তানজীনা ফেরদৌস
অনিকেত রিসার্চ গ্রুপ
সমতা একটি রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গীকার; কিন্তু তার প্রকৃত মূল্য নির্ধারিত হয় নাগরিকের দৈনন্দিন জীবনে বাস্তব প্রয়োগের মাধ্যমে। বাংলাদেশে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য প্রতিরোধের সাংবিধানিক নিশ্চয়তা থাকলেও একটি পূর্ণাঙ্গ ও কার্যকর বৈষম্যবিরোধী আইনি কাঠামোর অভাব এখনো প্রকট। ফলে আইনের ভাষায় সমান অধিকার থাকলেও বাস্তবে বহু নাগরিক শিক্ষা, কর্মসংস্থান, সম্পত্তি, বিচারপ্রাপ্তি ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অসমতার মুখোমুখি হচ্ছেন।
সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ২৮ অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষভেদ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ২৯ অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগ এবং ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। ২৮(২) অনুচ্ছেদে রাষ্ট্র ও জনজীবনের সর্বক্ষেত্রে নারীর সমান অধিকার স্বীকৃত। অথচ এসব অধিকার লঙ্ঘিত হলে অভিযোগ, তদন্ত, ক্ষতিপূরণ ও দায় নির্ধারণের জন্য সমন্বিত ব্যবস্থা নেই। ২০২২ সালে আলোচিত বৈষম্যবিরোধী বিলটি আইন হিসেবে কার্যকর হয়নি। তাই সাংবিধানিক প্রতিশ্রুতি ও নাগরিকের বাস্তব অভিজ্ঞতার মধ্যে ব্যবধান রয়ে গেছে। এ ধরনের আইনে স্বাধীন তদারকি, বার্ষিক প্রতিবেদন এবং বৈষম্যের তথ্য সংগ্রহের বাধ্যবাধকতাও থাকা প্রয়োজন।
বৈষম্যবিরোধী আইনের প্রয়োজন:
একটি কার্যকর আইনে বৈষম্যের সংজ্ঞা, সরাসরি ও পরোক্ষ বৈষম্য, হয়রানি, প্রতিশোধমূলক আচরণ এবং যুক্তিসংগত সুবিধা প্রদানে ব্যর্থতার বিষয়গুলো স্পষ্ট করা প্রয়োজন। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, স্বাস্থ্যসেবা, সরকারি সেবা ও পণ্যপ্রাপ্তির ক্ষেত্রে সুরক্ষা থাকতে হবে। অভিযোগ জানানোর সহজ পদ্ধতি, নির্দিষ্ট সময়সীমায় তদন্ত, আইনি সহায়তা, ক্ষতিপূরণ এবং প্রয়োজনে শাস্তির বিধানও জরুরি। শুধু নিষেধাজ্ঞা থাকলেই হবে না; ভুক্তভোগীকে প্রতিকার পাওয়ার বাস্তব সুযোগ দিতে হবে।
ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্য:
সংবিধানের ২(ক) অনুচ্ছেদে ইসলাম রাষ্ট্রধর্ম; একই অনুচ্ছেদে অন্যান্য ধর্মের সমান মর্যাদা ও পালনের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। ৪১ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের ধর্ম পালন এবং ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠান পরিচালনার অধিকার স্বীকার করে। কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, উপাসনালয়ে হামলা, সম্পত্তি দখল ও সামাজিক বৈষম্যের ঘটনায় কার্যকর প্রতিকার নিশ্চিত করা এখনো চ্যালেঞ্জ। ভারতের ১৯৫৫ সালের Protection of Civil Rights Act এবং ১৯৮৯ সালের Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে বিশেষ বিধান, সহায়তা ও বিচারব্যবস্থার উদাহরণ।
দক্ষিণ আফ্রিকার Promotion of Equality and Prevention of Unfair Discrimination Act, 2000 বৈষম্য প্রতিরোধ এবং সমতা প্রতিষ্ঠার বিস্তৃত কাঠামো দিয়েছে। বাংলাদেশে এসব আইন হুবহু গ্রহণের প্রয়োজন নেই তবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সুস্পষ্ট বিধান, দ্রুত তদন্ত, সাক্ষী সুরক্ষা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে।
আঞ্চলিক বৈষম্য ও ভূমির অধিকার:
বৈষম্য কেবল ব্যক্তিগত পরিচয়ের বিষয় না রাষ্ট্রীয় সম্পদ ও উন্নয়নসুযোগের অসম বণ্টনও নাগরিকের সমান সুযোগকে সীমিত করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর Poverty Map 2022 অনুযায়ী, বরিশাল বিভাগে দারিদ্র্যের হার ২৬.৬ শতাংশ, রংপুরে ২৫ শতাংশ এবং ময়মনসিংহে ২২.৬ শতাংশ চট্টগ্রামে হার ১৫.২ শতাংশ। এই ব্যবধান দেখায়, ভৌগোলিক অবস্থানও মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনমানকে প্রভাবিত করে। তাই উন্নয়ন বাজেট বরাদ্দে জনসংখ্যার পাশাপাশি দারিদ্র্য, জলবায়ু ঝুঁকি, অবকাঠামোগত পশ্চাৎপদতা এবং সেবাপ্রাপ্তির ঘাটতি বিবেচনা করা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে ভূমি ও পরিচয়ের প্রশ্ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিতে ভূমি বিরোধ নিষ্পত্তি, আঞ্চলিক প্রশাসন ও স্থানীয় অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু ভূমি কমিশনের কার্যকারিতা, বিরোধ নিষ্পত্তির দীর্ঘসূত্রতা এবং ভূমির নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিরোধ নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ, ভূমি দখল প্রতিরোধ, ন্যায়সংগত শুনানি এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
