মনিরা ফেরদৌসী সৃষ্টি
অনিকেত রিসার্চ গ্রুপ
২০২৬ সালের ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হতে আরও তিন বছর সময় দিয়েছে। উত্তরণের নতুন তারিখ ২০২৯ সালের ২৪ নভেম্বর। তবে বাড়তি সময় বন্যা, ঘূর্ণিঝড় বা নদীভাঙন থামিয়ে রাখবে না। উত্তরণের একটি মূল্যও আছে। অন্তর্বর্তী সময় শেষ হলে বাংলাদেশ এলডিসি-সংশ্লিষ্ট বাণিজ্য-সুবিধা হারাবে। এর মধ্যে আছে ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার, যা ২০০১ সাল থেকে দেশের তৈরি পোশাক রপ্তানিকে এগিয়ে রেখেছে। কার্যকর জলবায়ু অভিযোজন এবং দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের জন্য যথাযথ সহায়তা না থাকলে এই উত্তরণ দাঁড়াবে নড়বড়ে ভিতের ওপর।
ঝুঁকি কেন উত্তরণের পথে বাধা
২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে দুর্যোগের কারণে দুই কোটি ১০ লাখের বেশি বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। এটি মানুষের সংখ্যা নয়, স্থানান্তরের সংখ্যা। অর্থনৈতিক ঝুঁকিও কম গুরুতর নয়। তীব্র বন্যায় মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৯ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ২০৫০ সালের মধ্যে কৃষি খাতের জিডিপির এক-তৃতীয়াংশ হারানোর আশঙ্কাও আছে।
এসব সংখ্যার আড়ালে আছে ভেঙে পড়া ঘরবাড়ি, নষ্ট ফসল, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, কমে যাওয়া পারিবারিক আয় এবং পুনরুদ্ধারে সরিয়ে নিতে হওয়া সরকারি অর্থ। বাণিজ্য-সুবিধা ধীরে ধীরে শেষ হয়ে এলে এ ধরনের ধাক্কা সামলানোর সুযোগ বাংলাদেশের হাতে কমে যেতে পারে। তাই সফল উত্তরণ মানে শুধু জাতীয় অর্থনৈতিক লক্ষ্যমাত্রা পূরণ নয়। এতে ঝুঁকিতে থাকা মানুষ ও স্থানীয় অর্থনীতিকেও সুরক্ষা দিতে হবে।
প্রথম ঘাটতি: স্থানীয় অভিযোজন সবার কাছে পৌঁছায় না
জলবায়ু অভিযোজনের নীতি বাংলাদেশে আগে থেকেই আছে। জাতীয় অভিযোজন পরিকল্পনায় (২০২৩ থেকে ২০৫০) ১১৩টি কার্যক্রম চিহ্নিত করা হয়েছে এবং প্রায় ২৩০ বিলিয়ন (২৩ হাজার কোটি) মার্কিন ডলার অর্থের প্রয়োজন ধরা হয়েছে। কিন্তু জাতীয় পরিকল্পনা থাকলেই এর সুফল ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছে যায় না।
ছোট পৌরসভা ও স্থানীয় সংগঠনগুলোর অনেক সময় প্রস্তাব লেখা, হিসাব রাখা এবং আন্তর্জাতিক তহবিলের নিয়ম মানার দক্ষতা থাকে না। স্থানীয় ঝুঁকির কথা স্থানীয় প্রশাসনই সবচেয়ে ভালো জানে, অথচ দাতারা অর্থ দেবেন এমন প্রকল্প তৈরি করা প্রায়ই তাদের পক্ষে সম্ভব হয় না। সিরাজগঞ্জে এই ফাঁক স্পষ্ট দেখা যায়। শহরের আমলাপাড়ার একটি বস্তিতে জলবায়ু তহবিলের অর্থে বসানো সৌরচালিত পানির পাম্প আছে। বাসিন্দা ও পৌর কর্মকর্তাদের ভাষ্য, শহরে বস্তি আছে প্রায় ৩০টি, কিন্তু আর কোনোটিতে এমন সুবিধা নেই। বাসিন্দা রাহেলা খাতুন বলেন, আগের পৌর সরবরাহের মতো নয়, এই পাম্প থেকে যখন দরকার তখনই পানি পাওয়া যায়। নিরাপদ পানি মানুষের অধিকার, অথচ এক বস্তি থেকে আরেক বস্তিতে এই সুবিধার তারতম্য রয়ে গেছে। স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জাতীয় কাঠামোতেও স্থানীয় পর্যায়ে আলাদা বরাদ্দের কথা বলা হয়েছে।
প্রথম সংস্কার: স্থানীয় অভিযোজন পরিকল্পনায় অর্থায়ন
