শেখ সেলিম
অনিকেত রিসার্চ গ্রুপ
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটির এই পূর্বাভাস অনুযায়ী, উপসাগরীয় অঞ্চল থেকে রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় অক্টোবরে বিশ্ববাজারে সরবরাহে উদ্বৃত্ত তৈরি হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম এমন পরিস্থিতি দেখা গেল। উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনের পরিমাণ দৈনিক ১ কোটি ৮৪ লাখ ব্যারেলে পৌঁছেছে, যদিও যুদ্ধের আগের তুলনায় তা এখনো ২৬ শতাংশ কম। হরমুজ প্রণালির কাছে তেলবাহী জাহাজে হামলার ঘটনাও অব্যাহত রয়েছে।
আইইএর পূর্বাভাস বলছে, উচ্চমূল্যের কারণে বিদ্যুৎচালিত প্রযুক্তির ব্যবহার ও জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থার প্রসার ত্বরান্বিত হওয়ায় চলতি বছর বিশ্বে তেলের চাহিদা দৈনিক ২৭ লাখ ব্যারেল কমতে পারে। তবে অক্টোবরে ডিজেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৮০ ডলারে দাঁড়িয়েছে, যা যুদ্ধ শুরুর আগের দামের তুলনায় প্রায় ৭৭ শতাংশ বেশি। সংস্থাটি নিজেই ডিজেলের সরবরাহসংকটকে সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতির অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার তাৎপর্য নিয়েই এই আলোচনার সূচনা।
পূর্বাভাসের আড়ালের বাস্তবতা
সংবাদ শিরোনামটি যতটা স্বস্তিদায়ক, বাস্তব পরিস্থিতি ততটা নয়। সম্ভাব্য উদ্বৃত্ত সরবরাহের বড় একটি অংশ প্রকৃত উৎপাদন বৃদ্ধির কারণে নয়, বরং চাহিদা কমে যাওয়ার ফল। উচ্চমূল্যের কারণে ভোক্তাদের জ্বালানি ব্যবহার কমাতে বাধ্য হতে হচ্ছে। আইইএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে তেলের চাহিদা দৈনিক ২৭ লাখ ব্যারেল কমবে। অর্থাৎ পর্যাপ্ত সরবরাহের কারণে বাজারে ভারসাম্য ফিরছে না; বরং উচ্চমূল্যের চাপে মানুষের ক্রয়ক্ষমতা ও ব্যবহার কমে যাওয়ায় সেই ভারসাম্য তৈরি হচ্ছে।
সরবরাহ পুনরুদ্ধারের ভিত্তিও বেশ নড়বড়ে। কারণ, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি ইরান একেকটি জাহাজকে আলাদাভাবে দিচ্ছে। এই অনুমতি কোনো স্থায়ী বাজারব্যবস্থার অংশ নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত। পরিস্থিতি অনুযায়ী অনুমতি যেকোনো সময় প্রত্যাহার করা সম্ভব, বিশেষ করে যখন তেলবাহী জাহাজে হামলা অব্যাহত রয়েছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সামগ্রিক সরবরাহ ও চাহিদার হিসাব বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের প্রকৃত সমস্যাকে আড়াল করতে পারে। বাংলাদেশ মূলত পরিশোধিত জ্বালানি পণ্য, বিশেষ করে ডিজেল আমদানি করে। উপসাগরীয় অঞ্চলের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়া এবং ইউক্রেনের হামলায় রাশিয়ার শোধনাগার কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে পরিশোধিত জ্বালানির সরবরাহে চাপ রয়েছে। ফলে সামগ্রিক বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় ডিজেলের দাম এখনো অনেক বেশি।
আইইএ নিজেও বাজারের ভারসাম্য ফেরার লক্ষণগুলোকে অনিশ্চিত বলে উল্লেখ করেছে। মাত্র একটি প্রান্তিকের পূর্বাভাসের ওপর ভিত্তি করে জাতীয় জ্বালানি পরিকল্পনা তৈরি করাও ঝুঁকিপূর্ণ। তেলের দাম কমা অবশ্যই স্বস্তির খবর, কিন্তু কম দাম আর নিরবচ্ছিন্ন সরবরাহ এক বিষয় নয়।
