মেহরান সাজ্জাদ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
ভূমিকা
২০২৬ সালের ১২ ও ১৩ নভেম্বর মাইক্রোসফটের বৈশ্বিক সেবা বিপর্যয় ক্রমবর্ধমান আন্তসংযুক্ত ডিজিটাল বিশ্বের দুর্বলতাগুলো সামনে নিয়ে এসেছে। আউটলুক, টিমস, শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ ও কোপাইলটের মতো সেবা ব্যাহত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থা সমস্যায় পড়ে। মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা নয়, বরং কারিগরি ত্রুটি দায়ী। তবে ঘটনা আবারও দেখিয়েছে, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
বাংলাদেশের জন্য এই ঘটনা যোগাযোগব্যবস্থার নির্ভরযোগ্যতা, ইন্টারনেট নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। দেশের নিজস্ব ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা, প্রযুক্তিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমানো এবং জরুরি পরিস্থিতিতেও সেবা সচল রাখার মতো প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট।
বাংলাদেশের যোগাযোগব্যবস্থায় সম্ভাব্য প্রভাব
বৈশ্বিক ডিজিটাল সেবায় বিঘ্ন ঘটলে বাংলাদেশের সরকারি মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। দাপ্তরিক চিঠিপত্র, অনলাইন সভা ও নথি আদানপ্রদানের জন্য মাইক্রোসফট আউটলুক ও টিমসের ওপর নির্ভরতা থাকায় এসব সেবা বন্ধ হলে সরকারি সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, জনসেবা ব্যাহত, ব্যবসায়িক লেনদেনে বিঘ্ন এবং অনলাইন শিক্ষা কার্যক্রমে সমস্যা দেখা দিতে পারে।
এ ধরনের ঘটনা একটি প্রযুক্তিসেবা প্রদানকারীর ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি তুলে ধরে। তাই ডিজিটাল যোগাযোগকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে হবে। এর মধ্যে থাকতে পারে স্বতন্ত্র ইমেইল প্ল্যাটফর্ম, জরুরি টেলিফোন যোগাযোগব্যবস্থা এবং নিরাপদ সরকারি যোগাযোগ নেটওয়ার্ক। আন্তর্জাতিক প্রযুক্তিসেবায় বিঘ্ন ঘটলেও এসব ব্যবস্থার মাধ্যমে জরুরি কার্যক্রম সচল রাখা সম্ভব হবে।
ইন্টারনেট নিরাপত্তা ও জাতীয় ডিজিটাল সার্বভৌমত্ব
মাইক্রোসফটের সেবা বিপর্যয় বাংলাদেশের ইন্টারনেট নিরাপত্তা ও প্রযুক্তিগত স্বনির্ভরতার সীমাবদ্ধতাও সামনে এনেছে। ঘটনাটি সাইবার হামলার কারণে ঘটেনি বলে জানানো হলেও আন্তর্জাতিক প্রযুক্তি অবকাঠামোর ত্রুটি যে দেশের অভ্যন্তরীণ সেবাকে বিপর্যস্ত করতে পারে, তা স্পষ্ট হয়েছে। বিদেশি ক্লাউড প্ল্যাটফর্ম ও সফটওয়্যার প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা একদিকে পরিচালনাগত ঝুঁকি তৈরি করছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ ডিজিটাল ব্যবস্থার ওপর নিজস্ব নিয়ন্ত্রণও সীমিত করছে।
ডিজিটাল ব্যবস্থার স্থিতিশীলতা বাড়াতে সরকারের নিয়মিত নিরাপত্তা মূল্যায়ন, স্বাধীন ক্লাউড অবকাঠামো নিরীক্ষা, সাইবার ঘটনার দ্রুত প্রতিবেদন এবং কঠোরতর সাইবার নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করা উচিত। পাশাপাশি নিরাপদ দেশীয় ডেটা সেন্টার, নির্ভরযোগ্য ক্লাউড অবকাঠামো এবং দক্ষ সাইবার নিরাপত্তা পেশাজীবী তৈরিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। এসব উদ্যোগ বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি জাতীয় ডিজিটাল সার্বভৌমত্ব জোরদার করবে।
মাইক্রোসফটের সেবা বিপর্যয় সরকারি দপ্তর, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানে সংরক্ষিত সংবেদনশীল তথ্যের গোপনীয়তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। কোনো ডিজিটাল সেবা বন্ধ হয়ে যাওয়া মানেই তথ্য ফাঁস হওয়া নয়। তবে এমন পরিস্থিতিতে কর্মীরা বিকল্প হিসেবে অনিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারেন, যা অননুমোদিত প্রবেশের ঝুঁকি বাড়ায়। বিলম্বে পৌঁছানো ইমেইলকে কেন্দ্র করেও ফিশিং হামলা কিংবা প্রতারণামূলক বার্তা ছড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশে সুস্পষ্ট তথ্য সুরক্ষা নীতি প্রণয়ন, সংবেদনশীল তথ্যের শ্রেণিবিন্যাস, তথ্য আদানপ্রদানে এনক্রিপশন এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করা প্রয়োজন। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপদ ব্যাকআপ রাখতে হবে। ডিজিটাল সেবা ব্যাহত হওয়ার সময় এবং পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়ায় তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকর পরিকল্পনাও থাকা জরুরি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য প্রয়োজনীয় সংস্কার
ডিজিটাল যোগাযোগব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি সমন্বিত জাতীয় কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নেতৃত্ব দিতে পারে। এ লক্ষ্যে কয়েকটি সংস্কার উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