সরকারের উচিত সরাসরি আর্থিক সহায়তা ও কারিগরি সহযোগিতার মাধ্যমে স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জাতীয় কাঠামো বাস্তবায়ন করা। ২০২৯ সালের নভেম্বরের মধ্যে অর্থ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের নিশ্চিত করা দরকার, যাতে ঝুঁকিপূর্ণ ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ অভিযোজনের জন্য নির্দিষ্ট তহবিল পায়।
এই প্রতিষ্ঠানগুলোর জলবায়ু ঝুঁকি যাচাই, জনগোষ্ঠীর অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং ব্যয়ের সঠিক হিসাবসহ প্রকল্প তৈরির সক্ষমতা দরকার। প্রস্তাবিত পরিকল্পনা ওয়ার্ড সভা ও উন্মুক্ত বাজেট সভায় আলোচনা হওয়া উচিত। এতে বাসিন্দারা জরুরি চাহিদার কথা জানাতে, সিদ্ধান্তে অংশ নিতে এবং সরকারি ব্যয় নিয়ে প্রশ্ন তুলতে পারবেন। তহবিলের শর্ত, অনুমোদিত পরিকল্পনা ও অর্থ পরিশোধের তথ্য সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। অগ্রগতি মাপা হবে অভিযোজন পরিকল্পনার জন্য অর্থ পাওয়া ঝুঁকিপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংখ্যা এবং সম্পন্ন হওয়া প্রকল্পের সংখ্যা দিয়ে। এতে জলবায়ু তহবিল জাতীয় বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে আটকে না থেকে মানুষের কাছে পৌঁছাবে।
দ্বিতীয় ঘাটতি: বাস্তুচ্যুতি-সংক্রান্ত পরিকল্পনায় সমন্বয়ের অভাব
অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনার একটি নীতিকাঠামোও বাংলাদেশ তৈরি করেছে। ২০২১ সালে গৃহীত হয় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশল। এরপর আসে কর্মপরিকল্পনা (২০২২ থেকে ২০৪২), যাতে কৌশলের ১১২টি লক্ষ্য কীভাবে অর্জিত হবে তা বলা আছে। যা নেই, তা হলো বাস্তবায়নের ধারাবাহিকতা। শরণার্থী ও অভিবাসী গবেষণা ইউনিটের (রামরু) ২০২৫ সালের এপ্রিলের একটি সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়, বাস্তুচ্যুতি বিষয়ক জাতীয় টাস্কফোর্স তখনো গঠিত হয়নি। প্রতিবেদনে আরও সুপারিশ ছিল, স্থানীয় উন্নয়ন সমন্বয় কমিটিগুলো যেন নিয়মিত বাস্তুচ্যুতি নিয়ে আলোচনা করে।
প্রথম দেশব্যাপী জরিপে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) হিসাব করেছে, দুর্যোগের কারণে ৪৯ লাখ ৫৫ হাজার ৫২৭ জন মানুষ দেশের ভেতরে বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের ৬৩ শতাংশ ২০২০ সালের এপ্রিলের আগে বাস্তুচ্যুত হয়েছেন এবং ৮৫ শতাংশ গ্রামীণ ইউনিয়ন এলাকায় বাস করেন (আইওএম, ২০২৫)। সমন্বয় না থাকলে আবাসন, ভূমি, কর্মসংস্থান ও ত্রাণের সিদ্ধান্তে এই মানুষগুলো উপেক্ষিত থেকে যাওয়ার ঝুঁকিতে আছেন। অথচ কৌশলে তাঁদের পর্যাপ্ত আবাসন ও ভূমি পাওয়ার অধিকার স্বীকার করা হয়েছে।
দ্বিতীয় সংস্কার: কর্মপরিকল্পনাকে কাজে লাগানো
২০২৯ সালের নভেম্বরের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উচিত বাস্তুচ্যুতি বিষয়ক জাতীয় টাস্কফোর্স গঠন করা। জেলা ও উপজেলা কমিটিগুলোও তাদের সমন্বয় সভায় বাস্তুচ্যুতিকে নিয়মিত আলোচ্যসূচিতে রাখবে।
টাস্কফোর্স স্থানীয় প্রতিষ্ঠানের যাচাইকৃত তথ্যের ভিত্তিতে কর্মপরিকল্পনার বিদ্যমান লক্ষ্যগুলোর অগ্রগতি পর্যালোচনা করবে। মন্ত্রণালয় প্রতিবছর একটি অগ্রগতি ও সহায়তা প্রতিবেদন প্রকাশ করবে। তাতে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নাম থাকবে, বাস্তবায়নের মূল্যায়ন থাকবে এবং যাচাইকৃত তথ্য দেওয়া স্থানীয় এলাকাগুলোর কথা তুলে ধরা হবে। বাস্তুচ্যুত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও এ প্রক্রিয়ায় নিশ্চিত করতে হবে। অগ্রগতির মাপকাঠি হবে টাস্কফোর্সের আনুষ্ঠানিক গঠন, বার্ষিক পর্যালোচনা প্রকাশ এবং নিয়মিতভাবে বাস্তুচ্যুতি নিয়ে প্রতিবেদন দেওয়া স্থানীয় কমিটির সংখ্যা বৃদ্ধি। এসব পদক্ষেপ প্রাতিষ্ঠানিক জবাবদিহি স্পষ্ট করবে এবং জাতীয় অঙ্গীকারকে স্থানীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করবে।
