরণ, ব্যাংকিং খাতের সুশাসন, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। প্রশ্ন হচ্ছে, দীর্ঘদিন ধরে উত্তরণের প্রস্তুতির কথা বলা হলেও কেন এসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হয়নি?
সংবাদমাধ্যম কী আড়াল করছে?
সংবাদমাধ্যমের দায়িত্ব কেবল সরকারি সিদ্ধান্ত প্রচার করা না সিদ্ধান্তের পেছনের কারণ, সীমাবদ্ধতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট প্রভাবও তুলে ধরা। বাংলাদেশ তিন বছরের স্থগিতাদেশ পেল এটি তথ্যগতভাবে ভুল নয়। কিন্তু শুধু সময় পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে কেন সময় প্রয়োজন হলো, সেই প্রশ্নটি আড়ালে রাখলে সংবাদটি অসম্পূর্ণ থেকে যায়।
তবে সব সংবাদমাধ্যম তথ্য গোপন করছে, এমন অভিযোগও যথার্থ নয়। কেউ সিদ্ধান্তের খবর দিয়েছে, কেউ অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করেছে, আবার কেউ প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছে। সমস্যা হলো, সরকারি সাফল্যের ভাষ্যকে প্রশ্নহীনভাবে পুনরুৎপাদন করার প্রবণতা। সংবাদ শিরোনামে অর্জনের আবহ তৈরির পাশাপাশি রাষ্ট্রীয় জবাবদিহির প্রশ্নও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন।
তিন বছর কি সংশোধনের সুযোগ?
বাংলাদেশের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো অতিরিক্ত সময়কে কার্যকর সংস্কারের সময় হিসেবে ব্যবহার করা। ব্যাংকিং খাতে সুশাসন, করব্যবস্থার আধুনিকায়ন, রপ্তানি বহুমুখীকরণ, শ্রমিকের অধিকার, দক্ষ মানবসম্পদ তৈরি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি কার্যকর করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন।
কোন মন্ত্রণালয় কোন সংস্কার করবে, কত দিনের মধ্যে করবে এবং তার ফলাফল কী এসব বিষয়ে নিয়মিত জনসম্মুখে প্রতিবেদন প্রকাশ করা উচিত। সংবাদমাধ্যমেরও দায়িত্ব সরকারি প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব ফলাফল মিলিয়ে দেখা।
বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসি তালিকাভুক্ত হয়েছিল। দীর্ঘ পাঁচ দশকের উন্নয়নযাত্রায় দেশটির অর্জন অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সূচকগত যোগ্যতা অর্জন আর টেকসই অর্থনৈতিক সক্ষমতা তৈরি এক বিষয় নয়। তিন বছর সময় পাওয়া একটি সুযোগ, নিজে কোনো উন্নয়ন-সাফল্য নয়।
অতএব, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত শুধু বাংলাদেশ তিন বছরের স্থগিতাদেশ পেল এমনটি না বরং ‘উত্তরণের যোগ্যতা অর্জন করেও কেন বাংলাদেশকে আরও তিন বছর প্রস্তুতির প্রয়োজন হলো?’ কারণ, একটি জাতির প্রকৃত উন্নয়ন কেবল অর্জনের সংবাদে না বরং সীমাবদ্ধতা স্বীকার করে তা অতিক্রম করার সক্ষমতায় প্রকাশ পায়।
