অধ্যাপক ড. তানভীর ফিতিন আবির
ড্যাফোডিল ইউনিভার্সিটি
একটি দেশ চাইলে বড় হাসপাতাল নির্মাণ করতে পারে, আরও উন্নত চিকিৎসা সরঞ্জাম কিনতে পারে, এমনকি চিকিৎসকের সংখ্যাও বাড়াতে পারে। কিন্তু স্বাস্থ্যসেবার প্রকৃত উন্নতি দীর্ঘস্থায়ী করতে হলে রোগীর চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার মধ্যকার দূরত্ব কমানো জরুরি। চিকিৎসক-গবেষকেরা একই সঙ্গে চিকিৎসক ও বিজ্ঞানী। রোগীর শয্যাপাশে চিকিৎসা দিতে গিয়ে যেসব প্রশ্ন ও তথ্যের প্রয়োজন দেখা দেয়, সেগুলোকে তাঁরা গবেষণায় রূপ দেন। এর মাধ্যমে রোগ নির্ণয়, চিকিৎসা, স্বাস্থ্যসেবা প্রদান এবং স্বাস্থ্যনীতি প্রণয়নে উন্নতি আনা সম্ভব হয়।
বাংলাদেশের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। দেশে হাসপাতাল ও মেডিকেল কলেজের সংখ্যা বাড়ছে, চিকিৎসাব্যবস্থারও সম্প্রসারণ ঘটছে। কিন্তু দেশের নিজস্ব বাস্তবতার ভিত্তিতে গবেষণালব্ধ তথ্য তৈরি করার সক্ষমতা বাইরে থেকে আমদানি করা যায় না। তবে সেই সক্ষমতা গড়ে তোলা সম্ভব। আমাদের দেশের রোগী ও স্বাস্থ্যব্যবস্থাকে যাঁরা সবচেয়ে ভালো চেনেন, সেই চিকিৎসকেরাই যদি নিজেদের বাস্তবতা নিয়ে গবেষণার সুযোগ না পান, তাহলে আমাদের স্বাস্থ্যব্যবস্থা এমন সব গবেষণার ওপর নির্ভরশীল থাকবে, যেগুলো সম্পূর্ণ ভিন্ন সামাজিক ও স্বাস্থ্যগত প্রেক্ষাপটে পরিচালিত হয়েছে।
চিকিৎসক-গবেষকদের সংকট নিয়ে দুই পর্বের লেখার এটি প্রথম পর্ব। এখানে আন্তর্জাতিক গবেষণার তথ্য এবং চিকিৎসক-গবেষকের অভাবে রোগীদের যে পরোক্ষ ক্ষতি হয়, তা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পর্বে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত করণীয় নিয়ে আলোচনা করা হবে।
সমস্যার লক্ষণগুলো উপেক্ষা করার সুযোগ নেই। সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় দেখা গেছে, পেশাগত জীবনে পর্যাপ্ত সহায়তার অভাব, অনিশ্চিত অর্থায়ন, গবেষণার জন্য নির্ধারিত সময়ের সংকট এবং তুলনামূলক কম বেতন চিকিৎসকদের একাডেমিক গবেষণা থেকে দূরে সরিয়ে দিচ্ছে (Farhat et al., 2025; Catenaccio et al., 2024)। এর সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্যব্যবস্থার একটি মৌলিক প্রশ্ন: চিকিৎসার মান উন্নত করতে এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় গবেষণালব্ধ তথ্য আমরা কীভাবে তৈরি করব?