তিন বছরের পরীক্ষা
২০২৯ সালের নভেম্বরের মধ্যে বাংলাদেশকে দুটি ক্ষেত্রে অগ্রগতি দেখাতে হবে। প্রথমত, স্বচ্ছ স্থানীয় পরিকল্পনার মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো অভিযোজন তহবিল। দ্বিতীয়ত, বাস্তুচ্যুতি-সংক্রান্ত কর্মপরিকল্পনা পর্যবেক্ষণ ও বাস্তবায়নে সক্ষম একটি কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা।
এলডিসি উত্তরণের সাফল্য শুধু অর্থনৈতিক সূচক বা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে মাপা ঠিক হবে না। দীর্ঘমেয়াদে এর সাফল্য নির্ভর করবে উন্নয়নের সুফল সেই মানুষদের সুরক্ষা দিতে পারছে কি না, যাঁদের জীবন ও জীবিকা পরিবেশগত ঝুঁকির মুখে সবচেয়ে বেশি। নীতি ও কাঠামো বাংলাদেশের আছে। আগামী তিন বছরে সেই অঙ্গীকারগুলোকে রূপ দিতে হবে অর্থায়িত প্রকল্পে, জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে এবং মানুষের জীবনের বাস্তব উন্নতিতে।
তথ্যসূত্র:
- Bhattacharya, D. (2021, April 21). Life after LDC graduation: How is Bangladesh poised for EU GSP+? Centre for Policy Dialogue. https://cpd.org.bd/life-after-ldc-graduation-how-is-bangladesh-poised-for-eu-gsp/
- Government of Bangladesh. (2022). National Adaptation Plan of Bangladesh (2023–2050).
https://unfccc.int/sites/default/files/resource/NAP-Bangladesh-2023.pdf
- Internal Displacement Monitoring Centre (IDMC). (2026). The human cost of disaster displacement in Bangladesh: A life-year approach to understanding impacts. https://api.internal-displacement.org/sites/default/files/publications/documents/2026_IDMC_The%20human%20cost%20of%20disaster%20displacement%20in%20Bangladesh.pdf
- International Organization for Migration (IOM). (2025). Estimate of internally displaced persons (IDPs) in Bangladesh due to disasters: Round 1 (September–October 2025). https://dtm.iom.int/reports/bangladesh-estimate-internally-displaced-persons-idps-bangladesh-due-disasters-round-1
- Ministry of Environment, Forest and Climate Change. (2025). The national framework and action plan for locally led adaptation in Bangladesh. https://objectstorage.ap-dcc-gazipur-1.oraclecloud15.com/n/axvjbnqprylg/b/V2Ministry/o/office-moef/2026/0/d96a558e-0208-43a5-b714-58b81959a3d4.pdf
- Refugee and Migratory Movements Research Unit (RMMRU). (2025, April 30). Policy brief from Bangladesh: The National Strategy on Internal Displacement Management and its Action Plan. https://pamad.disasterdisplacement.org/2025/04/30/policy-brief-from-bangladesh/
- Saha, P. S. (2026, October 29). Climate financing falls far short of needs. Prothom Alo. https://en.prothomalo.com/environment/climate-change/1wo1fcnlja