বাংলাদেশের তেল বাণিজ্যে সম্ভাব্য প্রভাব
বাংলাদেশ জ্বালানির অধিকাংশ চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম নির্ধারণে দেশের নিয়ন্ত্রণ সীমিত এবং সংকট মোকাবিলার মতো মজুতও পর্যাপ্ত নয়। অপরিশোধিত তেলের দাম কমলে আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এবং সরকারি ভর্তুকির বোঝা কিছুটা কমতে পারে। সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতা বাড়লে দর-কষাকষিতেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে।
তবে শিরোনামে প্রকাশিত স্বস্তির পুরোটা বাংলাদেশ পাবে না। কারণ, ডিজেলের বাড়তি দাম, পরিবহন ভাড়া এবং জাহাজের বিমা ব্যয় এখনো উচ্চপর্যায়ে রয়েছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো, পরিস্থিতির সাময়িক উন্নতিকে সংকটের অবসান বলে ধরে নেওয়া।
সাম্প্রতিক সংকট মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা মিশ্র। মার্চ মাসে দেশে ডিজেলের মজুত নেমে এসেছিল ১০ দিনেরও কম চাহিদা পূরণের পর্যায়ে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতায় বিক্রি দ্বিগুণ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সরকার রেশনিং চালু করে, ডিপোগুলোতে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করে, জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা দেয় এবং হাইব্রিড পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেয়। একই সঙ্গে ভারত ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানির চালান সংগ্রহের চেষ্টা করা হয়। রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছেও নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চাওয়া হয়। পরবর্তী সময়ে এপ্রিল এবং আবার সেপ্টেম্বরে জ্বালানির দাম বাড়ানো হয়। সেপ্টেম্বরের বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ১৭.৪ শতাংশ।
সরকারের পদক্ষেপে জ্বালানি সংগ্রহে উদ্যোগ এবং সরবরাহের উৎস বহুমুখী করার চেষ্টা দেখা গেছে। তবে ব্যবস্থাপনাগত দুর্বলতাও স্পষ্ট হয়েছে। কয়েক দিনের মধ্যেই রেশনিং তুলে নেওয়া হয়। এতে বাজারে সরবরাহ পর্যাপ্ত রয়েছে, এমন একটি ধারণা তৈরি হয় এবং মজুত করার প্রবণতা উৎসাহিত হয়। ঈদের সময়ও দেশের বিভিন্ন স্থানে জ্বালানির জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে সরবরাহ অনিশ্চিত ছিল। বিদ্যুৎ ও গ্যাসের সংকটও অব্যাহত থাকে। জ্বালানি সাশ্রয়ের উদ্যোগগুলো মূলত প্রশাসনিক নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ ছিল। কাঠামোগতভাবে জ্বালানির চাহিদা কমাতে সেগুলোর কার্যকারিতা ছিল সামান্য। দীর্ঘমেয়াদে জ্বালানি মজুত বাড়ানোরও কোনো সুস্পষ্ট অগ্রগতি দেখা যায়নি।
সংকটের মধ্যে সরবরাহব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে না দেওয়া এবং জ্বালানির দামকে উৎপাদন ও আমদানি ব্যয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। তবে সামগ্রিকভাবে সরকারের পদক্ষেপ ছিল তাৎক্ষণিক সংকট মোকাবিলাকেন্দ্রিক। জ্বালানি সাশ্রয় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি কৌশল সেখানে অনুপস্থিত ছিল।
কৌশল কি পুনর্বিবেচনা করা প্রয়োজন?
