নিশিতা শুক্লা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়
ভূমিকা
বাংলাদেশ শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। দেশের অধিকাংশ শিশু এখন বিদ্যালয়ে যায়। প্রাথমিক শিক্ষায় ভর্তির হার প্রায় সর্বজনীন পর্যায়ে পৌঁছেছে, মেয়ে ও ছেলেশিশুর ভর্তিতে সমতা এসেছে এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। তবে শিক্ষায় প্রবেশের সুযোগ বাড়লেও শিক্ষার্থীদের প্রকৃত শিখন দক্ষতায় সেই অগ্রগতি প্রতিফলিত হয়নি। বিভিন্ন মূল্যায়নে দেখা গেছে, প্রাথমিক শিক্ষা শেষ করা অনেক শিক্ষার্থী একটি ছোট অনুচ্ছেদের অর্থ বুঝতে পারে না কিংবা শ্রেণি অনুযায়ী উপযোগী সাধারণ গাণিতিক সমস্যার সমাধান করতেও হিমশিম খায়।
শিক্ষাক্রম নির্ধারণ করে শ্রেণিকক্ষে কী পড়ানো হবে, কোন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার্থীরা কী শিখবে। গত দুই দশকে একাধিক শিক্ষাক্রম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগে শিক্ষাব্যবস্থার দুর্বলতাও স্বীকৃতি পেয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে চিহ্নিত অনেক ঘাটতি এখনো কাটেনি।
বাংলাদেশের শিক্ষাক্রমের প্রেক্ষাপট
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা পাঁচ বছর এবং মাধ্যমিক শিক্ষা পাঁচ বছর মেয়াদি। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। এই স্তর শেষে সমাপনী মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। মাধ্যমিক স্তরের শেষে শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক প্রণয়ন করে। শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।
মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নামে তিনটি ধারা রয়েছে। এ পর্যায়ে শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন সময়ে সংস্কার হয়েছে। ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়। ২০১২ সালে শিক্ষাক্রম সংশোধন করা হয়। পরবর্তী সময়ে দক্ষতাভিত্তিক জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ সালে গৃহীত হয় এবং ২০২২ সাল থেকে পর্যায়ক্রমে তা চালু করা হয়। তবে জনসমালোচনার মুখে পরবর্তী সময়ে রূপরেখাটির কিছু অংশ প্রত্যাহার করা হয়। এত পরিবর্তনের পরও শ্রেণিকক্ষের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতিতে মৌলিক পরিবর্তন খুব বেশি ঘটেনি।
প্রাথমিক শিক্ষার ঘাটতি
প্রাথমিক শিক্ষার প্রথম বড় সমস্যা হলো শিক্ষাক্রমের প্রত্যাশা ও শ্রেণিকক্ষের বাস্তবতার মধ্যে ব্যবধান। সরকারি নীতিমালা ও শিক্ষাক্রমে দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রকল্পনির্ভর কাজ এবং ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু অনেক বিদ্যালয়ে এখনো মুখস্থ করা, বোর্ড থেকে খাতায় লেখা এবং পাঠ্যবই পড়ে শোনানোর মধ্যেই পাঠদান সীমাবদ্ধ। বড় শ্রেণিকক্ষ, পর্যাপ্ত শিক্ষা উপকরণের অভাব এবং নানা সীমাবদ্ধতার কারণে শিক্ষকেরা পরিচিত ও প্রচলিত পদ্ধতির বাইরে যেতে পারেন না। পরীক্ষা পদ্ধতিও এই প্রবণতাকে জোরদার করে। বিদ্যালয়ের পরীক্ষা ও সমাপনী মূল্যায়নে মুখস্থনির্ভর উত্তর দেওয়ার সুযোগ থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনোযোগ বোঝার চেয়ে মনে রাখার ওপর বেশি পড়ে।
ভাষাগত ব্যবধানও প্রাথমিক শিক্ষায় বড় বাধা। শিক্ষাক্রমে ধরে নেওয়া হয়, শিশুরা বিদ্যালয়ে প্রবেশের আগেই বাংলা ভাষায় কথা বলতে পারে। কিন্তু যেসব শিশু বাংলা ভাষাভাষী নয়, তাদের জন্য আলাদা ভাষা সহায়তার ব্যবস্থা না থাকলে শুরু থেকেই পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। অন্যদিকে, শিক্ষক প্রশিক্ষণের সময়কাল তুলনামূলকভাবে কম এবং প্রশিক্ষণও অনেক ক্ষেত্রে সাধারণ বিষয়কেন্দ্রিক। একজন শিক্ষককে একাধিক বিষয় পড়ানোর দায়িত্ব নিতে হয়। চাকরিতে যোগ দেওয়ার পর বিষয়ভিত্তিক পরামর্শ ও নিয়মিত দিকনির্দেশনার সুযোগও সীমিত।
