ফারাহ জেহির
অনিকেত রিসার্চ গ্রুপ
২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশ ও নেপালকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় দিয়েছে। ফলে বাংলাদেশ চলতি মাসে নয়, উত্তীর্ণ হবে ২০২৯ সালের ২৪ নভেম্বর। কোনো দেশ আপত্তি জানায়নি। ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ড (শেষোক্ত দেশটি ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বক্তব্য দেয়) সময় বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে, তবে একই সঙ্গে সংস্কারের তাগিদও দিয়েছে। ঢাকা একে কূটনৈতিক সাফল্য বলছে। কথাটা ঠিক, তবে সাফল্যটি সীমিত।
জয়, নাকি নির্ভরতা?
কাগজে-কলমে এটি ব্যর্থতা ছিল না। বাংলাদেশ উত্তরণের তিনটি মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, মানবসম্পদ সূচকসহ। এই সূচকে মাধ্যমিকে ভর্তির হার ও প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার মতো বিষয় গণনা করা হয়, যা বাংলাদেশ দেখাতে পারে। কিন্তু একটি শিশু আদৌ পড়তে পারে কি না, সূচকে তার হিসাব নেই।
১৮ ফেব্রুয়ারি জমা দেওয়া সরকারের আবেদনেও এর বিপরীত কিছু দাবি করা হয়নি। আবেদনে বলা হয়, মহামারি, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, আর্থিক খাতের অনিয়ম এবং ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের কারণে পাঁচ বছরের প্রস্তুতিকাল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং মসৃণ উত্তরণ কৌশল সম্পন্ন করতে আরও সময় দরকার।
আসল কারণ অর্থ ও বাজারসুবিধা। এলডিসি হিসেবে বাংলাদেশ ইউরোপের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পায়। উত্তরণের পর এই সুবিধা একই রূপে থাকবে বলে আশা করা হচ্ছে না। পোশাক রপ্তানিকারকেরা সময় চেয়েছিলেন, কারণ লাখ লাখ মানুষের কর্মসংস্থান এর ওপর নির্ভরশীল। তাই এই সময়বৃদ্ধির দুটি দিক রয়েছে। একদিকে এটি দর-কষাকষির একটি অর্জন, অন্যদিকে এ-ও এক স্বীকৃতি যে অর্থনীতি এখনো উৎপাদনশীলতার চেয়ে ছাড়সুবিধার ওপর বেশি নির্ভরশীল।
শিক্ষায়ও একই চিত্র। এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নসহ উন্নয়ন সহযোগীরা পিইডিপি-৫ কর্মসূচির মাধ্যমে প্রাথমিক শিক্ষায় সহায়তা দিচ্ছে। অথচ এক দশক ধরে শিক্ষায় সরকারি ব্যয় জিডিপির ২ শতাংশের নিচে থেকেছে, গত বছর তা নেমে এসেছে প্রায় ১ দশমিক ৪ শতাংশে। ১১ জুন উপস্থাপিত বাজেটে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এবং পাঁচ বছরের মধ্যে জিডিপির ৫ শতাংশে পৌঁছানোর প্রতিশ্রুতি রয়েছে। প্রতিশ্রুতি স্বাগত জানানোর মতো, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।
প্রথম ঘাটতি: স্কুলে শিশু আছে, শিখছে না
