নাঈমা অনামিকা
অনিকেত রিসার্চ গ্রুপ
জেন্টল প্যারেন্টিং বর্তমান সময়ের বেশ আলোচিত বিষয়। শিশু প্রতিপালনের ক্ষেত্রে বিশ্বজুড়ে নতুন এক ধারা হিসেবে ‘জেন্টল প্যারেন্টিং’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে ধীরে ধীরে। প্রচলিত কঠোর শাসন, ভয়ভীতি বা শাস্তিনির্ভর অভিভাবকত্বের পরিবর্তে এই পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয় সহানুভূতি, পারস্পরিক সম্মান এবং যুক্তিপূর্ণ যোগাযোগকে। বিশেষজ্ঞদের মতে, শিশুর সুস্থ মানসিক বিকাশ, আত্মবিশ্বাস গঠন এবং শেখার সক্ষমতা বৃদ্ধিতে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জেন্টল প্যারেন্টিং নিয়ে বিস্তারিত আলোচনায় যাবার আগে প্রথমেই জেন্টল প্যারেন্টিং সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকা জরুরী। মূলত জেন্টল প্যারেন্টিং হলো এমন একটি অভিভাবকত্বের ধারা, যেখানে শিশুকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে তার অনুভূতি, চিন্তাভাবনা এবং প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাকে পরিচালিত করা হয়। এখানে শাসনের পরিবর্তে বোঝাপড়া, আদেশের পরিবর্তে আলোচনা এবং শাস্তির পরিবর্তে ইতিবাচক দিকনির্দেশনার ওপর জোর দেওয়া হয়। এই পদ্ধতিকে অনেক বিশেষজ্ঞ ‘রেসপেক্টফুল প্যারেন্টিং’ বা ‘মাইন্ডফুল প্যারেন্টিং’ হিসেবেও উল্লেখ করেন।
এবার আসি জেন্টল প্যারেন্টিংয়ের জনপ্রিয় হয়ে ওঠার পেছনে মূল প্রেক্ষাপট কি, সেই প্রসঙ্গে। প্রথমত খুব সাধারণভাবে যে বিষয়টি কারণ হিসেবে নজরে আসে তা হল , র্তমান প্রজন্মের বেশিরভাগ অভিভাবক ছোটবেলায় কঠোর শাসনের অভিজ্ঞতা অর্জন করেছেন। যার কারণে নিজের সন্তানের সাথে একই বিষয়ের পুনরাবৃত্তি চাননা। তাই তারা তাদের সন্তানদের সঙ্গে কঠোর শাসনের বদলে মানবিক, সহানুভূতিশীল ও সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। সামাজিক যোগাযোগমাধ্যম, গবেষণাভিত্তিক সচেতনতা এবং শিশু মনোবিজ্ঞান সম্পর্কিত আধুনিক জ্ঞানের প্রসারের ফলে জেন্টল প্যারেন্টিংয়ের প্রতি আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
একটু গভীরে বিশ্লেষণ করলে জেন্টল প্যারেন্টিংয়ের জনপ্রিয়তার আরও একটি গুরুত্বপূর্ণ দিক আমরা খুঁজে পাই। আস্থা স্থাপনের বিশেষ কারণ হিসেবে আমরা দেখতে পাই এমন কিছু শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি যা শিশুর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। যেমন-
নিরাপদ সম্পর্ক গঠন
মনোবিজ্ঞানী জন বউলবি–এর তত্ত্ব অনুযায়ী, শিশুর সঙ্গে অভিভাবকের নিরাপদ ও সংবেদনশীল সম্পর্ক ভবিষ্যতে তার মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস গঠনে সহায়ক হয়। গবেষণায় দেখা গেছে, নিরাপদ সম্পর্কের পরিবেশে বেড়ে ওঠা শিশুরা উদ্বেগ ও বিষণ্ণতার ঝুঁকি তুলনামূলকভাবে কম বহন করে।
মস্তিষ্কের বিকাশ
স্নায়ুবিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে অতিরিক্ত ভয় ও চাপ শিশুর মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। কঠোর আচরণ শিশুর যৌক্তিক চিন্তা ও শেখার সক্ষমতা কমিয়ে দিতে পারে। বিপরীতে কোমল ও সহানুভূতিশীল আচরণ শিশুর শেখার আগ্রহ ও মানসিক স্থিতিশীলতা বাড়ায়।
অথরিটেটিভ প্যারেন্টিংয়ের প্রভাব
মনোবিজ্ঞানী ডিয়ানা বাউম্রিন্ড–এর গবেষণা অনুযায়ী, নিয়ম ও ভালোবাসার ভারসাম্যপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা শিশুরা শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল করে এবং সামাজিক দক্ষতায় এগিয়ে থাকে। প্রসঙ্গতভাবেই আলোচনায় উঠে আসে, কিভাবে করবেন জেন্টল প্যারেন্টিংয়ের চর্চা- সন্তান প্রতিপালনের অভিনব এই পদ্ধতি বাস্তবায়নের জন্য অভিভাবকদের কিছু গুরুত্বপূর্ণ দিক অনুসরণ করতে হবে। যেমন-
যুক্তিপূর্ণ ব্যাখ্যা প্রদান
শিশুকে কোনো কাজ করতে বলার সময় তার পেছনের কারণ ব্যাখ্যা করা প্রয়োজন। এতে শিশুর দায়িত্ববোধ তৈরি হয়।
আবেগকে স্বীকৃতি দেওয়া
শিশুর রাগ, কান্না বা হতাশাকে উপেক্ষা না করে তা বোঝার চেষ্টা করতে হবে। এতে শিশু নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে।
ইতিবাচক উৎসাহ দেওয়া
শিশুর ছোট ছোট সাফল্যের প্রশংসা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। পরবর্তীতে এই প্রশংসাই তাকে আগ্রহী করে সৃষ্টিশীল এবং দারুণ কিছু করার।
শাস্তির পরিবর্তে দিকনির্দেশনা
ভয়ভীতি বা কঠোর শাস্তির বদলে ধৈর্যের সঙ্গে শিশুকে সঠিক আচরণ শেখানো বেশি কার্যকর।
চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা
প্রতিটি কাজে ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই পরিলক্ষিত হয়। জেন্টল প্যারেন্টিং যদিও একটি দারুণ কার্যকর পদ্ধতি, তবে এটি বাস্তবায়ন সহজ নয়। অভিভাবকদের ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং সচেতনতার প্রয়োজন হয়। অনেক সময় দ্রুত ফলাফল না পাওয়ায় কিছু অভিভাবক নিরুৎসাহিত হতে পারেন। এছাড়া ভুলভাবে প্রয়োগ করলে এটি অতিরিক্ত ছাড় দেওয়ার প্রবণতায় পরিণত হতে পারে, যা শিশুর সুশৃঙ্খল বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।
পরিশেষে বলব, জেন্টল প্যারেন্টিং আধুনিক শিশু প্রতিপালনের একটি কার্যকর ও বৈজ্ঞানিক পদ্ধতি। এটি শিশুর মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস এবং সামাজিক দক্ষতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। তবে এর সফল প্রয়োগের জন্য প্রয়োজন নিয়ম ও সহানুভূতির সঠিক ভারসাম্য। দীর্ঘমেয়াদে এটি শিশুকে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও মানসিকভাবে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হতে পারে।
