আমিনুল ইসলাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
সংসদে মৎস্যমন্ত্রীর দেওয়া বক্তব্য যতটা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা প্রয়োজন ছিল, ততটা হয়নি। ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে আনুমানিক ৪ লাখ ১৯ হাজার ৫০০ টনে দাঁড়িয়েছে। অর্থাৎ উৎপাদন কমেছে প্রায় ২৬ শতাংশ। এই পতনের ধারাটি বিশেষভাবে লক্ষণীয়। ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন সামান্য বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে পৌঁছালেও পরবর্তী বছরগুলোতে তা ধারাবাহিকভাবে কমেছে। প্রথমে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন, এরপর ৫ লাখ ২ হাজার ৪৪৪ টন এবং সবশেষে বর্তমান প্রাক্কলিত পরিমাণ।
সর্বশেষ এক বছরে উৎপাদন কমেছে প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। পুরো সময়ের মধ্যে এই পতনই সবচেয়ে বেশি। ফলে বিষয়টিকে ধীরগতির ক্ষয় হিসেবে দেখার সুযোগ নেই; বরং অবনতির গতি আরও তীব্র হচ্ছে। দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১০ শতাংশ আসে ইলিশ থেকে। একক প্রজাতি হিসেবে মাছ উৎপাদনে ইলিশের অবদানই সবচেয়ে বেশি। তাই এই সংকটের প্রভাব কোনো একটি মৎস্যসম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়। পুষ্টি, গ্রামীণ মানুষের জীবিকা এবং দেশের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে।
সংকটের মূল কারণ
মন্ত্রণালয়ের জবাবে বিভিন্ন উদ্যোগের বিবরণ থাকলেও সংকটের কারণ অনুসন্ধানের চেষ্টা নেই। এই অনুপস্থিতিই গুরুত্বপূর্ণ। কারণ, সমস্যার কারণ চিহ্নিত না করলে গৃহীত পদক্ষেপ কতটা কার্যকর, তা যাচাইয়েরও সুযোগ থাকে না। ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে একাধিক স্তরের কারণ কাজ করছে বলে ধারণা করা যায়। এসব কারণ পরস্পরকে আরও শক্তিশালী করছে।
মাছ ধরার অতিরিক্ত চাপ সবচেয়ে দৃশ্যমান কারণ। ইলিশের বাজারমূল্য বেশি হওয়ায় জাটকা ও প্রজননক্ষম মাছ ধরার প্রবণতা তৈরি হয়। নিষিদ্ধ জাল ব্যবহারের প্রণোদনাও থাকে। বিশাল নদীব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা দরিদ্র জেলে জনগোষ্ঠীর ওপর কার্যকর নজরদারি ও আইন প্রয়োগের সক্ষমতা সেই প্রণোদনা ঠেকানোর জন্য যথেষ্ট হয়নি।
এর চেয়েও গভীর এবং দীর্ঘমেয়াদি সমস্যা হলো আবাসস্থলের অবক্ষয়। খাদ্য সংগ্রহ ও প্রজননের প্রয়োজনে ইলিশ সমুদ্র থেকে নদীতে যাতায়াত করে। এই চলাচলের জন্য প্রয়োজন নদীর অবিচ্ছিন্ন গভীর নৌপথ, শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানিপ্রবাহ এবং সহনীয় পানির গুণগত মান। পলি জমে নদীর নাব্য কমে যাওয়া, নদীর গতিপথ পরিবর্তন, বালু উত্তোলন, শিল্পবর্জ্য এবং উজান থেকে পানিপ্রবাহ কমে যাওয়ার ফলে এসব পরিবেশগত শর্ত ক্রমেই দুর্বল হচ্ছে। এতে ইলিশের পরিযায়ী চলাচলের পথও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
জলবায়ু পরিবর্তন এসব চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। পানির লবণাক্ততা বৃদ্ধি, তাপমাত্রা বেড়ে যাওয়া এবং মৌসুমি বৃষ্টিপাতের অনিয়ম ইলিশের চলাচল ও প্রজননের সময় এবং স্থান বদলে দিতে পারে। ফলে প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আগের মতো কার্যকর নাও থাকতে পারে, কারণ নিষেধাজ্ঞার সময়ের সঙ্গে মাছের প্রজননকাল আর মিলছে না।