যুক্তরাষ্ট্রে গবেষকেরা দেখেছেন, মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা শেষে গবেষণাকে পেশা হিসেবে নেওয়ার আগ্রহ কমছে (Farhat et al., 2025)। একই সঙ্গে চিকিৎসকদের একটি অংশ তাঁদের পেশাগত জীবনের প্রধান কাজ হিসেবে গবেষণা চালিয়ে যাওয়ার পথ থেকে সরে যাচ্ছেন। জাপানে ১৯৯৬ সালে মোট চিকিৎসকের মধ্যে চিকিৎসক-গবেষকের হার ছিল ২ দশমিক ১ শতাংশ। ২০১৬ সালে তা কমে দাঁড়ায় ১ দশমিক ৬ শতাংশে। একই সময়ে ৩৯ বছর বা তার কম বয়সী চিকিৎসক-গবেষকদের অনুপাত কমেছে ৪৮ শতাংশ (Ishikawa, 2019)।
এই পরিসংখ্যানগুলো বিভিন্ন দেশ, সময়কাল ও সংজ্ঞার ভিত্তিতে তৈরি। তাই এগুলো একত্র করে বিশ্বব্যাপী চিকিৎসক-গবেষকের সংখ্যা কমার কোনো সামগ্রিক হার নির্ধারণ করা ঠিক হবে না। তবে প্রতিটি গবেষণায় একটি অভিন্ন উদ্বেগ উঠে এসেছে: নতুন প্রজন্মের চিকিৎসকদের কীভাবে চিকিৎসাসেবা ও গবেষণা, দুই ক্ষেত্রেই ধরে রাখা যায়? তাঁরা রোগীদের চিকিৎসা দেবেন, পাশাপাশি রোগের প্রকৃতি, কারণ এবং চিকিৎসার কার্যকারিতা নিয়েও অনুসন্ধান চালাবেন।
দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা থেকে বোঝা যায়, হাসপাতালের চিকিৎসাসেবার চাপ কত দ্রুত গবেষণার পরিবেশকে ব্যাহত করতে পারে। ২০২৪ সালে দেশটির বিপুলসংখ্যক রেসিডেন্ট চিকিৎসক হাসপাতাল ছেড়ে যাওয়ার পর গবেষণায় যুক্ত চিকিৎসকদেরও ক্লিনিক্যাল দায়িত্ব সামলাতে বেশি সময় দিতে হয়। এর ফলে দেশটিতে চিকিৎসাবিষয়ক গবেষণার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায় (Yoo et al., 2025)। চিকিৎসকদের ওপর আগে থেকেই অতিরিক্ত কাজের চাপ থাকা বাংলাদেশের জন্য এ অভিজ্ঞতা বিশেষভাবে বিবেচনার দাবি রাখে।
গবেষণা থেকে চিকিৎসকেরা কেন দূরে সরে যাচ্ছেন?
এর পেছনে প্রণোদনা ও কর্মপরিবেশের বড় ভূমিকা রয়েছে। একই বিশেষজ্ঞ শাখায় কর্মরত এমডি-পিএইচডি ডিগ্রিধারী একাডেমিক চিকিৎসকেরা অনেক ক্ষেত্রে শুধু এমডি ডিগ্রিধারী একাডেমিক চিকিৎসকদের তুলনায় কর্মজীবনে কম আয় করেন (Catenaccio et al., 2024)। যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে, চিকিৎসকদের অর্ধেকের জন্য চুক্তিভিত্তিক চাকরির শর্তে গবেষণায় অংশ নেওয়া বাধ্যতামূলক ছিল না (Peckham et al., 2023)। জনবলসংকটের কারণে চিকিৎসকদের নিয়মিত দায়িত্ব সামলাতেই হিমশিম খেতে হয়। জরুরি রোগীর চাপ বাড়লে গবেষণার জন্য নির্ধারিত সময়ও অনেক ক্ষেত্রে আর অবশিষ্ট থাকে না।
কর্মজীবনের শুরুতে থাকা চিকিৎসকদের অনিশ্চয়তা আরও বেশি। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় ৪৯ শতাংশ চিকিৎসক-গবেষক জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে তাঁরা একাডেমিক চিকিৎসাব্যবস্থা ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করছেন (Farhat et al., 2025)। চীনের গবেষণায় দেখা গেছে, অভিজ্ঞ গবেষকদের পরামর্শ ও সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সহায়ক কর্মপরিবেশ চিকিৎসকদের পেশাগত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে (Liao et al., 2023)। এসব সিদ্ধান্তকে চিকিৎসকদের গবেষণার প্রতি অনাগ্রহ বা দায়বদ্ধতার অভাব হিসেবে দেখার সুযোগ নেই। বরং প্রতিষ্ঠানের কাঠামো, কর্মপরিবেশ এবং কাজের স্বীকৃতি ও পুরস্কারের ব্যবস্থাই এখানে বড় নিয়ামক।
গবেষণার অভাবে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন রোগীরা
রোগ নির্ণয়ে দেরি এবং এড়ানো সম্ভব এমন জটিলতার কারণে রোগীদের ভোগান্তি বাড়ে। ঢাকার কোনো হাসপাতালের একজন কিডনি বিশেষজ্ঞ যদি বারবার দেখেন, দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত রোগীরা দেরিতে চিকিৎসা নিতে আসছেন, তাহলে গবেষণার জন্য সময় ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে তিনি এর পেছনের কারণগুলো অনুসন্ধান করতে পারেন। রোগের ঝুঁকিপূর্ণ উপাদান, রোগীর আচরণ, চিকিৎসাসেবা পাওয়ার পথে বাধা এবং এক চিকিৎসাকেন্দ্র থেকে অন্য কেন্দ্রে রোগী পাঠানোর ব্যবস্থার দুর্বলতা নিয়ে গবেষণা করা সম্ভব। একইভাবে, প্রসূতিসেবা দিতে গিয়ে একজন চিকিৎসক এমন অনেক জটিলতা দেখতে পারেন, যেগুলো যথাযথ উদ্যোগ নিলে এড়ানো যেত। কিন্তু গবেষণার সুযোগ না থাকলে চিকিৎসকদের এসব পর্যবেক্ষণ খুব কম ক্ষেত্রেই এমন প্রমাণে পরিণত হয়, যা প্রচলিত চিকিৎসাপদ্ধতিতে পরিবর্তন আনতে পারে।
