ফারাহ জেহির
অনিকেত রিসার্চ গ্রুপ
বাংলাদেশে দুর্নীতির সমাজতাত্ত্বিক বিশ্লেষণে আমরা এক গভীর তাত্ত্বিক পুনর্বিন্যাস এখন স্পষ্ট দেখতে পাই যে, দুর্নীতির প্রকৃত স্থাপত্য কেবল রাষ্ট্রীয় আমলাতন্ত্র, রাজনৈতিক ক্ষমতা বা প্রশাসনিক কাঠামোর ভেতরে সীমাবদ্ধ নয়; বরং এর সবচেয়ে কার্যকর ও নীরব পুনরুৎপাদন ঘটে গৃহস্থালির অভ্যন্তরে। ঘরোয়া পরিসরই সেই কেন্দ্র, যেখানে অবৈধ আয় গ্রহণ করা হয়, ব্যয় করা হয়, সামাজিক মর্যাদায় রূপান্তরিত হয় এবং শেষ পর্যন্ত নৈতিক বৈধতার নাম দেয়া হয় । এই প্রেক্ষাপটে গৃহিণী নারী এক জটিল দ্বৈত অবস্থানের প্রতিনিধিত্ব করেন, তিনি একদিকে পিতৃতান্ত্রিক নির্ভরতার শিকার, অন্যদিকে অবৈধ সমৃদ্ধির উপকারভোগী, এবং একই সঙ্গে সেই নৈতিক অর্থনীতির সক্রিয় ধারক, যা দুর্নীতিকে সামাজিকভাবে টিকিয়ে রাখে।
গ্রামীণ প্রান্তর: পিতৃতন্ত্র, বেঁচে থাকার কৌশল এবং প্রয়োজনভিত্তিক নৈতিক বাস্তববাদ
বাংলাদেশের গ্রামীণ সমাজে দুর্নীতিজাত আয়ের প্রতি পারিবারিক গ্রহণযোগ্যতা প্রায়শই একটি হিসাবি টিকে থাকার কৌশল হিসেবে কাজ করে। নারীর আর্থিক স্বাধীনতার সীমাবদ্ধতা, চলাচলের সামাজিক নিয়ন্ত্রণ এবং বৈবাহিক ক্ষমতার অসমতা এমন এক বাস্তবতা তৈরি করে, যেখানে স্বামীর ঘুষ, কমিশন বা অবৈধ আয় নিয়ে প্রশ্ন তোলা মানে অনেক ক্ষেত্রেই পারিবারিক সহিংসতা, সামাজিক বর্জন কিংবা অর্থনৈতিক নিরাপত্তাহীনতার ঝুঁকি ডেকে আনা। ফলে সন্তানের লেখাপড়া, ঘরের টিনের চাল কিংবা ন্যূনতম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবৈধ অর্থ গ্রহণ এক ধরনের “নৈতিক বাস্তববাদে” পরিণত হয়। এই বাস্তববাদ ধীরে ধীরে দুর্নীতিকে অপরাধ নয়, বরং প্রয়োজনসিদ্ধ সামাজিক আচরণ হিসেবে প্রতিষ্ঠা করে এবং পরবর্তী প্রজন্মের নৈতিক চেতনায় তা স্বাভাবিকীকৃত হয়ে ওঠে।
নগর মধ্যবিত্তের রূপান্তর: সামাজিক সংকেত, আকাঙ্ক্ষার চাপ এবং নীরব পারিবারিক চুক্তি
ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক দ্রুত প্রসারমান নগর মধ্যবিত্ত সমাজে এই প্রক্রিয়ার চরিত্র আরও সূক্ষ্ম ও মনস্তাত্ত্বিক হয়ে ওঠে। এখানে দুর্নীতির নেপথ্যে কাজ করে তীব্র সামাজিক প্রতিযোগিতা, মর্যাদা প্রদর্শনের সংস্কৃতি এবং ভোগবাদী আকাঙ্ক্ষার অবিরাম চাপ। অভিজাত আবাসন, ইংরেজি মাধ্যম স্কুল, বিদেশ ভ্রমণ, ব্র্যান্ডেড পণ্য কিংবা সামাজিক অনুষ্ঠানে দৃশ্যমান উপস্থিতি, সবকিছুই পরিণত হয় সামাজিক অবস্থান নির্দেশক প্রতীকে। এই সামাজিক উপস্থাপনার প্রধান ব্যবস্থাপক হিসেবে গৃহিণী নারী অনেক সময় অচেতনভাবেই বৈধ আয়ের সীমা অতিক্রম করার পারিবারিক চাপ তৈরি করেন। “আরও ভালো ফ্ল্যাট”, “উন্নত জীবনযাপন” বা “সমমানের সামাজিক অবস্থান” অর্জনের প্রত্যাশা উপার্জনকারী পুরুষের ওপর এমন এক নীরব মানসিক বাধ্যবাধকতা সৃষ্টি করে, যা তাকে অতিরিক্ত ও অস্বচ্ছ আয়ের পথে ঠেলে দেয়।
ফলে পরিবারে একটি অলিখিত চুক্তি গড়ে ওঠে, পুরুষ অবৈধ অর্থের যোগান দেবে, আর নারী সেই অর্থকে সামাজিক মর্যাদা, পারিবারিক স্থিতি ও বাহ্যিক সম্মানে রূপান্তর করবে। এই বিনিময় কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো সম্পদের উৎস সম্পর্কে সচেতন নৈতিক নীরবতা।
সহমতের মনস্তাত্ত্বিক স্থাপত্য: যৌক্তিকীকরণ ও প্রজন্মান্তরে দুর্নীতির পুনরুৎপাদন
