এ টি এম আশফিকুর রহমান
লন্ডন চার্চিল কলেজ, যুক্তরাজ্য
বাংলাদেশ বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থিত। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী বিপুল পরিমাণ পুষ্টি উপাদান বহন করে এই সাগরে মেশে, যা উত্তর ভারত মহাসাগরের অন্যতম সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখে। ২০১২ সালে মিয়ানমার এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ প্রায় ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় সার্বভৌম অধিকার লাভ করে। আয়তনের হিসাবে এই জলসীমা দেশের স্থলভাগের প্রায় চার-পঞ্চমাংশ। অথচ এই বিশাল সামুদ্রিক অঞ্চলকে জানা, এর সম্পদ চিহ্নিত করা এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য অপরিহার্য সামুদ্রিক জীববিজ্ঞান গবেষণা এখনো দেশে সবচেয়ে কম বিকশিত গবেষণাক্ষেত্রগুলোর একটি।
বৈজ্ঞানিক গবেষণার সম্ভাবনা
বঙ্গোপসাগরে রয়েছে ম্যানগ্রোভ বন, সামুদ্রিক ঘাসের বিস্তৃত ক্ষেত্র, সেন্ট মার্টিন দ্বীপের আশপাশের প্রবালসমৃদ্ধ অঞ্চল, সমুদ্রতলের গভীর গিরিখাত এবং তিমি, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের চলাচলের পথ। সোয়াচ অব নো গ্রাউন্ড নামের গভীর সমুদ্রখাতকে ২০১৪ সালে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। তবে সেখানকার জীববৈচিত্র্য এখনো পুরোপুরি নথিভুক্ত হয়নি। ২০২৫ সালে নরওয়ে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় পরিচালিত এক জরিপে ৪৭৫ প্রজাতির মাছের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে ৬৫টি প্রজাতির উপস্থিতি বাংলাদেশে প্রথমবারের মতো নথিভুক্ত হয়।
মাছের মজুত ও প্রজাতির বিস্তার, প্ল্যাঙ্কটনের পরিবর্তন, প্রবালের স্বাস্থ্য, ক্ষুদ্র প্লাস্টিক দূষণ এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে ইলিশের চলাচলে কী প্রভাব পড়ছে, এসব বিষয়ে নিয়মিত ও পদ্ধতিগত গবেষণা প্রয়োজন। সামুদ্রিক জীবপ্রযুক্তির ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আছে সামুদ্রিক শৈবাল চাষ, সামুদ্রিক জীব থেকে ওষুধ তৈরির উপাদান সংগ্রহ এবং উপকূলীয় অঞ্চলে পরিবেশবান্ধব জলজ চাষ সম্প্রসারণ। এ ক্ষেত্রে গবেষণার ঘাটতি এত বেশি যে সীমিত পরিসরের পরিকল্পিত গবেষণাও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ নতুন তথ্য ও আবিষ্কারের সুযোগ তৈরি করতে পারে।
গবেষণাপ্রতিষ্ঠান ও তাদের কার্যক্রম
বাংলাদেশে সামুদ্রিক গবেষণার সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারে একটি সামুদ্রিক গবেষণাকেন্দ্র পরিচালনা করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট সমুদ্রবিজ্ঞান নিয়ে কাজ করছে। চট্টগ্রাম, ঢাকা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ও মৎস্যবিজ্ঞান বিভাগেও গবেষণা পরিচালিত হয়। চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি এ খাতের কর্মকর্তা ও নাবিকদের প্রশিক্ষণ দেয়।
তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় দুর্বল। বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় অনেক সময় একই বিষয় নিয়ে কাজ হয়, অথচ এক প্রতিষ্ঠানের সংগৃহীত তথ্য অন্য প্রতিষ্ঠানের কাছে সহজে পৌঁছায় না। সামুদ্রিক জীববৈচিত্র্যের তথ্য সংরক্ষণের জন্য এখনো কোনো সমন্বিত জাতীয় তথ্যভান্ডার নেই। ফলে গবেষকেরা প্রায়ই বিচ্ছিন্নভাবে কাজ করেন। এর কারণে দীর্ঘমেয়াদি তথ্য ও গবেষণার ধারাবাহিকতা তৈরি বাধাগ্রস্ত হয়, অথচ নীতিনির্ধারণে এ ধরনের তথ্য অত্যন্ত প্রয়োজনীয়।
সরকারি মন্ত্রণালয়গুলোর ভূমিকা
সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব মূলত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের। অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রণালয় নদী, বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী ও সাগরের সংযোগস্থলের পানিপ্রবাহ ও পরিবেশগত পরিবর্তন নিয়ে কাজ করে। এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব একে অপরের সঙ্গে সম্পর্কিত। কারণ, উজানে নদীর পানিপ্রবাহের পরিবর্তন উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, পলি এবং পুষ্টি উপাদানের প্রবাহকে প্রভাবিত করে। এ ছাড়া ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানকারী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনাকারী পরিবেশ মন্ত্রণালয়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মৎস্য মন্ত্রণালয় মাছ ধরার লাইসেন্স প্রদান, মৌসুমি মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর, মাছের মজুত নিরূপণে সহায়তা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। অন্যদিকে, নদী ব্যবস্থাপনা, খনন এবং পোল্ডার প্রকল্পের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপকূলীয় বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে। এসব উদ্যোগ ম্যানগ্রোভ বন ও নদী মোহনার মাছের প্রজননক্ষেত্রের ওপরও প্রভাব ফেলতে পারে। দুই মন্ত্রণালয় আলাদাভাবে পরিকল্পনা করলে তাদের অগ্রাধিকারের মধ্যে বিরোধ তৈরি হতে পারে। যেমন, বন্যা নিয়ন্ত্রণের কোনো প্রকল্প এমন প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত করতে পারে, যা পুনরুদ্ধারে মৎস্য অধিদপ্তর কাজ করছে।
নীতিগত উদ্যোগ ও অগ্রগতি
২০২০ সালের সামুদ্রিক মৎস্য আইন পুরোনো অধ্যাদেশগুলোর পরিবর্তে একটি আধুনিক আইনি কাঠামো তৈরি করেছে। এতে মাছ ধরার লাইসেন্স, নৌযান নিবন্ধন, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ ধরার জন্য শাস্তির বিধান অন্তর্ভুক্ত হয়েছে। সরকার ব্লু ইকোনমি সেল গঠন করেছে, কয়েকটি সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে, মাছের প্রজনন মৌসুম রক্ষায় দীর্ঘ সময়ের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চালু করেছে এবং শিল্পভিত্তিক ও ক্ষুদ্র পরিসরের মাছ ধরার নৌযান নিবন্ধন ও নজরদারির উদ্যোগ নিয়েছে।
বৈজ্ঞানিক গবেষণার জন্য এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ। কারণ, তথ্যপ্রমাণ ছাড়া সম্পদ ব্যবস্থাপনা অনেকটা অনুমাননির্ভর হয়ে পড়ে। মাছ ধরার লাইসেন্স ও নিবন্ধন থেকে আহরিত মাছের পরিমাণ সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব। সামুদ্রিক সংরক্ষিত এলাকাগুলো প্রাকৃতিক গবেষণাগার হিসেবে কাজ করতে পারে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ও পরবর্তী সময়ে মাছের মজুতের পরিবর্তন তুলনা করে সংরক্ষণ কার্যক্রমের ফলাফলও যাচাই করা যায়। নীতি ও গবেষণা একে অপরের পরিপূরক হতে পারে, তবে এর জন্য আইনে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও গবেষণার অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।
দীর্ঘদিনের চ্যালেঞ্জ
প্রথম বাধা অর্থায়নের সংকট। সামুদ্রিক গবেষণার জন্য গবেষণাজাহাজ, আধুনিক পরীক্ষাগার এবং দীর্ঘমেয়াদি মাঠপর্যায়ের কার্যক্রম প্রয়োজন। কিন্তু জাতীয় গবেষণা বাজেট এখনো সীমিত। গভীর সমুদ্রে গবেষণা পরিচালনার জন্য দেশে বিশেষায়িত গবেষণাজাহাজও খুব কম। খুলনা শিপইয়ার্ডে ২০২৬ সালের জুনে একটি নতুন সমুদ্রবিজ্ঞান গবেষণাজাহাজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি ২০২৮ সালের আগে ব্যবহারের জন্য প্রস্তুত হওয়ার কথা নয়।