প্রথমত, জাতীয় ডিজিটাল স্থিতিশীলতা কাঠামো প্রণয়ন। বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় মোকাবিলায় জাতীয় মানদণ্ড নির্ধারণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের জন্য কার্যক্রম অব্যাহত রাখা এবং বিপর্যয়ের পর দ্রুত সেবা পুনরুদ্ধারের লিখিত পরিকল্পনা থাকা বাধ্যতামূলক করা উচিত।
দ্বিতীয়ত, একক প্রযুক্তিসেবা প্রদানকারীর ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো। সরকারি প্রতিষ্ঠানগুলোকে বহুমুখী প্রযুক্তি ব্যবহারের কৌশল গ্রহণ করতে হবে। গুরুত্বপূর্ণ জনসেবার ক্ষেত্রে বিকল্প ক্লাউড সেবাদাতা, স্বতন্ত্র যোগাযোগ প্ল্যাটফর্ম এবং দেশীয়ভাবে পরিচালিত প্রযুক্তি অবকাঠামো বিবেচনায় নিতে হবে। সরকারের গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যক্রম কোনো একক বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবার ওপর সম্পূর্ণ নির্ভরশীল রাখা উচিত নয়।
তৃতীয়ত, দেশীয় ডেটা অবকাঠামো শক্তিশালী করা। নিরাপদ জাতীয় ডেটা সেন্টার ও নির্ভরযোগ্য ক্লাউড সুবিধা গড়ে তুলতে বাংলাদেশকে বিনিয়োগ বাড়াতে হবে। এসব অবকাঠামোতে সাইবার নিরাপত্তা, ভৌত সুরক্ষা, তথ্যের ব্যাকআপ এবং কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসরণ করা প্রয়োজন। সংবেদনশীল সরকারি তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সুস্পষ্ট জাতীয় তথ্য ব্যবস্থাপনা নীতিমালা কার্যকর করতে হবে।
চতুর্থত, বাধ্যতামূলক সাইবার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিরীক্ষা চালু করা। সরকারি সংস্থা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর নিয়মিত স্বাধীন নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। এসব নিরীক্ষায় তথ্য সুরক্ষা, প্রযুক্তিগত দুর্বলতা, ব্যাকআপ ব্যবস্থা, সেবা পুনরুদ্ধারের প্রস্তুতি এবং বিদেশি প্রযুক্তিসেবার ওপর নির্ভরতার মাত্রা যাচাই করা উচিত।
পঞ্চমত, জাতীয় ডিজিটাল জরুরি সাড়া প্রদান ব্যবস্থা গড়ে তোলা। বড় ধরনের ডিজিটাল বিপর্যয়ের সময় দ্রুত তথ্য সরবরাহ, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান শনাক্ত এবং বিকল্প যোগাযোগব্যবস্থা সমন্বয়ের জন্য একটি নির্দিষ্ট জাতীয় ব্যবস্থা থাকতে হবে। টেলিভিশন, বেতার, খুদে বার্তা (এসএমএস) এবং সরকারি অনলাইন মাধ্যমে নাগরিকদের কাছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে হবে।
ষষ্ঠত, ডিজিটাল সচেতনতা ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি বাড়ানো। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ যোগাযোগ, ফিশিং প্রতিরোধ, তথ্যের গোপনীয়তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। বড় ক্লাউড সেবাগুলো বন্ধ থাকলেও প্রতিষ্ঠানগুলো কতটা কার্যক্রম চালিয়ে যেতে পারবে, তা যাচাই করতে নিয়মিত মহড়ার আয়োজন করা প্রয়োজন।
সবশেষে, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে প্রযুক্তিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তিতে সেবার প্রাপ্যতা, বিপর্যয়ের তথ্য জানানোর সময়সীমা, তথ্য সুরক্ষা এবং সেবা পুনরুদ্ধারের বিষয়ে সুস্পষ্ট শর্ত রাখতে হবে। প্রতিটি বড় বিপর্যয়ের পর স্বাধীন মূল্যায়নের মাধ্যমে দুর্বলতা শনাক্ত এবং সংশোধনমূলক সুপারিশ প্রণয়ন করা উচিত।
উপসংহার
২০২৬ সালের নভেম্বরে মাইক্রোসফটের বৈশ্বিক সেবা বিপর্যয় দেখিয়েছে, যথাযথ প্রস্তুতি ও স্থিতিশীলতা নিশ্চিত না করে প্রযুক্তিগত অগ্রগতির ওপর নির্ভর করলে একটি দেশ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশের জন্য এই ঘটনা একটি সতর্কবার্তা। ডিজিটাল রূপান্তরের পাশাপাশি সাইবার নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট প্রযুক্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ানির্ভর অবস্থান থেকে বেরিয়ে একটি সমন্বিত ডিজিটাল স্থিতিশীলতা কৌশল গ্রহণ করতে হবে। প্রযুক্তিসেবা প্রদানকারীর বৈচিত্র্য নিশ্চিত করা, দেশীয় অবকাঠামো শক্তিশালী করা, গোপনীয় তথ্য সুরক্ষিত রাখা এবং কার্যকর জরুরি যোগাযোগব্যবস্থা গড়ে তোলা জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত।
পরিশেষে, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ যেন বিদেশি প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর নিরবচ্ছিন্ন কার্যক্রমের ওপর পুরোপুরি নির্ভরশীল না থাকে। প্রকৃত অর্থে একটি স্থিতিশীল ডিজিটাল রাষ্ট্র গড়তে হলে বৈশ্বিক ডিজিটাল সেবা বন্ধ হয়ে গেলেও দেশের কার্যক্রম সচল রাখার মতো প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বিকল্প প্রযুক্তি এবং কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতে হবে।
