কাজী জেহির উদ্দিন
সৌদি ওজার, সৌদি আরব
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী পূর্বাভাসে সাধারণভাবে মনে করা হচ্ছে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। তবে সিনেটের লড়াই তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ঢাকায় অনেকের মধ্যে এমন একটি ধারণা কাজ করছে যে ডেমোক্র্যাটরা জয়ী হলে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত বাণিজ্যনীতির চাপ কিছুটা কমতে পারে। তবে বিষয়টি এত সরল নয়।
বাংলাদেশের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যেসব সিদ্ধান্ত, যেমন শুল্ক পরিবর্তন, ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট এবং বৈদেশিক সহায়তা কমানো, সেগুলোর বেশির ভাগই এসেছে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা থেকে। কংগ্রেস এসব সিদ্ধান্তের তদন্ত করতে পারে, শুনানি আয়োজন করতে পারে এবং অর্থ বরাদ্দ আটকে দিতে পারে। কিন্তু প্রেসিডেন্টের ভেটো অতিক্রম করা কঠিন। তাই বাংলাদেশের জন্য এই নির্বাচন বড় কোনো নীতিগত মোড় পরিবর্তনের চেয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশে পরিবর্তনের ইঙ্গিত বেশি।
যেখানে বাংলাদেশের স্বার্থ সরাসরি জড়িত
প্রথম ঝুঁকিটি বাণিজ্য খাতে। একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গত ২৪ জুলাই থেকে প্রতিটি পণ্যের ওপর প্রচলিত শুল্কের পাশাপাশি ১০ শতাংশ সেকশন ৩০১ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে বাংলাদেশি পোশাকের গড় শুল্কের হার দাঁড়িয়েছে প্রায় ২৬ শতাংশে। ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে শুল্কের হার ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুক্তিটির আইনি ভিত্তি বাতিল করে দেন। ফলে চুক্তির কোন কোন অংশ কার্যকর থাকবে, তা নিয়ে ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাকের জন্য শূন্য শুল্কে রপ্তানির একটি সুযোগ কাগজে-কলমে রয়েছে। তবে সেটি এখনো কার্যকর হয়নি। এ সুযোগ বাস্তবায়নে ওয়াশিংটন তিন বছরের একটি কোটা চালুর কথা বিবেচনা করছে বলে জানা গেছে।
দ্বিতীয় ঝুঁকিটি জ্বালানি খাতে। বাংলাদেশ আমদানিনির্ভর তরলীকৃত গ্যাসের ওপর নির্ভরশীল। উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার কারণে কাতারএনার্জি ২০২৬ সালে বাংলাদেশে গ্যাস সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার পর বাড়তি দামে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে। এতে আমদানি ব্যয় বেড়েছে। তৃতীয় ঝুঁকি অর্থায়নে। টাকার দুর্বলতা এবং আন্তর্জাতিক সুদের হার বেড়ে যাওয়ায় বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধের ব্যয় বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৮-২৯ অর্থবছরে এ ব্যয় প্রায় দ্বিগুণ হতে পারে। পাশাপাশি স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ পাওয়ার বিষয়টিও বহুপক্ষীয় তহবিলে যুক্তরাষ্ট্রের অবদানের ওপর আংশিকভাবে নির্ভরশীল।
যেসব বিশ্লেষণ গুরুত্ব দিয়ে দেখা দরকার
ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস এলে বাংলাদেশের জন্য পরিস্থিতি সহজ হবে, এমনটা মনে করেন না সব বিশ্লেষক। একটি মত হলো, বিভক্ত সরকারের কারণে নীতিনির্ধারণে অচলাবস্থা তৈরি হতে পারে। বাজেট নিয়ে বিরোধ এবং রাজনৈতিক টানাপোড়েন বাড়লে আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। এতে ডলারের দাম বাড়ার পাশাপাশি উদীয়মান অর্থনীতির দেশগুলোর ঋণ নেওয়ার ব্যয়ও বেড়ে যেতে পারে।
আরেকটি মত হলো, শ্রম অধিকার নিয়ে ডেমোক্র্যাটরা ঐতিহাসিকভাবেই বেশি সোচ্চার। বাংলাদেশের সাম্প্রতিক কারখানা বন্ধ, শ্রমিকদের বকেয়া মজুরি এবং শ্রম অধিকারসংক্রান্ত অভিযোগ ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের নজরে আসতে পারে। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর শ্রম অধিকার নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা স্থগিত করার ঘটনাটি এ ক্ষেত্রে একটি উদাহরণ।
অন্যদিকে, রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে বর্তমান নীতির ধারাবাহিকতা বজায় থাকতে পারে। কারণ, ঢাকাও ইতিমধ্যে বর্তমান প্রশাসনের সঙ্গে কাজ করার কিছু কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তুলেছে। সংশয়বাদীদের আরেকটি যুক্তি হলো, সরবরাহব্যবস্থার নিরাপত্তা এবং পণ্য অন্য দেশের মাধ্যমে ঘুরিয়ে রপ্তানির বিষয়ে দুই দলেরই উদ্বেগ রয়েছে। ফলে নির্বাচনে রাজনৈতিক ভাষা ও অবস্থানের ধরন বদলালেও মূল নীতিতে বড় পরিবর্তন নাও আসতে পারে।
নীতিগতভাবে বাংলাদেশের প্রস্তুতি
বাংলাদেশ সরকার কয়েকটি পথে কাজ করেছে। বাণিজ্য খাতে ভিয়েতনামের ১২ দশমিক ৫ শতাংশের তুলনায় কম, ১০ শতাংশ সেকশন ৩০১ শুল্ক নিশ্চিত করেছে। একই সঙ্গে ১৯ শতাংশ শুল্কের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এবং যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহারের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা চালুর জন্য আলোচনা অব্যাহত রেখেছে।