অবশ্যই। তবে কৌশল পুনর্বিবেচনার অর্থ সতর্কতা শিথিল করা নয়। আইইএর পূর্বাভাস বাংলাদেশকে কিছুটা সময় ও সুযোগ দিতে পারে, কিন্তু কোনো নিশ্চয়তা দেয় না। সরকারের জ্বালানি কৌশল কতটা কার্যকর, তা যাচাইয়ের একটি সহজ উপায় হলো প্রশ্ন করা: মার্চের মতো সরবরাহসংকট কি বর্তমান ব্যবস্থায় এড়ানো সম্ভব হতো? বাস্তবতা বলছে, সে সক্ষমতা এখনো তৈরি হয়নি। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে নির্দিষ্ট দুর্বলতাগুলো দূর করতে হবে।
সবচেয়ে বড় ঘাটতি হলো জ্বালানির মজুত। মার্চে ডিজেলের মজুত ১০ দিনেরও কম চাহিদা পূরণের পর্যায়ে নেমে এসেছিল। পরবর্তী সময়ে প্রায় ১ লাখ ৩৭ হাজার টন ডিজেলের মজুতকে পর্যাপ্ত বলা হলেও তা দিয়ে আনুমানিক ১১ দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল।
আইইএর সদস্যদেশগুলোর জন্য ৯০ দিনের নিট আমদানির সমপরিমাণ জ্বালানি মজুত রাখার প্রত্যাশা রয়েছে। বাংলাদেশ এই মানদণ্ড মানতে বাধ্য নয়। তবে এই তুলনা থেকেই বোঝা যায়, মাত্র কয়েক দিনের জ্বালানি মজুত নিয়ে একটি দেশ কতটা ঝুঁকির মধ্যে থাকে।
জ্বালানি সংরক্ষণাগার নির্মাণে বড় অঙ্কের মূলধন প্রয়োজন। মজুত করা জ্বালানির দাম কমে গেলে আর্থিক ক্ষতির আশঙ্কাও থাকে। কিন্তু কয়েক সপ্তাহের পরিবহন, বিদ্যুৎ ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়ার ক্ষতির তুলনায় এসব ব্যয় অনেক কম। বাস্তবসম্মত পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে মজুতের পরিমাণ বাড়িয়ে আইন দ্বারা নির্ধারিত একটি জাতীয় জ্বালানি সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। এর অর্থায়ন হতে হবে স্বচ্ছ ও পরিকল্পিত, তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে বিচ্ছিন্নভাবে জ্বালানি কেনার মাধ্যমে নয়।
কতটা জ্বালানি মজুত রাখা হচ্ছে, তার পাশাপাশি কীভাবে জ্বালানি কেনা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। মার্চে বিভিন্ন দেশ থেকে জরুরি ভিত্তিতে জ্বালানি সংগ্রহের চেষ্টা এবং রাশিয়ার ডিজেল আমদানিতে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চাওয়ার ঘটনা বাংলাদেশের উদ্যোগী মনোভাবের পরিচয় দেয়। তবে একই সঙ্গে সংকটের সর্বোচ্চ সময়ে বেশি দামে এবং নিষেধাজ্ঞাজনিত ঝুঁকি নিয়ে জ্বালানি কেনার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীলতাও প্রকাশ পায়।
একাধিক সরবরাহকারীর সঙ্গে দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তি থাকলে এমন নির্ভরতা কমানো সম্ভব। তবে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিনতেই হবে, এমন বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তি (টেক অর পে) এবং আন্তর্জাতিক বাজারের সূচকের সঙ্গে যুক্ত মূল্য নির্ধারণেও ঝুঁকি রয়েছে। তাই দীর্ঘমেয়াদি চুক্তি ও তাৎক্ষণিক বাজার থেকে কেনা জ্বালানির মধ্যে ভারসাম্য রাখতে হবে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয় এবং মূল্য নির্ধারণের সূত্র প্রকাশ করা জরুরি। চলতি বছরের দুই দফা মূল্যবৃদ্ধির যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও এমন স্বচ্ছতা সহায়ক হবে।
জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি সবচেয়ে দুর্বল। আইইএ উল্লেখ করেছে, বিশ্বের বিভিন্ন অর্থনীতি বিদ্যুৎচালিত প্রযুক্তি ও জ্বালানি দক্ষতা বাড়ানোর দিকে এগোচ্ছে। বিপরীতে বাংলাদেশে অফিসের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, হাইব্রিড পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম এবং সাময়িক রেশনিংয়ের মতো উদ্যোগ সংকটের চাপ কমলেই কার্যকারিতা হারায়।
দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যবহার কমাতে হলে মানুষের জ্বালানি ব্যবহারের ধরনেই পরিবর্তন আনতে হবে। ডিজেলচালিত সেচপাম্পের পরিবর্তে সৌরবিদ্যুৎচালিত সেচব্যবস্থা চালু করা, জাতীয় বিদ্যুৎ গ্রিড ও জেনারেটরের ওপর চাপ কমাতে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের দক্ষতা বাড়ানো এবং উন্নত গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
এসব বিনিয়োগ ব্যয়বহুল এবং বাস্তবায়নে সময় লাগে। কিন্তু সংকট অপেক্ষা করার মূল্য কতটা বেশি হতে পারে, তা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। তেলের দাম কমার সময়েই সাধারণত জ্বালানি ব্যবহারের ধরন পরিবর্তনের রাজনৈতিক ও প্রশাসনিক আগ্রহ কমে যায়। অথচ দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য এই সময়টিই সবচেয়ে উপযুক্ত।
জ্বালানির সামগ্রিক উৎসবিন্যাস নিয়েও নতুন করে ভাবতে হবে। ভর্তুকিনির্ভর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি সরকারি অর্থের ওপর চাপ সৃষ্টি করে। পাশাপাশি তেল পরিবহনের মতো একই ধরনের আন্তর্জাতিক নৌপথের অস্থিরতার ঝুঁকিতে গ্যাস সরবরাহও থাকে।
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ বাড়ানো তুলনামূলক নিকটবর্তী একটি বিকল্প হতে পারে। তবে এই পাইপলাইন দিয়ে দেশের পুরো চাহিদা পূরণ সম্ভব নয়। একই সঙ্গে একটি প্রতিবেশী দেশের ওপর নির্ভরশীলতা তৈরির ঝুঁকিও রয়েছে। দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান তুলনামূলক ভালো সুরক্ষা দিতে পারে। তবে তা এক দশকব্যাপী পরিকল্পনার বিষয়, তাৎক্ষণিক সংকট মোকাবিলার সমাধান নয়।
সবশেষে, মার্চের অভিজ্ঞতা দেখিয়েছে যে জ্বালানি সরবরাহের পাশাপাশি জনমনে আস্থা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। হঠাৎ রেশনিং তুলে নেওয়ায় সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তাই জ্বালানির মজুত, সরবরাহের সম্ভাব্য সময়সূচি এবং নতুন চালান আসার তথ্য নিয়মিত ও সামঞ্জস্যপূর্ণভাবে প্রকাশ করতে হবে। প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করতে হবে সুনির্দিষ্ট লক্ষ্য ও পূর্বঘোষিত নিয়মের ভিত্তিতে, যাতে তা অনুমানযোগ্য হয় এবং বাজারে অস্থিরতা না ছড়ায়।
উপসংহার
আইইএর পূর্বাভাস নিঃসন্দেহে স্বস্তির খবর। তবে এই পূর্বাভাস এমন এক অসম ও ভঙ্গুর পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে, যার বড় অংশ নির্ভর করছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের রাজনৈতিক অনুমতির ওপর। একই সঙ্গে ডিজেলের সরবরাহসংকটও কাটেনি।
বাংলাদেশের উচিত এই সাময়িক স্বস্তিকে সংকটের অবসান হিসেবে না দেখে প্রস্তুতি নেওয়ার সুযোগ হিসেবে বিবেচনা করা। জাতীয় জ্বালানি মজুত বাড়ানো, আমদানির উৎস ও ক্রয়পদ্ধতি বহুমুখী করা এবং কাঠামোগতভাবে জ্বালানির চাহিদা কমানো এখন জরুরি। বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে বলেই জ্বালানি নিরাপত্তার ঝুঁকি শেষ হয়ে গেছে, এমন ধারণা করার সুযোগ নেই।
তথ্যসূত্র
