অধ্যাপক ডা. তানভীর ফিতিন আবির
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
২০২৬ সালের ৭ নভেম্বর প্রকাশিত প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম, কীভাবে চিকিৎসক-বিজ্ঞানীদের (MD/PhD) উপস্থিতি আন্তর্জাতিক পরিসরে ক্রমেই কমে আসছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান, তিন দেশেই এই পেশাজীবী গোষ্ঠীকে ধরে রাখার ক্ষেত্রে সমস্যার কথা উঠে এসেছে (Jafree et al., 2026)। জাপানে চিকিৎসাসেবার অতিরিক্ত চাপ গবেষণার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে (Yoo et al., 2025) । এর ফলে শুধু গবেষণা সাময়িকীতে প্রকাশিত প্রবন্ধের সংখ্যা কমছে না। রোগীর দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সেই প্রয়োজন মেটাতে এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় গবেষণালব্ধ প্রমাণের যোগসূত্রও দুর্বল হচ্ছে।
বাংলাদেশের জন্য এর তাৎপর্য কী? স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা, অসংক্রামক রোগের বিস্তার, মা ও শিশুর স্বাস্থ্য এবং হাসপাতাল ব্যবস্থাপনা ও সেবার মানে বৈষম্য দেশের স্বাস্থ্যব্যবস্থার বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় চিকিৎসা বাস্তবতাকে গুরুত্ব দিয়ে গবেষণা করা প্রয়োজন। কিন্তু আলোচিত দেশগুলোর মতো বাংলাদেশেও চিকিৎসক-বিজ্ঞানীদের সংখ্যা একইভাবে কমছে কি না, তা বোঝার মতো দীর্ঘমেয়াদি জনবল-সংক্রান্ত তথ্য নেই। নীতিনির্ধারণের ক্ষেত্রে এই তথ্যের ঘাটতি গুরুত্বপূর্ণ, কারণ প্রয়োজনীয় তথ্য না থাকলে সমস্যাটির ব্যাপ্তিও দৃশ্যমান হয় না।
নির্ভরযোগ্য তথ্য ছাড়া গবেষণায় যুক্ত চিকিৎসকের সংখ্যা কত, তাঁরা কখন গবেষণা ছেড়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন কিংবা কেন এই পেশা থেকে সরে দাঁড়াচ্ছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এসব প্রশ্নের উত্তর প্রয়োজন। অন্য দেশের স্বাস্থ্যব্যবস্থার অভিজ্ঞতা থেকে অনুমান করে বাংলাদেশের বাস্তবতা নির্ধারণ করা যাবে না।
তবে বিদ্যমান গবেষণায় বেশ কিছু বড় বাধার চিত্র উঠে এসেছে। বাংলাদেশের ৬২৬ জন চিকিৎসককে নিয়ে করা এক গবেষণায় Ferdoush et al. (2022) দেখিয়েছেন, প্রায় ৮৮ শতাংশ চিকিৎসক বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য গবেষণাকে অপরিহার্য মনে করেন। কিন্তু ৯০ শতাংশের বেশি চিকিৎসক অপর্যাপ্ত অর্থায়ন, গবেষণার প্রশিক্ষণের অভাব এবং পাঠদান ও চিকিৎসাসেবার ওপর অতিরিক্ত গুরুত্বকে গবেষণার পথে বাধা হিসেবে চিহ্নিত করেছেন।
সাম্প্রতিক গবেষণাতেও একই ধরনের প্রতিবন্ধকতার প্রমাণ পাওয়া যায়। ২০২৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও ইনফরমেটিকস বিভাগ ঢাকার চারটি বড় হাসপাতালে কর্মরত ৫০০ জন চিকিৎসকের ওপর একটি জরিপ পরিচালনা করে। সেখানে দেখা যায়, প্রায় ৪৭ শতাংশ চিকিৎসক গবেষণা করতে আগ্রহী। কিন্তু প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই পরিসংখ্যানগত বিশ্লেষণ করতে এবং আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণা প্রকাশ করতে সক্ষম নন। চিকিৎসকেরা সবচেয়ে বেশি যে বাধাগুলোর কথা জানিয়েছেন, সেগুলো হলো পেশাগত দায়িত্বের চাপ (৭৩ শতাংশ), গবেষণা অনুদান না পাওয়া (৬৮ শতাংশ) এবং গবেষণার অর্থায়নে প্রবেশাধিকারের অভাব (৬৪ শতাংশ) (The Daily Star, 2023)। এসব ফলাফল নিয়ে আলোচনায় Haque (2024) গবেষণাপদ্ধতি, তথ্য বিশ্লেষণ ও বৈজ্ঞানিক লেখালেখিতে পর্যাপ্ত দক্ষতার অভাব, অপর্যাপ্ত অর্থায়ন, প্রাতিষ্ঠানিক সহায়তার ঘাটতি এবং গবেষণার অনুকূল সংস্কৃতির অনুপস্থিতির কথা তুলে ধরেছেন।
এই চাপগুলো অপ্রত্যাশিত নয়। অনেক চিকিৎসককে একই সঙ্গে রোগীর চিকিৎসা, পাঠদান, তত্ত্বাবধান, প্রশাসনিক দায়িত্ব এবং ব্যক্তিগত চেম্বার সামলাতে হয়। সময়, প্রশিক্ষণ কিংবা প্রয়োজনীয় সহায়তা না দিয়ে তাঁদের ওপর গবেষণার দায়িত্ব চাপিয়ে দিলে তা পেশাগত দায়িত্বের স্বাভাবিক অংশ না হয়ে বাড়তি বোঝায় পরিণত হয়। চিকিৎসকেরা গবেষণার গুরুত্ব বোঝেন, কিন্তু তাঁদের অনেকেরই নিজ নিজ প্রতিষ্ঠানে গবেষণার বাস্তবসম্মত সুযোগ নেই।
বাংলাদেশে মেডিকেল কলেজ, শিক্ষণ হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (BMRC) মতো প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসক ও গবেষকদের জন্য সুসংগঠিত পেশাগত কাঠামো গড়ে তোলা প্রয়োজন। এসব কাঠামোয় চাকরির দায়িত্বের বিবরণে গবেষণাকে স্বীকৃতি দিতে হবে, কার্যকর পরামর্শদানের ব্যবস্থা রাখতে হবে, পদোন্নতির মানদণ্ড স্পষ্ট করতে হবে এবং প্রতিযোগিতামূলক ও নির্ভরযোগ্য অর্থায়নের সুযোগ নিশ্চিত করতে হবে।
প্রথমত, গবেষণার জন্য নির্দিষ্ট সময় সংরক্ষিত রাখতে হবে। শুধু নিয়োগপত্রে গবেষণার সময় বরাদ্দের কথা উল্লেখ করলেই চলবে না। চিকিৎসক জনবল ও কর্মসূচি প্রণয়নের মধ্যেই সেই সময়ের ব্যবস্থা থাকতে হবে। হাসপাতালগুলোকে এমনভাবে কাজের চাপ বণ্টন করতে হবে, যাতে গবেষণার জন্য নির্ধারিত সময় নিয়মিতভাবে চিকিৎসাসেবার জরুরি চাপে ব্যাহত না হয়।
দ্বিতীয়ত, গবেষণার অর্থায়ন হতে হবে নির্ভরযোগ্য। কর্মজীবনের শুরুর পর্যায়ে থাকা চিকিৎসক-বিজ্ঞানীদের জন্য পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন। প্রাতিষ্ঠানিক বা একাধিক বছর মেয়াদি ধারাবাহিক অর্থায়ন থাকলে তাঁরা দীর্ঘমেয়াদি গবেষণা কর্মসূচি গড়ে তুলতে পারবেন, গবেষক দল তৈরি করতে পারবেন এবং চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারবেন।
তৃতীয়ত, পরামর্শ ও দিকনির্দেশনার ব্যবস্থা জোরদার করতে হবে। অভিজ্ঞ চিকিৎসক, যাঁরা একই সঙ্গে চিকিৎসাসেবা ও গবেষণার সঙ্গে যুক্ত, তাঁদের পাশাপাশি জীবপরিসংখ্যানবিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অন্যান্য বিষয়ের শিক্ষাবিদদের তরুণ চিকিৎসকদের গবেষণায় যুক্ত করা প্রয়োজন। গবেষণার নকশা তৈরি, নৈতিক অনুমোদন গ্রহণ, তথ্য বিশ্লেষণ, বৈজ্ঞানিক লেখালেখি এবং অনুদানের আবেদন তৈরিতে তাঁদের সহায়তা গুরুত্বপূর্ণ। উত্তর বাংলাদেশের একটি মেডিকেল