প্রাথমিকে ভর্তি প্রায় শতভাগ। তবু বিশ্বব্যাংকের হিসাবে, প্রাথমিকের শেষ পর্যায়ের প্রায় অর্ধেক শিশু বয়স-উপযোগী একটি ছোট লেখা পড়ে বুঝতে পারে না। সংস্থাটির ২০২৪ সালের একটি সংক্ষিপ্ত প্রতিবেদনে এ হার ৫১ শতাংশ বলা হয়েছে, যেখানে মহামারিকালের তথ্য ব্যবহার করা হয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সীদের ক্ষেত্রে আগের এক হিসাবে এ হার ছিল ৫৮ শতাংশ। প্রাথমিক স্তরের প্রতিটি শিশুর পেছনে ব্যয় ক্রয়ক্ষমতার সমতার হিসাবে প্রায় ২২৩ ডলার, যা দক্ষিণ এশীয় গড়ের চেয়ে ৮১ শতাংশ কম। এ বছরের একটি খসড়া শিক্ষা খাত বিশ্লেষণে বলা হয়েছে, শিক্ষকসংকট, শিক্ষকদের ওপর প্রশাসনিক কাজের চাপ এবং সমন্বিত শিক্ষক নীতিমালার অভাবে শ্রেণিকক্ষে সেই জিনিসটিরই ঘাটতি থেকে যাচ্ছে, যার ওপর পড়তে শেখা নির্ভর করে: পড়ানোর মতো সময় ও প্রশিক্ষণসম্পন্ন একজন শিক্ষক।
এর উপযুক্ত নীতি হলো প্রথম থেকে তৃতীয় শ্রেণির জন্য একটি মৌলিক শিখন কর্মসূচি। এতে থাকবে বাংলা ও গণিতের কাঠামোবদ্ধ পাঠ, শিক্ষকদের জন্য নিজ নিজ স্কুলে নিয়মিত কোচিং এবং প্রতিবছর নমুনাভিত্তিক পড়ার পরীক্ষা, যার ফল প্রকাশ করা হবে। আগে পূরণ করতে হবে প্রাথমিকের শূন্য পদ। এ কাজ আলাদা নতুন প্রকল্প না করে পিইডিপি-৫ ও নতুন বাজেটের ভেতরেই অন্তর্ভুক্ত করা সম্ভব।
দ্বিতীয় ঘাটতি: মাধ্যমিকে ঝরে পড়া ও শূন্য শিক্ষকপদ
একই বিশ্লেষণ অনুযায়ী, প্রায় ১৬ শতাংশ শিক্ষার্থী প্রাথমিক শেষ করার আগেই স্কুল ছাড়ে, আর মাধ্যমিক স্তরে ঝরে পড়ে প্রায় এক-তৃতীয়াংশ। ইউনিসেফ জানিয়েছে, মাধ্যমিক বয়সী ৩০ থেকে ৪০ লাখ শিশু স্কুলের বাইরে। মেয়েরা পিছিয়ে পড়ছে: ২০২০ সালে মাধ্যমিক সম্পন্ন করার হার মেয়েদের ক্ষেত্রে ছিল প্রায় ৬০ শতাংশ, ছেলেদের ক্ষেত্রে ৬৭ শতাংশ। ৭ এপ্রিল শিক্ষামন্ত্রী সংসদে জানান, প্রায় ২৬ হাজার মাধ্যমিক স্কুল ও কলেজে ৬০ হাজার ২৯৫টি শিক্ষকপদ শূন্য।
এখানে প্রয়োজন একটি ধরে রাখার প্যাকেজ। দরিদ্র পরিবার ও মেয়েদের জন্য উপস্থিতির শর্তে উপবৃত্তি দিতে হবে। স্কুল নিজেদের নথি ব্যবহার করে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের আগেভাগে শনাক্ত করবে। আর নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ অভিযান চালিয়ে শূন্য পদ পূরণ করতে হবে, সঙ্গে থাকবে প্রশিক্ষণ এবং শিক্ষকদের জন্য পরিকল্পিত বেতন বৃদ্ধির সঙ্গে যুক্ত পদোন্নতির কাঠামো।
সংশ্লিষ্ট লক্ষ্যমাত্রা
দুটি ফাঁকই টেকসই উন্নয়ন লক্ষ্য ৪-এর আওতায় পড়ে। লক্ষ্যমাত্রা ৪.১-এ বলা হয়েছে, প্রতিটি শিশু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করবে এবং প্রাসঙ্গিক শিখনফল অর্জন করবে। ৪.গ-এর বিষয় যোগ্য শিক্ষক। মেয়েদের মাধ্যমিকে ধরে রাখা বাল্যবিবাহ নিয়ে লক্ষ্য ৫ এবং শিক্ষা ও কর্মের বাইরে থাকা তরুণদের নিয়ে লক্ষ্য ৮-এর জন্যও গুরুত্বপূর্ণ।
২০২৯ সালের পরীক্ষা
এই সময়বৃদ্ধি একটি সুযোগ, পুরস্কার নয়। ২০২৯ সালের নভেম্বরে মাপকাঠি হবে না কতগুলো ট্যাবলেট বিতরণ হলো বা কতগুলো শ্রেণিকক্ষ নির্মিত হলো। দেখা হবে, দশ বছর বয়সী আরও বেশি শিশু পড়তে পারছে কি না, স্কুল ছাড়ছে কম কিশোর-কিশোরী কি না, এবং শিক্ষায় ব্যয় প্রতিশ্রুতি থেকে বাস্তবে রূপ নিয়েছে কি না। অর্ধেক শিশু পড়তে না পারার বাস্তবতা নিয়ে যে দেশ এলডিসি তালিকা ছেড়ে যাবে, দ্রুতই সে টের পাবে, তার আসল সংকট বাণিজ্যসুবিধা নয়, ভালো কাজের জন্য প্রস্তুত কর্মীর ঘাটতি।