দ্বিতীয় সমস্যা দক্ষ জনবলের অভাব। দেশে অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর সামুদ্রিক জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। ফলে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যান। বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণী ও প্ল্যাঙ্কটন শনাক্তকরণে দক্ষ বিশেষজ্ঞের সংখ্যা খুবই কম।
তৃতীয় চ্যালেঞ্জ গবেষণার তথ্যের নির্ভরযোগ্যতা। মৎস্যসম্পদের পরিসংখ্যানের বড় অংশই অনুমানের ওপর নির্ভরশীল। ক্ষুদ্র নৌযানে মাছ ধরার সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক জেলে ও নৌযানের কার্যক্রমের তথ্য নিয়মিতভাবে নথিভুক্ত হয় না। এর পাশাপাশি অবৈধ ও অপ্রতিবেদিত মাছ ধরা, অতিরিক্ত মাছ ধরার সক্ষমতা এবং পরিবেশের জন্য ক্ষতিকর জাল ও সরঞ্জামের ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ২০২৫ সালের জরিপে মাছের মজুত দ্রুত কমে যাওয়ার চিত্র উঠে এসেছে।
সবশেষে রয়েছে ক্রমবর্ধমান পরিবেশগত চাপ। ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীবাহিত প্লাস্টিক দূষণ, জাহাজভাঙা শিল্প এবং উপকূলীয় অবকাঠামো উন্নয়নের কারণে সামুদ্রিক আবাসস্থলগুলো হুমকির মুখে পড়ছে। অথচ এসব অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি।
করণীয়
সামুদ্রিক জীববৈচিত্র্যসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও বিনিময়ের জন্য একটি জাতীয় অনলাইন তথ্যভান্ডার গড়ে তোলা প্রয়োজন। সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলো সেখানে তাদের সংগৃহীত তথ্য যুক্ত করবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। উপকূলীয় ও নদী মোহনা অঞ্চলের ব্যবস্থাপনায় মৎস্য, পানিসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি স্থায়ী যৌথ কমিটি গঠন করা যেতে পারে। ব্লু ইকোনমি খাতের বাজেটে সামুদ্রিক গবেষণার জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ এবং আধুনিক গবেষণাজাহাজ কেনা ও পরিচালনার জন্য বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষণ ও দক্ষ জনবলের ঘাটতি পূরণে আঞ্চলিক ও আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব বাড়ানো প্রয়োজন। পাশাপাশি মাছ ধরার সঙ্গে যুক্ত উপকূলীয় জনগোষ্ঠীকে গবেষণার অংশীদার হিসেবে যুক্ত করতে হবে। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও স্থানীয় জ্ঞান সামুদ্রিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, অথচ এখনো তা যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। সামুদ্রিক সংরক্ষিত এলাকা শুধু ঘোষণা করলেই দায়িত্ব শেষ হয় না। এসব এলাকায় নিয়মিত নজরদারি, আইন প্রয়োগ এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে।
উপসংহার
সামুদ্রিক বিজ্ঞান গবেষণায় শক্তিশালী একটি নিজস্ব পরিসর গড়ে তোলার জন্য বাংলাদেশের রয়েছে বিশাল সমুদ্রসীমা, প্রয়োজনীয় আইনি ভিত্তি এবং ক্রমবর্ধমান রাজনৈতিক মনোযোগ। কিন্তু এ লক্ষ্য অর্জনে দীর্ঘমেয়াদি বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দক্ষ গবেষকের ঘাটতি পূরণ করতে হবে। মৎস্য, পানিসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ মন্ত্রণালয় যদি সমন্বিতভাবে কাজ করে এবং গবেষণাকে নীতি প্রণয়নের পরবর্তী ধাপ নয়, বরং তার ভিত্তি হিসেবে বিবেচনা করে, তাহলে বঙ্গোপসাগর জাতীয় সমৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনারও দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