কলেজের সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রের গুণগত বিশ্লেষণেও তরুণ গবেষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও পরামর্শের অভাবকে নিম্নমানের গবেষণাপত্র জমা পড়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে (Rahman et al., 2024)। আন্তবিষয়ক গবেষক দল গড়ে তুলে রোগীর সন্তুষ্টি, চিকিৎসা অনুসরণের প্রবণতা, ডিজিটাল স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা এবং প্রতিরোধযোগ্য জটিলতা নিয়ে গবেষণার সুযোগ রয়েছে।
চতুর্থত, একাডেমিক মূল্যায়নে চিকিৎসাসেবায় গবেষণার বাস্তব অবদানকে গুরুত্ব দিতে হবে। গবেষণাপত্রের সংখ্যা, উদ্ধৃতির পরিমাণ এবং প্রাপ্ত অনুদান মূল্যায়নের কার্যকর সূচক হলেও এগুলো দিয়ে গবেষণার সামগ্রিক মূল্য নির্ধারণ করা যায় না। কোনো পূর্ণাঙ্গ গবেষণা যদি চিকিৎসাসেবার ধারায় উন্নতি আনে কিংবা প্রতিরোধযোগ্য ক্ষতি কমায়, তাহলে জনস্বাস্থ্যে তার উল্লেখযোগ্য অবদান থাকতে পারে। তাই পদোন্নতির ক্ষেত্রে গবেষণাপদ্ধতির মান, চিকিৎসাসেবার সঙ্গে গবেষণার প্রাসঙ্গিকতা, অন্যদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার ভূমিকা এবং রোগীর সেবায় দৃশ্যমান প্রভাবকে মূল্যায়ন করতে হবে।
পঞ্চমত, জনবল পরিস্থিতির নিয়মিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ প্রয়োজন। স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে জানতে হবে, কতজন চিকিৎসক গবেষণায় যুক্ত হচ্ছেন, কত দিন গবেষণায় থাকছেন, কতজন পূর্ণকালীন চিকিৎসাসেবায় ফিরে যাচ্ছেন এবং কতজন একাডেমিক কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁদের সরে যাওয়ার কারণও নথিভুক্ত করতে হবে। নীতিনির্ধারকেরা যথাযথ উদ্যোগ নিতে এবং সংস্কারের কার্যকারিতা যাচাই করতে চাইলে এসব তথ্য অপরিহার্য।
এই অভিজ্ঞতাগুলোর গুরুত্ব শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। সংযুক্ত আরব আমিরাতের মতো যেসব দেশ হাসপাতাল ও স্বাস্থ্যপ্রযুক্তিতে বিনিয়োগ করছে, সেখানেও এসব শিক্ষা কাজে লাগতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল স্বাস্থ্যপ্রযুক্তি কিংবা আধুনিক হাসপাতাল ভবন নিজে থেকেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে না। হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ এবং টেকসই গবেষণার সুযোগ থাকলে নতুন উদ্ভাবন রোগীদের জন্য কতটা কার্যকর ও মূল্যবান, তা যাচাই করা সম্ভব হয়।
এসব উদ্যোগ বাস্তবায়নে ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব পদোন্নতির নীতিমালা ও জনবল বণ্টনের নিয়ম পরিবর্তন করতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ গবেষণার জন্য নির্ধারিত সময় সুরক্ষিত রাখতে পারে এবং যথাযথ নৈতিক সুরক্ষা নিশ্চিত করে চিকিৎসা-সংক্রান্ত তথ্য ব্যবহারের সুযোগ বাড়াতে পারে। সরকারি অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো রোগী ও স্বাস্থ্যব্যবস্থার সুনির্দিষ্ট প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত গবেষণা কর্মসূচিতে সহায়তা দিতে পারে।