সারা দেশের জন্য একই পাঠ্যবই চালু থাকায় স্থানীয় বাস্তবতা, সংস্কৃতি ও শিক্ষার্থীদের পরিবেশ বিবেচনায় নিয়ে পাঠদানের সুযোগ কমে যায়। পাশাপাশি প্রাক্প্রাথমিক শিক্ষায় অসম সুযোগের কারণে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিশুদের প্রস্তুতির মাত্রায় উল্লেখযোগ্য পার্থক্য থাকে। ফলে একই শ্রেণিতে থেকেও সব শিশু সমানভাবে শেখার সুযোগ পায় না।
মাধ্যমিক শিক্ষার ঘাটতি
মাধ্যমিক পর্যায়ে পাবলিক পরীক্ষার ফলাফল শ্রেণিকক্ষের পাঠদানে বড় প্রভাব ফেলে। পরীক্ষার ফল শিক্ষার্থীর পরবর্তী শিক্ষাজীবন, শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনার সঙ্গে যুক্ত। ফলে পাঠদান ক্রমেই পরীক্ষায় আসতে পারে এমন বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীদের উচ্চতর চিন্তন দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হয়েছিল। কিন্তু কোচিং সেন্টার ও শিক্ষার্থীরা সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্নের ধরনকে নির্দিষ্ট কিছু কাঠামোর মধ্যে নিয়ে আসে। ফলে সৃজনশীল চিন্তার চর্চার পরিবর্তে নির্দিষ্ট ছক অনুসরণ করে উত্তর মুখস্থ করার প্রবণতা তৈরি হয়।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে তুলনামূলকভাবে অল্প বয়সে শিক্ষার্থীদের ভাগ করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই নিজেদের আগ্রহ, সামর্থ্য ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে যথেষ্ট ধারণা তৈরি হওয়ার আগেই তাদের বিভাগ বেছে নিতে হয়। অন্যদিকে, সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সামাজিক মর্যাদা এখনো কম। বিজ্ঞান ও গণিত শিক্ষায় অনেক বিদ্যালয়ে পরীক্ষাগার নেই। কোথাও পরীক্ষাগার থাকলেও যথাযথ ব্যবহার হয় না। বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের অভাবও হাতে-কলমে শেখার সুযোগ সীমিত করে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে শিক্ষাক্রমে যেসব দক্ষতার কথা বলা হয়েছে, সেগুলো অর্জনের জন্য ইন্টারনেট সংযোগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা দরকার। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এসব সুবিধা পর্যাপ্ত নয়। জীবনদক্ষতা, স্বাস্থ্যসচেতনতা, জলবায়ু পরিবর্তন ও নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও অনেক ক্ষেত্রে বাস্তব অনুশীলনের পরিবর্তে মুখস্থনির্ভর পাঠে সীমাবদ্ধ থাকে।
ঘাটতি দূর না হওয়ার কারণ
শিক্ষাক্রমের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান না হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে।
প্রথমত, শিক্ষাক্রমে পরিবর্তন এলেও মূল্যায়ন পদ্ধতিতে সেই অনুপাতে পরিবর্তন আসেনি। পাঠ্যবই ও পাঠদানের লক্ষ্য বদলেছে, কিন্তু পরীক্ষায় ভালো ফলের জন্য শিক্ষার্থীদের এখনো অনেক ক্ষেত্রে মুখস্থনির্ভর প্রস্তুতি নিতে হয়।
দ্বিতীয়ত, নীতিগত ধারাবাহিকতার অভাব সংস্কার কার্যক্রমকে দুর্বল করে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগের উদ্যোগের নাম, কাঠামো কিংবা অগ্রাধিকার বদলে যায়। ফলে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ও ধারাবাহিকতা গড়ে ওঠে না।
তৃতীয়ত, শিক্ষক প্রশিক্ষণের বড় অংশ এখনো এককালীন কর্মশালানির্ভর। প্রশিক্ষণের পর শ্রেণিকক্ষে শিক্ষক কীভাবে নতুন পদ্ধতি প্রয়োগ করছেন, কোথায় সমস্যায় পড়ছেন এবং কী ধরনের সহায়তা প্রয়োজন, সেসব নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের ব্যবস্থা দুর্বল।
চতুর্থত, শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ, পরীক্ষাগার, তদারকি ও শিক্ষক সহায়তায় নিয়মিত অর্থায়ন দরকার। কিন্তু শিক্ষার বাজেটে অবকাঠামো নির্মাণ ও শিক্ষার্থী ভর্তির সুযোগ বাড়ানোর দিকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে দায়িত্বের বিভাজনও জবাবদিহি নিশ্চিত করা কঠিন করে তোলে।