এই গৃহভিত্তিক নৈতিক সমঝোতাকে টিকিয়ে রাখে এক জটিল মনস্তাত্ত্বিক কাঠামো, যেখানে ব্যক্তি নিজের দায়বোধকে সামাজিক স্বাভাবিকতার আড়ালে বিলীন করে দেয় এই বলে যে , ‘সবাই তো করছে’, ‘এই দেশে সৎ থেকে বাঁচা যায় না’ কিংবা ‘শুধু আমাদের পরিবারই কি সৎ থাকবে?’ এ ধরনের তুলনামূলক যৌক্তিকীকরণ ব্যক্তিগত অপরাধবোধকে সমষ্টিগত বাস্তবতায় রূপান্তরিত করে। এর ফলে দুর্নীতি আর বিচ্যুতি হিসেবে অনুভূত হয় না; বরং এটি সামাজিক অভিযোজনের গ্রহণযোগ্য কৌশল হয়ে ওঠে।
একইসঙ্গে পারিবারিক মনস্তত্ত্ব এমন এক বিভাজন তৈরি করে, যেখানে একজন নারী স্বামীর দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে তার ব্যক্তিগত ধর্মীয়তা, পারিবারিক দায়িত্ববোধ বা সামাজিক ভদ্রতার সঙ্গে আলাদা করে দেখতে শেখেন। ফলে একজন ব্যক্তি একইসঙ্গে ‘ভালো বাবা’, ‘ধর্মপরায়ণ মানুষ’ এবং ‘দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা’ হিসেবে সামাজিক স্বীকৃতি পেতে থাকে, এবং পরিবার এই দ্বৈত পরিচয়কে নৈতিকভাবে বৈধতা দেয়।
এই নৈতিক আপসের সবচেয়ে দীর্ঘমেয়াদি ও বিপজ্জনক প্রভাব পড়ে শিশুদের ওপর। তারা ছোটবেলা থেকে শিখে যে, সাফল্যের সঙ্গে সততার সম্পর্ক অনিশ্চিত, কিন্তু অর্থ ও সামাজিক মর্যাদার সম্পর্ক সরাসরি। ফলে দুর্নীতি তাদের কাছে নৈতিক বিচ্যুতি নয়, বরং বাস্তব জীবনের কার্যকর কৌশল হিসেবে আত্মস্থ হয়। এই কারণেই কেবল অফিস ডিজিটাইজেশন, সিসিটিভি নজরদারি কিংবা প্রশাসনিক সংস্কার দুর্নীতি নির্মূলে কাঙ্ক্ষিত ফল দেয় না; কারণ দুর্নীতির সাংস্কৃতিক বৈধতা ইতোমধ্যে পরিবারে পুনরুৎপাদিত হয়ে গেছে।
কর্মক্ষেত্র থেকে পরিবার: ভোগবাদ ও সততার ব্যবধান কমাতে নতুন নীতিগত কাঠামো
বাংলাদেশের বিদ্যমান দুর্নীতিবিরোধী নীতিমালার অন্যতম মৌলিক সীমাবদ্ধতা হলো, কর্মক্ষেত্রের নৈতিকতা এবং পারিবারিক ভোগব্যবস্থার বাস্তবতাকে সম্পূর্ণ আলাদা করে দেখা। জাতীয় শুদ্ধাচার কৌশল (NIS) কিংবা অন্যান্য প্রশাসনিক সংস্কার মূলত অফিসকেন্দ্রিক আচরণ নিয়ন্ত্রণে সীমাবদ্ধ; কিন্তু একজন কর্মকর্তা কেন তার বৈধ আয়ের তুলনায় অতিরিক্ত ব্যয়ের জীবনযাপনে বাধ্য বোধ করেন, সেই পারিবারিক ও সামাজিক চাপকে নীতিগতভাবে বিশ্লেষণ করা হয় না।
এই প্রেক্ষাপটে বাংলাদেশকে ‘কর্মক্ষেত্র-থেকে-পরিবার সততা নীতি’ (Workplace-to-Household Integrity Policy) প্রবর্তনের মতো নতুন ধারণাগত পথে অগ্রসর হতে হবে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানেই এমন যৌথ সম্পদ ও জীবনযাপন ঘোষণাপত্র চালু করা যেতে পারে, যেখানে কর্মকর্তা এবং তার জীবনসঙ্গী উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক হবে। এর মাধ্যমে পরিবারভিত্তিক নৈতিক নীরবতার সংস্কৃতি আংশিকভাবে ভাঙা সম্ভব হতে পারে।
একইসঙ্গে গৃহিণী নারীদের জন্য প্রাতিষ্ঠানিক আর্থিক সচেতনতা, আইনি সহায়তা এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি গড়ে তোলা জরুরি, যাতে তারা কেবল ভোগব্যবস্থার অংশীদার না হয়ে নৈতিক জবাবদিহিতার সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠতে পারেন। কারণ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে হলে রাষ্ট্রকে বুঝতে হবে, দুর্নীতির শেষ গন্তব্য অফিস নয়, পরিবার; আর পরিবারকে পরিবর্তনের বাইরে রেখে কোনো শুদ্ধাচার প্রকল্প দীর্ঘমেয়াদে সফল হতে পারে না।