জ্বালানি খাতে ১৪ মে ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। শ্রম খাতে এ বছর শ্রম আইন সংশোধন করে ন্যূনতম মজুরি পর্যালোচনার সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগও চলছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব শ্রম অধিকারসংক্রান্ত অভিযোগ গুরুত্ব পেতে পারে, এসব উদ্যোগ তার কিছু বিষয় মোকাবিলায় সহায়ক হতে পারে।
কূটনৈতিক প্রস্তুতি ও বিকল্প বাজার
সরকার তার কূটনৈতিক অবস্থানকে ‘বাংলাদেশ ফার্স্ট’ হিসেবে তুলে ধরছে। এর অর্থ কোনো একটি পক্ষের সঙ্গে একাত্ম না হয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। ২২ জুলাই ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন এবং তাঁকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এরপর ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফর করেন।
একই সময়ে ঢাকা বিকল্প বাজার ও অংশীদারত্ব গড়ে তোলার চেষ্টা করছে। ৬ ফেব্রুয়ারি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও চুক্তি নিয়ে আলোচনা চলছে। ২৯ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে ২৪ নভেম্বর ২০২৯ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে।
এই বহুমুখী উদ্যোগের পেছনে একটি বাস্তব বিবেচনা রয়েছে: তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ যেন কোনো একটি বাজারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে।
আরও যা করা প্রয়োজন
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগি হলে কেবল প্রেসিডেন্টের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখাই যথেষ্ট হবে না। ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের উচিত দুই দলের কংগ্রেস সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। বিশেষ করে বাণিজ্য, বাজেট বরাদ্দ এবং শ্রমবিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা ও পোশাক ব্র্যান্ডগুলোর সঙ্গেও সম্পর্ক জোরদার করতে হবে। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে প্রতিনিধি পরিষদ এবং রিপাবলিকানদের নিয়ন্ত্রণে সিনেট থাকলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়েও রপ্তানিকারক ও বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম বিশ্লেষণ করা দরকার।
বিদ্যমান নীতির মধ্যেই চারটি ক্ষেত্রে ঘাটতি পূরণের সুযোগ রয়েছে।
প্রথমত, যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহারের শুল্কমুক্ত সুবিধা তখনই কাজে আসবে, যখন দেশের বস্ত্রকলগুলো সহজে সেই তুলা আমদানি ও ব্যবহার করতে পারবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের উচিত যুক্তরাষ্ট্রের তুলা আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) এবং বন্ডেড ওয়্যারহাউসের নিয়ম সহজ করা।
দ্বিতীয়ত, পণ্য অন্য দেশের মাধ্যমে ঘুরিয়ে রপ্তানি বা ট্রান্সশিপমেন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক দলেরই উদ্বেগ রয়েছে। বাণিজ্য চুক্তিতে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার অঙ্গীকারও করেছে বাংলাদেশ। তাই পণ্যের উৎপত্তিস্থল এবং ব্যবহৃত তন্তুর উৎস যাচাইয়ের ব্যবস্থা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতে যুক্ত করা প্রয়োজন।
তৃতীয়ত, নতুন মজুরি বোর্ড শ্রমিকদের বেতন নির্ধারণ করবে। কিন্তু কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে দীর্ঘসূত্রতা দূর করতে হবে। এ ধরনের পাওনা দ্রুত নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকা জরুরি।
চতুর্থত, নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ পরিচ্ছন্ন জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে পারলে ব্যয়বহুল স্পট মার্কেট থেকে গ্যাস কেনার ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত পাওয়া অতিরিক্ত সময়কে উচ্চমূল্যের তৈরি পোশাক এবং তৈরি পোশাকের বাইরের রপ্তানি খাত সম্প্রসারণে কাজে লাগানো উচিত।
উপসংহার
৩ নভেম্বরের নির্বাচনে বাংলাদেশের ভোট দেওয়ার সুযোগ নেই। কংগ্রেসের নিয়ন্ত্রণে পরিবর্তন এলেও তাতে শুল্ক প্রত্যাহার হবে না, নৌপথের সংকট দূর হবে না কিংবা ডলারের দাম কমে যাবে না। তবে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান প্রেসিডেন্টের নির্বাহী সিদ্ধান্তগুলোর ওপর চাপ তৈরির সুযোগ বাড়াতে পারে। শ্রম অধিকার ও বাণিজ্যনীতি নিয়ে নজরদারির ধরনেও পরিবর্তন আসতে পারে।
তাই বাংলাদেশের প্রস্তুতি এমন হওয়া দরকার, যা নির্বাচনের ফল যা-ই হোক, কার্যকর থাকবে। এর জন্য প্রয়োজন বিশ্বাসযোগ্য অভ্যন্তরীণ সংস্কার, রপ্তানি বাজারের বহুমুখীকরণ এবং যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক দল ও ওয়াশিংটনের নির্বাহী ও আইন প্রণয়নকারী উভয় শাখার সঙ্গে ধারাবাহিক সম্পর্ক বজায় রাখা।