এসব ব্যাখ্যা ইলিশের পরিচিত পরিবেশগত চাহিদার ভিত্তিতে করা অনুমান, মন্ত্রণালয়ের অনুসন্ধানে পাওয়া কোনো সিদ্ধান্ত নয়। কারণভিত্তিক মূল্যায়ন প্রকাশ না করাও মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় একটি দুর্বলতা। চলতি বছরে জ্বালানির সংকট মাছ ধরার কার্যক্রম কমিয়ে থাকতে পারে। ফলে সর্বশেষ উৎপাদন হ্রাসের একটি অংশ মাছের সংখ্যা কমে যাওয়ার পরিবর্তে নৌযানের সংখ্যা বা মাছ ধরার প্রচেষ্টা কমে যাওয়ার ফলও হতে পারে। এই দুইয়ের পার্থক্য নির্ণয়ে প্রয়োজন স্বাধীন মৎস্যসম্পদ মূল্যায়ন।
সরকারি পদক্ষেপের সীমাবদ্ধতা
মন্ত্রীর বক্তব্যে যেসব উদ্যোগের কথা বলা হয়েছে, সেগুলো মূলত সম্পন্ন করা কার্যক্রমের হিসাব, অর্জিত ফলাফলের বিবরণ নয়। ছয়টি অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে, ২৬ হাজার ১৭৬টি জেলে পরিবারকে গবাদিপশু দেওয়া হয়েছে এবং ১৭ হাজার ৫০০ জন জেলেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু এসব পরিসংখ্যানের কোনোটিই প্রমাণ করে না যে ইলিশের মজুত পুনরুদ্ধার হচ্ছে। দেশের জেলে জনগোষ্ঠীর তুলনায় এই উদ্যোগগুলোর পরিসরও সীমিত বলে প্রতীয়মান হয়।
গবাদিপশু বিতরণ কর্মসূচির পেছনে একটি ধারণা কাজ করে: নদীতীরবর্তী পরিবারগুলো পশুপালনের দক্ষতা, পর্যাপ্ত পশুখাদ্য এবং বাজারে প্রবেশের সুযোগ পেলে গবাদিপশু থেকে নিয়মিত আয় করতে পারবে। কিন্তু অনেক পরিবারের সেই সক্ষমতা বা সুযোগ নেই। প্রজনন মৌসুমে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় যে আয় বন্ধ হয়ে যায়, গবাদিপশু বিতরণ সেই আয় সরাসরি পূরণ করতে পারে না।
অভয়াশ্রমও তখনই মাছের সুরক্ষা নিশ্চিত করতে পারে, যখন প্রজননক্ষেত্রের পরিবেশ অক্ষুণ্ন থাকে এবং বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর হয়। অন্যদিকে, নিষেধাজ্ঞার সময় দেওয়া খাদ্যসহায়তা যদি জেলেদের হারানো আয়ের তুলনায় কম হয়, তাহলে সেই সহায়তা উল্টো নিষেধাজ্ঞা অমান্য করার ঝুঁকি বাড়াতে পারে।
খুচরা বাজারে ইলিশের দাম নির্ধারিত হয় পাইকারি নিলামের মাধ্যমে এবং তা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের বাইরে, মন্ত্রীর এই বক্তব্য তথ্যগতভাবে সঠিক। তবে বক্তব্যটি আরেকটি বাস্তবতা সামনে আনে। ইলিশের সংকটের চাপ শেষ পর্যন্ত ভোক্তার ওপর গিয়ে পড়ছে। যে মাছ একসময় সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ ছিল, তা ক্রমেই বিলাসী পণ্যে পরিণত হচ্ছে।
কৃষির টেকসই ভবিষ্যতের প্রশ্ন
ইলিশের সংকটের প্রভাব শুধু মৎস্য খাতেই সীমাবদ্ধ নয়। নদীর স্বাস্থ্য ও পরিবেশগত ভারসাম্যের একটি সংবেদনশীল সূচক ইলিশ। এর উৎপাদন কমে যাওয়া বন্যাপ্রবণ অঞ্চলের কৃষির ওপরও একই ধরনের চাপের ইঙ্গিত দেয়। লবণাক্ততা বৃদ্ধি, পলি জমা এবং কৃষিতে ব্যবহৃত রাসায়নিক ও শিল্পবর্জ্যের দূষণ মাছ ও কৃষি, উভয় ক্ষেত্রের জন্যই হুমকি।
এই সংকট পরিসংখ্যানের একটি বিভ্রান্তিকর চিত্রও সামনে আনে। পুকুরে মাছ চাষের উৎপাদন বাড়লে মোট মাছ উৎপাদনের হিসাবে প্রাকৃতিক জলাশয়ের মৎস্যসম্পদ কমে যাওয়ার বিষয়টি আড়ালে থেকে যেতে পারে। ফলে খাদ্যনিরাপত্তার একটি ইতিবাচক চিত্র দেখা গেলেও বন্য মাছের মজুত এবং সেই সম্পদের ওপর নির্ভরশীল মানুষের জীবিকা ক্রমাগত ক্ষতিগ্রস্ত হতে পারে।