স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, রোগীর আচরণ এবং ব্যবহারিক পরিসংখ্যান নিয়ে কাজের অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি, স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার পেছনে একাধিক কারণ কাজ করে। এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিকস, স্বাস্থ্য অর্থনীতি এবং ব্যবস্থাপনাবিষয়ক গবেষণা চিকিৎসকদের ক্লিনিক্যাল জ্ঞানকে আরও সমৃদ্ধ করে। তাই চিকিৎসক-গবেষকদের একা কাজ না করে এসব বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে গবেষণা করা প্রয়োজন।
গবেষণার সক্ষমতা হাসপাতালকে নতুন স্বাস্থ্যঝুঁকি ও প্রযুক্তির মোকাবিলায়ও প্রস্তুত করে। তথ্য সংগ্রহ, চিকিৎসার ফলাফল বিশ্লেষণ এবং সেবার মানোন্নয়নে নতুন পদ্ধতি পরীক্ষা করার সুযোগ থাকলে হাসপাতাল নিজেই একটি শেখার প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। শুধু নতুন প্রযুক্তি ব্যবহার করলেই রোগীর নিরাপত্তা নিশ্চিত হয় না কিংবা স্বাস্থ্যসেবায় বৈষম্য কমে না। এর কার্যকারিতা যাচাই করতে হয়। এ কাজের জন্য চিকিৎসাক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা এবং গবেষণাপদ্ধতি সম্পর্কে ভালো ধারণা রয়েছে, এমন ব্যক্তিদের অংশগ্রহণ জরুরি।
চিকিৎসক-গবেষকের সংখ্যা কমে যাওয়ার অর্থ শুধু গবেষক বা গবেষণাপত্রের সংখ্যা কমে যাওয়া নয়। এর অর্থ, স্বাস্থ্যব্যবস্থা নিজের রোগীদের কাছ থেকে শেখার একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা হারাচ্ছে।
দ্বিতীয় পর্বে বাংলাদেশের বাস্তবতায় ফিরে দেখব, গবেষণার প্রতি চিকিৎসকদের আগ্রহ থাকা সত্ত্বেও ক্লিনিক্যাল দায়িত্বের অতিরিক্ত চাপ কীভাবে তাঁদের বাধাগ্রস্ত করছে। পাশাপাশি সরকার, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে চিকিৎসাবিষয়ক গবেষণায় দীর্ঘমেয়াদি ও টেকসই পেশাগত সুযোগ তৈরি করতে পারে, তা নিয়ে আলোচনা থাকবে।
তথ্যসূত্র:
Catenaccio, E., Rochlin, J. M., Akabas, M. H., Brass, L. F., & Simon, H. K. (2024). The financial impact of MD-PhD training compared with MD training for academic physicians. JCI Insight, 9(24), e183476. https://doi.org/10.1172/jci.insight.183476
Farhat, K., Obradović, A., Siebert, A. L., Tun, H. N., Noch, E., & Kwan, J. M. (2025). Evaluating factors impacting early career physician-scientists’ decisions to continue research careers in the United States of America. BMC Medical Education, 25(1), 564. https://doi.org/10.1186/s12909-025-07144-4
Ishikawa, M. (2019). Distribution and retention trends of physician-scientists in Japan: A longitudinal study. BMC Medical Education, 19(1), 394. https://doi.org/10.1186/s12909-019-1840-3
Liao, S., Lavender, C., Zhai, H., & Zhou, X. (2023). Predictors of academic career progression among early career physician-scientists via an intensive research training program abroad: A case study. BMC Medical Education, 23(1), 94. https://doi.org/10.1186/s12909-023-04069-8
Peckham, S., Zhang, W., Eida, T., Hashem, F., & Kendall, S. (2023). Research engagement and research capacity building: A priority for healthcare organisations in the UK. Journal of Health Organization and Management, 37(3), 343–359. https://doi.org/10.1108/JHOM-12-2021-0436
Yoo, J., Choi, H. B., Kim, Y. S., & Kim, S. G. (2025). Korea’s 2024 reduction in medical research output amid physician residents’ resignation. Ewha Medical Journal, 48(2). https://doi.org/10.12771/emj.2025.00381
Professor Dr Tanvir Fittin Abir is Professor and Campus Director at Daffodil International University, Ras Al Khaimah Campus, UAE. His research focuses on healthcare management, patient behaviour and applied statistics.
Conflict of interest: The author declares no conflicts of interest. This article received no specific funding.
