অ্যাডভোকেট আলী নাসের খান
বাংলাদেশ সুপ্রিম কোর্ট
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল ক্ষমতার কেন্দ্রীকরণ, দুর্বল প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং জবাবদিহির অভাবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। এর পরিপ্রেক্ষিতে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করে এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ নেয়। এসব আলোচনার মধ্য দিয়ে তৈরি হয় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। এতে ৮৪টি প্রস্তাব ছিল, যার মধ্যে ৪৮টি ছিল সংবিধান সংস্কারসংক্রান্ত। ২০২৫ সালের ১৭ অক্টোবর ২৪টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে। এর মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক কাঠামো গড়ে তোলা, যাতে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি কঠিন হয়ে পড়ে।
সনদে রাষ্ট্র পরিচালনার কাঠামোগত দুর্বলতা দূর করার জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করা, ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের স্বাধীনতা জোরদার, নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু, সংসদীয় তদারকিতে বিরোধী দলের অংশগ্রহণ বাড়ানো, মৌলিক অধিকার আরও শক্তিশালী করা এবং স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর করা। এসব প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং নির্বাচনে বিজয়ী যে দলই হোক, তাদের ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
এরপর জনগণের কাছ থেকে সরাসরি মতামত নেওয়ার উদ্যোগ আসে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের হিসাবে, গণভোটে ৪ কোটি ৮০ লাখ ৭০ হাজার ভোট ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২৫ লাখ ৬০ হাজার ভোট ‘না’ পড়েছে। বৈধ ভোটের প্রায় ৬৮ শতাংশ ছিল ‘হ্যাঁ’ ভোট। জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে, পরে তাদের আসনসংখ্যা বেড়ে ২১০ হয়। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট পায় ৬৮টি আসন।
এই ফলাফল বিএনপিকে সংসদে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। একই সঙ্গে সাংবিধানিক সংস্কারের পক্ষেও জনগণের সমর্থন প্রকাশ পেয়েছে। তবে সব সংস্কার প্রস্তাবকে একসঙ্গে একটি প্রশ্নের আওতায় এনে গণভোট আয়োজন করায় জনগণের এই রায়ের সুনির্দিষ্ট অর্থ ও আইনি কার্যকারিতা নিয়ে মতপার্থক্যের সুযোগ রয়ে গেছে। গণভোটে ৪ কোটি ৮০ লাখ ৭০ হাজার ‘হ্যাঁ’ ভোট কোনো রাজনৈতিক দলের জন্য নিঃশর্ত ক্ষমতাপত্র নয়। বরং এটি ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মত সংস্কারগুলো এগিয়ে নেওয়ার পক্ষে জনগণের সমর্থন।
একই সঙ্গে সাংবিধানিক বৈধতার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। স্বীকৃত সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার চাপিয়ে দেওয়া হলে তা সেই আইনের শাসনকেই দুর্বল করতে পারে, যা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সংস্কারের মাধ্যমে দেওয়া হয়েছে। এতে ভবিষ্যৎ নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
২০২৫ সালের নভেম্বরে জারি করা বাস্তবায়ন আদেশে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের কথা বলা হয়েছিল। সম্মত সংস্কারগুলো বাস্তবায়নের জন্য পরিষদকে ১৮০ দিন সময় দেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিএনপির সংসদ সদস্যরা অতিরিক্ত শপথ নিতে অস্বীকৃতি জানান। তাঁদের যুক্তি, সংবিধানে এ ধরনের পরিষদ গঠনের কোনো বিধান নেই এবং ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদের মাধ্যমেই পাস করতে হবে।
এর পরিবর্তে সরকার একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে ২০২৬ সালের শেষ নাগাদ সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের প্রতিশ্রুতিও দেওয়া হয়। তবে বিরোধী দলগুলোর বক্তব্য, সংসদীয় কমিটি গণভোটের মাধ্যমে সমর্থন পাওয়া সংস্কার প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। এদিকে, হাইকোর্ট বাস্তবায়ন আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি।
জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।
প্রথমত, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা কমে যেতে পারে। প্রাতিষ্ঠানিক পরিবর্তনের আশায় যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা মনে করতে পারেন, নির্বাচনের মাধ্যমে শুধু ক্ষমতাসীন ব্যক্তিদের পরিবর্তন হচ্ছে, ক্ষমতা পরিচালনার নিয়মে কোনো পরিবর্তন আসছে না।
দ্বিতীয়ত, বিরোধী দলগুলো সংসদের বাইরে রাজপথে রাজনৈতিক আন্দোলনের দিকে ঝুঁকতে পারে। এতে রাজনৈতিক সংঘাত, জনজীবনে বিঘ্ন এবং সহিংসতার ঝুঁকি বাড়বে।
তৃতীয়ত, সংস্কার বাস্তবায়নের আইনি পথ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে একের পর এক মামলা হতে পারে। ফলে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিতর্কিত ব্যবস্থার মধ্যে কাজ করতে বাধ্য হবে।
সবশেষে, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা কোনো সরকার যদি জবাবদিহি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তাহলে সেই সরকারও ক্ষমতার এমন কেন্দ্রীকরণ ঘটাতে পারে, যার বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছিল।