লিঙ্গসমতা ও ব্যক্তিগত আইন:
নারীর সমতার ক্ষেত্রে আইনি অসামঞ্জস্য স্পষ্ট। সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে রাষ্ট্র ও জনজীবনের সর্বক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করা হলেও বিবাহ, তালাক, ভরণপোষণ ও উত্তরাধিকারের ক্ষেত্রে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইন কার্যকর। ফলে নারীর অধিকার ও প্রতিকার ধর্মীয় পরিচয় এবং প্রচলিত পারিবারিক বিধানের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ব্যক্তিগত আইনের সংস্কার নিয়ে মতভেদ থাকলেও নারীর নিরাপত্তা, সম্মতি, সম্পত্তির অধিকার, ভরণপোষণ ও সন্তানের অভিভাবকত্বে ন্যায্যতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৫ ধারার ব্যতিক্রমে নির্দিষ্ট বয়সের স্ত্রীর সঙ্গে স্বামীর যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে গণ্য না করার বিধান রয়েছে। এই ব্যতিক্রম বৈবাহিক সম্পর্কের মধ্যেও সম্মতির গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করে।
আইনকে ব্যক্তির শারীরিক স্বায়ত্তশাসন ও নিরাপত্তার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ গুরুত্বপূর্ণ সুরক্ষা দিলেও বাস্তবায়ন, অভিযোগ গ্রহণ, আশ্রয়, আইনি সহায়তা ও দ্রুত বিচার আরও কার্যকর করা দরকার। ২০২৫ সালে নারী বিষয়ক সংস্কার কমিশন পারিবারিক অধিকার, সমান অভিভাবকত্ব, বৈবাহিক ধর্ষণ এবং নারীর প্রাতিষ্ঠানিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করে। এসব প্রস্তাব বাস্তবায়নে সামাজিক ও ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনা করে উন্মুক্ত আলোচনা প্রয়োজন। তবে সহিংসতা প্রতিরোধ, ভরণপোষণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও আইনি সহায়তার মতো মৌলিক সংস্কারকে বিতর্কিত বৃহত্তর প্রশ্নের কারণে আটকে রাখা উচিত নয়।
আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাংলাদেশের করণীয়:
যুক্তরাজ্যের Equality Act 2010 বয়স, প্রতিবন্ধিতা, লিঙ্গ, ধর্ম, জাতিগত পরিচয় ও যৌন অভিমুখিতাসহ একাধিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে। কর্মক্ষেত্র, শিক্ষা, আবাসন ও জনসেবায় আইনটির প্রয়োগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার আইন বৈষম্যবিরোধী আদালতের মাধ্যমে প্রতিকারের পথ তৈরি করেছে। এসব অভিজ্ঞতা দেখায়, আইনের কার্যকারিতা নির্ভর করে সুরক্ষার বিস্তৃতি, স্বাধীন প্রতিষ্ঠান, সহজ অভিযোগপদ্ধতি এবং বাস্তব প্রতিকারের ওপর। বাংলাদেশের আইন প্রণয়নে স্থানীয় বাস্তবতা, সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকারের সমন্বয় জরুরি।
সংস্কারের অগ্রাধিকার হওয়া উচিত চারটি। প্রথমত, ধর্ম, জাতিগোষ্ঠী, বর্ণ, লিঙ্গ, প্রতিবন্ধিতা, বয়স, জন্মস্থান ও পেশাসহ বিভিন্ন ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন। দ্বিতীয়ত, জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীনতা, পর্যাপ্ত বাজেট, তদন্তক্ষমতা ও কার্যকর সুপারিশ বাস্তবায়নের সামর্থ্য দেওয়া। তৃতীয়ত, ব্যক্তিগত ও ফৌজদারি আইনকে সাংবিধানিক সমতা এবং মানবিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। চতুর্থত, আঞ্চলিক উন্নয়ন, ভূমি অধিকার ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তিতে পরিমাপযোগ্য লক্ষ্য এবং জবাবদিহি নিশ্চিত করা।
উপসংহার:
রাষ্ট্রের উন্নয়ন কেবল মাথাপিছু আয়, অবকাঠামো কিংবা প্রবৃদ্ধির পরিসংখ্যানে পরিমাপ করা যায় না। প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন ধর্ম, লিঙ্গ, জাতিগত পরিচয়, প্রতিবন্ধিতা বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত হন না। বাংলাদেশের সংবিধান সমতার যে ভিত্তি দিয়েছে, এখন প্রয়োজন তাকে কার্যকর আইনি সুরক্ষায় রূপান্তর করা। বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া উদারতার বিষয় না এটি নাগরিক অধিকার এবং রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
