জাহিদ হাসান
স্বতন্ত্র সাংবাদিক
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ তখনো মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের পতনের পরই এই অন্তর্বর্তী শাসনব্যবস্থার সূচনা হয়েছিল।
বারো মাস পর দেশের মানুষ ভোট দিয়েছে, নতুন সংসদ গঠিত হয়েছে এবং অনির্বাচিত একটি বিশেষজ্ঞনির্ভর প্রশাসনের হাত থেকে বিপুল জনসমর্থন পাওয়া নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে। এত অল্প সময়ে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় এত বড় পরিবর্তন খুব কমই দেখা গেছে। বাংলাদেশের স্থানীয় রাজনীতির আগামী বছরের সম্ভাব্য গতিপথ বুঝতে গত এক বছরের ঘটনাপ্রবাহ পর্যালোচনা করা প্রয়োজন।
পরিবর্তনের পটভূমি তৈরি করা ঘটনাগুলো
রাজনৈতিক পালাবদলের পেছনে তিনটি ঘটনা বিশেষ ভূমিকা রেখেছে। ২০২৫ সালের নভেম্বরে ঢাকার একটি ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর দায়ে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তিনি তখনো ভারতে অবস্থান করছিলেন। এই রায় আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার পথ কার্যত বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে দলটিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতার মাঠ উন্মুক্ত হয় অন্য দলগুলোর জন্য।
ডিসেম্বরে পরিস্থিতি ভিন্ন মাত্রার উত্তেজনা তৈরি করে। ২০২৪ সালের অভ্যুত্থানের পরিচিত তরুণ মুখ শরিফ ওসমান হাদি ঢাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রচারের সময় তাঁকে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়।
একই মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন। বিপুলসংখ্যক মানুষ তাঁকে স্বাগত জানায়। ৩০ ডিসেম্বর তাঁর মা, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুতে দলটির প্রতি জনসমর্থন ও সহানুভূতির ঢেউ তৈরি হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের নেতৃত্ব গ্রহণ করেন তাঁর ছেলে তারেক রহমান।
নির্বাচনে বিএনপির জয়
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়। বিএনপি ৫০ শতাংশের সামান্য কম ভোট পেয়ে ২০৯টি আসনে জয়লাভ করে। মিত্রদের নিয়ে দলটির আসনসংখ্যা দাঁড়ায় প্রায় ২১২, যা সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে। ভোট পড়েছিল প্রায় ৬০ শতাংশ, যা আগের নির্বাচনের তুলনায় অনেক বেশি। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
বিএনপির জয়ের পেছনে কয়েকটি কারণ কাজ করেছে। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় দলটির সাবেক অনেক সমর্থক এবং মধ্যপন্থী ভোটার সবচেয়ে প্রতিষ্ঠিত বিকল্প হিসেবে বিএনপিকে বেছে নেন। ধর্মভিত্তিক কোনো দলের নেতৃত্বে সরকার গঠনের বিষয়ে যাঁদের সংশয় ছিল, তাঁদের কাছেও বিএনপিকে তুলনামূলক নিরাপদ ও মধ্যপন্থী পছন্দ বলে মনে হয়েছে। দলটির নির্বাচনী বার্তা ছিল সহজ এবং সাধারণ পরিবারের দৈনন্দিন উদ্বেগকে কেন্দ্র করে সাজানো। খালেদা জিয়ার মৃত্যুর পর ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগও পেয়েছিলেন তারেক রহমান।
বিরোধী দলের উত্থান ও বদলে যাওয়া রাজনৈতিক মনোভাব
নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল জামায়াতে ইসলামী। প্রায় ৩২ শতাংশ ভোট পেয়ে দলটি ৬৮টি আসনে জয়লাভ করে এবং প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হয়। ছাত্রদের প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতের জোট নির্বাচন-পূর্ব সময়ে বেশ শক্তিশালী বলে মনে হয়েছিল। কিন্তু এনসিপি শেষ পর্যন্ত মাত্র ছয়টি আসন পায়। জামায়াতের এই সাফল্য দেখিয়েছে, আওয়ামী লীগ ও বিএনপির দীর্ঘদিনের দ্বিমুখী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে বিকল্প নেতৃত্বের প্রত্যাশা ছিল ভোটারদের একটি বড় অংশের মধ্যে।
নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি অবশ্য মিশ্র রূপ নিয়েছে। জামায়াত সংসদে নিজেদের অবস্থান সুসংগঠিত করেছে, ছায়া মন্ত্রিসভা গঠন করেছে এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটকে সরকারের সাফল্যের দাবির বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে এনসিপির সঙ্গে তাদের জোটে টানাপোড়েন দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করা হবে, তা নিয়ে দুই দলের মতপার্থক্য রয়েছে।
এনসিপির কয়েকজন নেতার অভিযোগ, বিএনপির প্রতি জামায়াতের অবস্থান অতিরিক্ত নমনীয়। ২৯ অক্টোবর ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জামায়াতের পরাজয়ের পর দুই দলের নেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কথাবার্তাকেও তাঁরা এর উদাহরণ হিসেবে দেখিয়েছেন। ফলে বিরোধী পক্ষের জনসমর্থন থাকলেও তা এখনো সুসংহত রাজনৈতিক শক্তিতে রূপ নেয়নি।
