মিনহাজ-উস-সালেকীন ফাহমী
গেইম এক্স আর ও এসএএএস উদ্যোক্তা
আমার প্রথম যন্ত্রগুলো ছিল খুবই সীমিত ক্ষমতার। হালকা শ্বাস ফেলা পারিবারিক পিসিতে হারকিউলিস, রোড র্যাশ, ডিএক্স বল ২, কিংবা নকিয়ার ছোট্ট স্ক্রিনে স্পেস ইমপ্যাক্ট। কেউ আমাদের বলেনি এগুলোর সীমাবদ্ধতা; আমরা এগুলোকে খেলেছি একেকটি নতুন জগতের দরজা হিসেবে।
আমরা এমন এক জাতি, যারা সবসময়ই নিজেদের হার্ডওয়্যারের চেয়েও বড় স্বপ্ন দেখেছি। বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত উচ্চাকাঙ্ক্ষাও একই রকম। কাগজে কলমে স্বপ্নটি বিশাল। জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল, যা ছয়টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জন্য জাতীয় এআই নীতি চূড়ান্ত পর্যালোচনায় রয়েছে। আগামী পাঁচ বছরে এক হাজার এআই স্টার্টআপ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক আঞ্চলিক শাখাসহ একটি জাতীয় এআই গবেষণা কেন্দ্র স্থাপনের কথাও ভাবা হচ্ছে।
অক্সফোর্ড ইনসাইটস এআই রেডিনেস ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ৮২তম। তবে আমাদের আছে ছয় লক্ষ পঞ্চাশ হাজারের বেশি আইটি পেশাজীবী, তরুণ ডিজিটাল কর্মশক্তি এবং এক দশক আগেও প্রায় অনুপস্থিত একটি স্টার্টআপ ইকোসিস্টেম। কাঁচামাল আমাদের হাতে আছে। কিন্তু কঠিন প্রশ্নগুলো ভিন্ন। গত এক দশকে কতটি বাংলাদেশি গবেষণা শীর্ষস্থানীয় এআই সম্মেলনে জায়গা পেয়েছে? খুব অল্প। কতটি গবেষণাগার থেকে তৈরি প্রযুক্তি বাস্তব পণ্যে রূপ নিয়েছে? প্রায় নেই বললেই চলে।
বুয়েটের অগ্রণী এআই ল্যাব থেকে কিছু শিক্ষার্থী স্বাস্থ্যসেবা ও বাংলা ভাষা প্রযুক্তিতে কাজ করছেন। কিন্তু এরপর কী? তারা কোথায় মডেল প্রশিক্ষণ দিচ্ছেন? সীমিত ফ্রি ক্লাউড সার্ভিসে, বা ধার করা জিপিইউ সময়ের অপেক্ষায়। কারণ দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কাছে এখনো সেই পর্যায়ের কম্পিউটিং সক্ষমতা নেই, যা প্রকৃত গবেষণার জন্য প্রয়োজন।এ যেন আবার সেই নকিয়ার যুগের মতোই। তবে এবার সীমাবদ্ধতাটি রোমান্টিক নয়, এটি কাঠামোগত। আর এর পরিণতি শুধু উচ্চ স্কোর নয়, বরং বাস্তব জীবনের অস্তিত্বের সঙ্গে যুক্ত।