তবে চিকিৎসাসেবার বাস্তব চাপ বিবেচনায় না নিলে এসব উদ্যোগই ব্যর্থ হবে। তাই সংস্কার হতে হবে বাস্তবসম্মত, পরিমাপযোগ্য এবং যেসব চিকিৎসক তা বাস্তবায়ন করবেন, তাঁদের সঙ্গে আলোচনা করে প্রণীত। প্রত্যেক চিকিৎসককে পূর্ণকালীন বিজ্ঞানী হতে হবে, এমন নয়। বরং কোনো চিকিৎসক নিজের পেশাগত অভিজ্ঞতা থেকে উঠে আসা কোনো সমস্যা নিয়ে গবেষণা করতে চাইলে তাঁর সামনে যেন সেই সুযোগ খোলা থাকে, তা নিশ্চিত করাই জরুরি।
ক্লিনিক্যাল গবেষণা এমন এক অপরিহার্য ক্ষেত্র, যাকে বাংলাদেশের কয়েকজন অতিমাত্রায় উৎসাহী চিকিৎসকের বাড়তি কাজ হিসেবে দেখা উচিত নয়। স্বাস্থ্যসেবার মান, পেশাগত বিকাশ এবং জাতীয় গবেষণা সক্ষমতা গড়ে তোলার বৃহত্তর কাঠামোর অংশ হিসেবেই একে বিবেচনা করতে হবে। চিকিৎসক-বিজ্ঞানীদের জন্য শুধু গবেষণার অর্থায়ন নিশ্চিত করাই যথেষ্ট নয়; বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে তাঁদের নিজ নিজ বিষয়ে প্রশিক্ষণের ব্যয় বহনের ব্যবস্থাও থাকতে হবে। কারণ, গবেষণার সুযোগ না রাখার পরিণতি বহন করার সামর্থ্য আমাদের স্বাস্থ্যব্যবস্থার নেই।
তথ্যসূত্র:
Ferdoush, J., Johora, F., Jeenia, F. T., Hoque, A., Sadia, H., Islam, M., Jahangir, B., Sultana, N., Sharmeen, S., & Abbasy, A. A. (2022). Challenges and attitude towards research among physicians of Bangladesh: A cross-sectional questionnaire survey. Bangladesh Journal of Medical Education, 13(1), 10–19. https://doi.org/10.3329/bjme.v13i1.57501
Haque, M. A. (2024). Fostering physicians’ research engagement in the healthcare landscape of Bangladesh. Bangabandhu Sheikh Mujib Medical University Journal, 17(1), e71905. https://doi.org/10.3329/bsmmuj.v17i1.71905
Jafree, D. J., Sun, M., Stewart, G. W., Burns, Á., Haniffa, M., Beale, R., Swanton, C., & Motallebzadeh, R. (2026). Keep medical doctors in academia — without them, health-care research will suffer. Nature, 658(8136), 604–606. https://doi.org/10.1038/d41586-026-03225-6
Rahman, M. M., Siddique, M. K. B., & Rahim, M. M. U. (2024). Challenges of medical journal publication: A case of medical college journal in Northern Bangladesh. Bangladesh Journal of Bioethics, 15(1), 1–5. https://doi.org/10.62865/bjbio.v15i1.88
The Daily Star. (2023, July 31). Majority of doctors lack skills for research. https://www.thedailystar.net/news/bangladesh/news/majority-doctors-lack-skills-research-3383331
Yoo, J.-J., Choi, H. B., Kim, Y.-S., & Kim, S. G. (2025). Korea’s 2024 reduction in medical research output amid physician residents’ resignation. Ewha Medical Journal, 48(2), e36. https://doi.org/10.12771/emj.2025.00381