ভোটারদের আকৃষ্ট করা নির্বাচনী ইশতেহার
বিএনপির নির্বাচনী ইশতেহারে সাধারণ মানুষের আয় ও ব্যয়ের চাপ কমানোর প্রতিশ্রুতি বিশেষ গুরুত্ব পেয়েছিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ‘ফ্যামিলি কার্ড’। পরিবারের নারী সদস্যের নামে এই কার্ড দেওয়ার প্রতিশ্রুতি ছিল। এর মাধ্যমে প্রতি মাসে প্রায় ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলা হয়।
‘কৃষক কার্ডের’ মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্য মূল্য, ভর্তুকি, ঋণ এবং বিমার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল। পাশাপাশি এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, তরুণদের কর্মসংস্থান, চাকরির বাজারের উপযোগী শিক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের অঙ্গীকার করা হয়। সুশাসনের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানের আওতায় জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় দলটি।
এনসিপির নেতাসহ সমালোচকেরা এসব কার্ডের প্রতিশ্রুতিকে ভোট কেনার কৌশল বলে আখ্যা দিয়েছেন এবং এর ব্যয়ভার নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে সহজ ভাষায় দেওয়া এসব প্রতিশ্রুতি যে ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল, তা নির্বাচনের ফলেই স্পষ্ট।
আগামী বছরের চ্যালেঞ্জ
সরকারের সামনে এখন সবচেয়ে জরুরি কাজ হলো নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তব ফলাফলে রূপ দেওয়া। ফ্যামিলি কার্ড কর্মসূচি কয়েকটি ধাপে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বলে জানা গেছে। শুরুতে অতি দরিদ্র পরিবারগুলোকে এর আওতায় আনার কথা রয়েছে। তবে দেশের লাখ লাখ পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দিতে গেলে বাজেটের ওপর বড় চাপ তৈরি হবে। কারা কার্ড পাওয়ার যোগ্য হবেন এবং বাছাইপ্রক্রিয়ায় ন্যায্যতা কীভাবে নিশ্চিত হবে, তা নিয়েও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে সরকারকে।
জ্বালানি সংকট এই চাপ আরও বাড়িয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর দেশে সবচেয়ে বড় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা কম হওয়ার চেয়ে সেগুলো চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানির ঘাটতিই সংকটের বড় কারণ। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট জনমনে সরকারের প্রতি আস্থা দ্রুত কমিয়ে দিতে পারে। অন্য অনেক সমস্যার চেয়ে বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা সরকারের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠতে পারে।
রাজনৈতিক ক্ষেত্রেও নতুন সরকারকে কঠিন পরিস্থিতি সামলাতে হবে। গণভোটে অংশ নেওয়া ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে মত দিলেও বিএনপি বিরোধী দলগুলোর দাবি করা সংবিধান সংস্কার পরিষদের পরিবর্তে সংসদে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। জামায়াত ও এনসিপি সতর্ক করেছে, সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে তারা রাজপথে আন্দোলনে নামবে। ফলে এই বিরোধ দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনও রাজনৈতিক পরিস্থিতির আরেকটি পরীক্ষা হবে। প্রায় এক বছর ধরে ধাপে ধাপে পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির তৃণমূল সংগঠন কতটা শক্তিশালী, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা কতটা কার্যকর এবং বিরোধী দলগুলো পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতে পারে কি না, তা স্পষ্ট হবে।
ডিসেম্বরে দেশে ফেরার অঙ্গীকার শেখ হাসিনার রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে রেখেছে। পাশাপাশি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়াও আগামী বছরের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। ফলে সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি অনুমান করা কঠিন।
উপসংহার
গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী শাসনের পর বাংলাদেশ এখন নির্বাচিত সরকার এবং শক্তিশালী, যদিও বিভক্ত, বিরোধী দলের নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। আগামী বছর এই গণতান্ত্রিক অগ্রযাত্রা কতটা সুসংহত হবে, তা নির্ভর করবে সরকারের কল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সংস্কারের পক্ষে পাওয়া জনমতের যথাযথ মর্যাদা দেওয়ার ওপর।