শিক্ষায় বৈষম্যও প্রচলিত ব্যবস্থাকে টিকিয়ে রাখছে। সচ্ছল পরিবারের শিক্ষার্থীরা বিদ্যালয়ের দুর্বলতা পুষিয়ে নিতে ব্যক্তিগত শিক্ষক কিংবা কোচিংয়ের সহায়তা পায়। দরিদ্র পরিবারের পক্ষে সেই সুযোগ নেওয়া সম্ভব হয় না। ফলে শিক্ষার্থীদের মধ্যে শেখার ব্যবধান আরও বাড়ে। একই সঙ্গে বিদ্যালয়ের পাঠদানের মান উন্নত করার জন্য সামগ্রিক ব্যবস্থার ওপর যে চাপ তৈরি হওয়া দরকার, তা দুর্বল থেকে যায়।
সবশেষে, সংস্কার কার্যক্রমের নিরপেক্ষ মূল্যায়নের অভাবও একটি বড় সমস্যা। কোনো উদ্যোগ প্রত্যাশিত ফল না দিলে তার কারণ ও ব্যর্থতা যথাযথভাবে নথিবদ্ধ করা হয় না। ফলে আগের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে একই ধরনের উদ্যোগ বারবার নেওয়া হয়।
শিক্ষার ওপর প্রভাব ও করণীয়
শিক্ষার বিভিন্ন স্তরে এসব ঘাটতির প্রভাব ধাপে ধাপে জমা হয়। প্রাথমিক শিক্ষা শেষে যেসব শিক্ষার্থীর পড়ার দক্ষতা ও গণিতের ভিত্তি মজবুত হয় না, তারা মাধ্যমিক পর্যায়ে গিয়ে আরও বড় সমস্যার মুখে পড়ে। তখন নতুন বিষয় শেখার পরিবর্তে আগের দুর্বলতা সামাল দিতেই তাদের অনেকটা সময় চলে যায়। এক পর্যায়ে শিক্ষার প্রতি আগ্রহ কমে এবং এক স্তর থেকে অন্য স্তরে উত্তরণের সময় ঝরে পড়ার ঝুঁকি বাড়ে।
ব্যক্তিগত শিক্ষক ও কোচিংয়ের ওপর নির্ভরতা শিক্ষায় আর্থিক বৈষম্য বাড়ায়। অন্যদিকে, সনদ অর্জন করলেও অনেক শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান ও দক্ষতার প্রতিফলন তাতে দেখা যায় না। ফলে কর্মজীবনে প্রবেশের পর তরুণদের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা, যোগাযোগক্ষমতা ও পারস্পরিক সহযোগিতার মতো গুণের ঘাটতি প্রকাশ পায়।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন কোনো শিক্ষাক্রমের রূপরেখা প্রণয়নই যথেষ্ট নয়। প্রথমেই পরীক্ষার ধরন বদলাতে হবে। শিক্ষার্থীরা কতটুকু মুখস্থ করতে পারে, তার বদলে তারা কতটা বুঝতে পারে, অর্জিত জ্ঞান কীভাবে কাজে লাগাতে পারে এবং বাস্তব সমস্যার সমাধান করতে পারে, মূল্যায়নে তার প্রতিফলন থাকতে হবে।
শিক্ষকদের প্রাথমিক প্রশিক্ষণ আরও কার্যকর করার পাশাপাশি বিষয়ভিত্তিক পরামর্শ, নিয়মিত দিকনির্দেশনা এবং শ্রেণিকক্ষে পাঠদানের সময় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা উপকরণ, সচল পরীক্ষাগার এবং ব্যবহারযোগ্য ডিজিটাল সুবিধা থাকতে হবে। শিক্ষার্থীদের শিখনফল অর্জনের দায়িত্ব কার, তা স্পষ্ট করতে হবে। পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত ও ধারাবাহিক অর্থায়ন, স্বচ্ছ তদারকি এবং নির্ভরযোগ্য মূল্যায়ন ব্যবস্থা।
উপসংহার
বাংলাদেশের শিক্ষাক্রমের ঘাটতিগুলো নতুন কোনো আবিষ্কার নয়। বহুবার এসব সমস্যা চিহ্নিত হয়েছে, প্রতিবেদন তৈরি হয়েছে, শিক্ষাক্রম সংশোধন করা হয়েছে। কিন্তু শ্রেণিকক্ষের বাস্তবতায় তার প্রত্যাশিত প্রতিফলন ঘটেনি। এখন সবচেয়ে জরুরি হলো পরীক্ষার মাধ্যমে কী যাচাই করা হচ্ছে, তা পরিবর্তন করা; প্রশিক্ষণের পর শিক্ষকদের পাশে থাকার কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের প্রকৃত শিখনফলের জন্য দায়িত্ব ও জবাবদিহি নির্দিষ্ট করা। এসব উদ্যোগের জন্য ধারাবাহিক অর্থায়ন নিশ্চিত করতে হবে এবং একটি পূর্ণ শিক্ষার্থী প্রজন্মের অগ্রগতি বিবেচনায় নিয়ে ফলাফল মূল্যায়ন করতে হবে। রাজনৈতিক মেয়াদের পরিবর্তনের সঙ্গে শিক্ষার সংস্কার কার্যক্রম থেমে গেলে চলবে না।
শুধু নীতিমালা কিংবা পাঠ্যবই পরিবর্তন করে শিক্ষার মান বদলানো সম্ভব নয়। প্রকৃত অগ্রগতি নির্ভর করবে নীতিগত সিদ্ধান্ত কতটা শ্রেণিকক্ষে পৌঁছায় এবং প্রতিটি শিশুর শেখার অধিকার বাস্তবে কতটা নিশ্চিত হয়, তার ওপর।