আমাদের দেশের প্রায় অর্ধেক মানুষ কৃষির ওপর নির্ভরশীল। মেশিন লার্নিং ব্যবহার করে ফসলের বপনের সময় নির্ধারণ, রোগ শনাক্তকরণ এবং স্যাটেলাইট ডেটার মাধ্যমে কৃষি উন্নয়ন সম্ভব। আমাদের চিকিৎসক ও রোগীর অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম দুর্বল। গ্রামীণ ক্লিনিকে কৃত্রিম বুদ্ধিমত্তা এক্সরে বিশ্লেষণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত করতে পারে। আমরা এমন একটি বদ্বীপ দেশ, যা ভয়াবহ বন্যার ঝুঁকিতে আছে। ভবিষ্যদ্বাণীমূলক মডেল আমাদের এখনো যথেষ্ট শক্তিশালী নয়। আবার প্রাথমিক পর্যায়ের প্রায় ৪০ শতাংশ শিশু শেখার সমস্যায় ভোগে, যেখানে বাংলা ভাষাভিত্তিক অভিযোজিত শিক্ষা ব্যবস্থা তাদের জীবন বদলে দিতে পারে।
বাংলা ভাষার বিষয়টি হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ শূন্যতা। আমি নিজে মাতৃভাষায় গল্প লিখি এবং দেখেছি বিশ্বের শক্তিশালী ভাষা মডেলগুলো বাংলা ভাষায় কতটা দুর্বল। উচ্চমানের ও উন্মুক্ত বাংলা করপাস না থাকলে আইন বিশ্লেষণ, সরকারি সেবা সহায়তা চ্যাটবট বা গ্রামীণ পর্যায়ের তথ্য সহায়তা ব্যবস্থা সবই সীমাবদ্ধ রয়ে যায়। সমস্যা কোথায়? বিনিয়োগ দ্রুত মুনাফা দেয় এমন খাতে যায়, যেমন ই কমার্স ও ফিনটেক। গভীর প্রযুক্তি নির্ভর এআই গবেষণা তুলনামূলকভাবে উপেক্ষিত থাকে। এআই স্টার্টআপের জন্য পর্যাপ্ত ডেমো ডে, অ্যাক্সেলারেটর বা পরামর্শদাতা নেটওয়ার্ক নেই। এখনো এআই সম্পর্কিত আইনি কাঠামো, ডেটা গোপনীয়তা বা অ্যালগরিদমিক জবাবদিহির পরিষ্কার নীতি তৈরি হয়নি। আর সবচেয়ে বড় ঝুঁকি হলো, শুধু চ্যাটবট তৈরি করাকেই অগ্রগতি বলে ধরে নেওয়ার প্রবণতা। এটাই ভুল মানদণ্ড।
বাংলাদেশে এআই গবেষণার ভবিষ্যৎ তখনই অর্থবহ হবে, যখন রংপুরের একজন কৃষক তার জমির জন্য বন্যার আগাম সতর্কতা পাবে স্থানীয় ডেটা দিয়ে তৈরি মডেল থেকে, অথবা বান্দরবানের একজন মা নিজের ভাষায় সঠিক চিকিৎসা পরামর্শ পাবেন। ২০১৫ সালে আমি যখন এখানে একটি গেম স্টুডিও সহ প্রতিষ্ঠা করি, তখন কোনো প্রস্তুত শিল্প ছিল না। তবুও আমরা শুরু করেছিলাম। আমি দেখেছি, এই দেশ কীভাবে কাজ করে যখন সে অনুমতির অপেক্ষা করে না।
এআই গবেষণার ক্ষেত্রেও সেই একই দৃঢ়তা প্রয়োজন, তবে আরও গুরুত্বপূর্ণ একটি জিনিসও দরকার, গবেষণার জন্য দীর্ঘমেয়াদি ধৈর্য। এমন ধৈর্য, যা দশ বছর পর প্রথম পেটেন্ট দিতে পারে, আবার এক শতাব্দী পরে তার প্রকৃত মূল্য ফিরিয়ে দিতে পারে। আমরা একসময় হার্ডওয়্যারের চেয়েও বড় স্বপ্ন দেখেছিলাম, ছোট স্ক্রিনে, সীমিত সুযোগে। হার্ডওয়্যার একদিন ঠিকই উন্নত হবে। সবসময়ই হয়। প্রশ্ন হলো, স্বপ্নটা কি সেই অপেক্ষার মধ্যেও টিকে থাকবে কিনা।