তবে এসব পরিণতি অবশ্যম্ভাবী নয়। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং স্বচ্ছতা বজায় রাখা গেলে পরিস্থিতি এড়ানো সম্ভব।
আন্তর্জাতিক অভিজ্ঞতা: সম্ভাবনা ও সতর্কবার্তা
আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য যেমন শিক্ষণীয় বিষয় রয়েছে, তেমনি রয়েছে সতর্ক হওয়ার মতো উদাহরণ। ২০১১ সালের বিপ্লবের পর তিউনিসিয়ায় ২১৭ সদস্যের একটি জাতীয় সংবিধান পরিষদ নির্বাচিত হয়। গভীর আদর্শিক মতপার্থক্য থাকা সত্ত্বেও প্রধান রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে ২০১৪ সালে একটি নতুন সংবিধান গ্রহণ করে। এতে নাগরিক অধিকার সুরক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষমতার ভারসাম্য রক্ষার ব্যবস্থাও রাখা হয়।
পরবর্তী সময়ে তিউনিসিয়ায় গণতন্ত্রের পিছিয়ে পড়া দেখিয়েছে, শুধু একটি সংবিধান প্রণয়ন করলেই গণতন্ত্র নিশ্চিত হয় না। তবে ২০১৪ সালের সংবিধান তৈরির ক্ষেত্রে বিভিন্ন পক্ষের অংশগ্রহণ ও সমঝোতার অভিজ্ঞতা রাজনৈতিক ঐকমত্যের গুরুত্ব তুলে ধরে।
২০১১ সালের গণঅভ্যুত্থানের পর মিসরের পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক মেরুকরণ, বিভিন্ন পক্ষকে আলোচনার বাইরে রাখা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘাত দেশটির গণতান্ত্রিক উত্তরণকে দুর্বল করে দেয়। তীব্র বিরোধিতার মধ্যেই ২০১২ সালের সংবিধান গৃহীত হয়। ২০১৩ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে আবার কর্তৃত্ববাদী শাসন ফিরে আসে এবং রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়।
বাংলাদেশকে মিসরের পথ অনুসরণ করতে হবে, এমন কোনো কথা নেই। তবে নির্বাচনে জয়লাভ করলেই রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সবার সম্মতি আদায় করা যায় না। একইভাবে, শুধু গণভোট আয়োজন করলেই মানুষের আস্থা অর্জন কিংবা সংস্কার বাস্তবায়ন নিশ্চিত হয় না।
নেপালের অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক। ২০০৬ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে রাজতন্ত্রের অবসানের পর দেশটিতে শান্তিপ্রক্রিয়া শুরু হয়। পরবর্তী সময়ে নির্বাচিত গণপরিষদের মাধ্যমে ২০১৫ সালে নতুন সংবিধান প্রণীত হয়। দীর্ঘসূত্রতা ও বিভিন্ন পর্যায়ে বিক্ষোভ সত্ত্বেও আলোচনার ভিত্তিতে ফেডারেল ব্যবস্থা ও প্রজাতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নেপালের নতুন রাষ্ট্রীয় কাঠামোর অংশ হয়ে ওঠে। এই অভিজ্ঞতা দেখায়, রাজনৈতিক ও সাংবিধানিক উত্তরণের জন্য ধৈর্য, অন্তর্ভুক্তিমূলক আলোচনা এবং মতপার্থক্য সামাল দেওয়ার কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
বাংলাদেশের সামনে যে সুযোগ ছিল
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া জনআকাঙ্ক্ষাকে একটি স্থায়ী রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থায় রূপ দেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল। জুলাই জাতীয় সনদ সংসদ, বিচার বিভাগ, নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করে একক দলের সর্বময় ক্ষমতার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে পারত।
এ ধরনের সংস্কার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার প্রবণতা কমাতে সহায়তা করতে পারে। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের মধ্যে এমন ধারণা আরও দৃঢ় হতে পারে যে, প্রতিটি সরকার পরিবর্তনের সঙ্গে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রতিযোগিতা শুরু হয়।
সংস্কারের পরবর্তী ধাপ
এখন করণীয় হলো, একদিকে সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া উপেক্ষা না করা, অন্যদিকে সেই প্রক্রিয়াকে সংস্কার বিলম্বিত করার অজুহাত হিসেবেও ব্যবহার না করা।
সরকারের উচিত প্রতিটি প্রস্তাব ধরে সংস্কার বাস্তবায়নের একটি সুস্পষ্ট সময়সূচি প্রকাশ করা। কোন সংস্কারের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন এবং কোনগুলো সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, তা স্পষ্টভাবে জানাতে হবে। স্বাক্ষরিত সনদের কোনো প্রস্তাব থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হলে তার কারণও জনসমক্ষে ব্যাখ্যা করতে হবে।
বিরোধী দলগুলোরও উচিত সরকারের কার্যক্রমের সমালোচনা ও তদারকি অব্যাহত রাখার পাশাপাশি আন্তরিকভাবে আলোচনায় অংশ নেওয়া। সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা এবং নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সংবিধানের ব্যাখ্যা ও বৈধতা নিয়ে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি হতে হবে আদালতের মাধ্যমে। রাজপথের চাপ কিংবা রাজনৈতিক ঘোষণা দিয়ে সাংবিধানিক বিরোধের সমাধান করা উচিত নয়।
উপসংহার
জুলাই জাতীয় সনদের সাফল্য শুধু স্বাক্ষরের সংখ্যা কিংবা গণভোটে পাওয়া ভোটের হিসাব দিয়ে বিচার করা হবে না। এর প্রকৃত সাফল্য নির্ভর করবে রাষ্ট্রীয় ক্ষমতার ওপর কার্যকর সীমা আরোপ করতে পারছে কি না, তার ওপর।
বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো, রাজনৈতিক নেতারা নিজেদের ক্ষমতাকেও নিয়ন্ত্রণের মধ্যে রাখে, এমন নিয়ম মেনে নিতে কতটা প্রস্তুত। এই পরীক্ষায় সফল হলে একটি জবাবদিহিমূলক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হতে পারে। আর ব্যর্থ হলে দেশ আবারও রাজনৈতিক মেরুকরণ, অবিশ্বাস এবং নতুন করে আন্দোলন-সংঘাতের পথে এগিয়ে যেতে পারে।