অনেক জেলে মহাজন ও নৌকার মালিকদের কাছ থেকে আগাম ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করেন। মাছের পরিমাণ কমে গেলে তাঁদের ঋণের বোঝা আরও বাড়ে। সেই চাপ থেকে পরিবারগুলো এমন সব পদ্ধতিতে মাছ ধরতে বাধ্য হতে পারে, যা ইলিশের মজুত আরও কমিয়ে দেয়। এভাবে দারিদ্র্য ও অতিরিক্ত আহরণের মধ্যে একটি চক্র তৈরি হয়। শুধু অভয়াশ্রম প্রতিষ্ঠা বা এককালীন সহায়তা দিয়ে এই চক্র ভাঙা সম্ভব নয়।
সরকারের করণীয়
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কার্যক্রমের সংখ্যা গণনার পরিবর্তে বাস্তব ফলাফল পরিমাপের দিকে যেতে হবে সরকারকে। প্রথমেই স্বাধীনভাবে ইলিশের মজুত মূল্যায়নের উদ্যোগ নিতে হবে এবং সেই মূল্যায়নের প্রতিবেদন প্রকাশ করতে হবে। প্রতি একক প্রচেষ্টায় আহরিত মাছের পরিমাণ, জাটকার অনুপাত এবং প্রজননের সফলতা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। এতে কর্মসূচির সংখ্যা বা পরিসরের পরিবর্তে প্রমাণের ভিত্তিতে নীতি নির্ধারণ করা সম্ভব হবে।
ইলিশের আবাসস্থল পুনরুদ্ধারেও সমান গুরুত্ব দিতে হবে। নদীর নাব্য ও প্রবাহ বজায় রাখা, বালু উত্তোলন নিয়ন্ত্রণ, শিল্পবর্জ্য নিষ্কাশনের নিয়ম কার্যকর করা এবং শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে। উজানের দেশগুলোর সঙ্গে পানি কূটনীতির মাধ্যমে পানিপ্রবাহের বিষয়ে কার্যকর সমঝোতা গড়ে তোলাও জরুরি।
মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় জেলেদের ক্ষতিপূরণ তাঁদের প্রকৃত হারানো আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং নির্ধারিত সময়ে পৌঁছে দিতে হবে। তাহলে নিষেধাজ্ঞা মেনে চলা তাঁদের জন্য অর্থনৈতিকভাবেও যুক্তিসংগত হবে। আইন প্রয়োগের ক্ষেত্রেও পরিবর্তন প্রয়োজন। শুধু দরিদ্র জেলেদের শাস্তি না দিয়ে নিষিদ্ধ জালের উৎপাদন ও বিক্রির পর্যায় থেকেই নিয়ন্ত্রণ শুরু করতে হবে। অভয়াশ্রম পরিচালনায় স্থানীয় জনগোষ্ঠীকে প্রকৃত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিতে হবে, যাতে এসব এলাকার সুরক্ষায় তাঁদের সরাসরি স্বার্থ ও অংশগ্রহণ থাকে।
আগাম ঋণদাতাদের ওপর জেলেদের নির্ভরশীলতা কমাতে ঋণব্যবস্থার সংস্কার প্রয়োজন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের চলাচলের পথ কীভাবে বদলাচ্ছে, তা নিয়ে গবেষণা জোরদার করতে হবে। এসব উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা গেলে সংকট মোকাবিলায় একটি সমন্বিত পথ তৈরি হতে পারে।
উপসংহার
পাঁচ বছরে ইলিশের উৎপাদন ২৬ শতাংশ কমে যাওয়া কোনো সাময়িক পরিসংখ্যানগত ওঠানামা নয়। বরং প্রমাণের চেয়ে কার্যক্রমের হিসাবকে বেশি গুরুত্ব দেওয়া ব্যবস্থাপনার বিরুদ্ধে নদীরই এক নীরব রায়। আবাসস্থলের অবক্ষয়, মাছ ধরার অর্থনৈতিক প্রণোদনা এবং নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি মোকাবিলা না করে সরকার যদি শুধু নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে যায়, তাহলে পরবর্তী সংসদীয় জবাবে হয়তো আরও বড় উৎপাদন হ্রাসের হিসাবই উঠে আসবে।
